Ajker Patrika

১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো

ক্রীড়া ডেস্ক    
১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো
ব্রাজিলিয়ান কিংবদন্তির পায়ের জাদু দেখার অপেক্ষায় ভক্তরা। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১১ বছর পর আবারও পেশাদার ফুটবলে ফিরতে যাচ্ছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো। আগামী ১৫ নভেম্বর ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার হয়ে অভিষেক হবে ৪৬ বছর বয়সী এই তারকার।

গত জুনে চমক জাগিয়ে রাভেন্নায় যোগ দেন রোনালদিনহো। তবে এখনো ক্লাবটির হয়ে মাঠে নামা হয়নি তাঁর। শুক্রবার এক বিবৃতিতে রাভেন্না জানিয়েছে, ফরলির বিপক্ষে ডার্বি ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন এই ব্যালন ডি’অরজয়ী ফুটবলার।

রোনালদিনহো সর্বশেষ পেশাদার ফুটবল খেলেছেন ২০১৫ সালে, ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে। এরপর দীর্ঘ বিরতি। এবার ইতালির ক্লাবটির হয়ে তাঁর প্রত্যাবর্তন ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

এক বিবৃতিতে রাভেন্না বলেছে, ‘এটি এমন একটি আয়োজন, যা গোটা বিশ্বের দৃষ্টি স্টাদিও ব্রুনো বেনেল্লির দিকে ফিরিয়ে দেবে।’

ক্লাবটি আরও বলেছে, ‘পুরো ফুটবল বিশ্ব ভেবেছিল, এটি সত্যি হওয়ার মতো কোনো ঘটনা নয়। কিন্তু এখন আমরা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারছি এক জমকালো প্রত্যাবর্তনের খবর। ফিরছে সেই জাদু, সেই হাসি এবং এমন এক প্রতিভা, যিনি প্রজন্মের পর প্রজন্মের সমর্থকদের মুগ্ধ করেছেন। তাঁরা যে দলেরই সমর্থক হোন না কেন, রোনালদিনহোর প্রতি তাঁদের ভালোবাসা অটুট।’

রাভেন্নার মালিকানা ও পরিচালনার দায়িত্বে রয়েছেন বিখ্যাত রেস্তোরাঁ ব্র্যান্ড সিপ্রিয়ানির কর্ণধার ইগ্নাজিও সিপ্রিয়ানি। ব্রাজিলিয়ান তারকাকে দিয়ে ক্যারিয়ারের শেষ গোলটি করানোর স্বপ্নের কথাও জানিয়েছেন তিনি।

গত আগস্টে সমুদ্রসৈকতে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে সমর্থকদের সামনে রোনালদিনহোকে পরিচয় করিয়ে দেয় রাভেন্না। ক্লাবটির ভাষ্য, মায়ামিতে তাঁর যোগ দেওয়ার ঘোষণা থেকে শুরু করে মারিনা দি রাভেন্নার সৈকতে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা পর্যন্ত তাঁকে ঘিরে আগ্রহ বেড়েছে।

বিবৃতিতে রাভেন্না জানায়, ‘প্রেসিডেন্ট সিপ্রিয়ানির যে স্বপ্ন সমর্থকদের কল্পনাকে উসকে দিয়েছিল এবং ইতালির সীমানা ছাড়িয়ে আলোচনার জন্ম দিয়েছিল, এবার তা বাস্তবে রূপ নেওয়ার নির্দিষ্ট তারিখ পেয়েছে। রোনালদিনহো বেনেল্লিতে খেলবেন। এর মধ্য দিয়ে এমন এক গল্পের নতুন অধ্যায় শুরু হবে, যা প্রতিনিয়ত সবাইকে চমকে দিচ্ছে।’

ইতালিতে এটি রোনালদিনহোর দ্বিতীয় অধ্যায়। এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত এসি মিলানের হয়ে খেলেছেন তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারে প্যারিস সেন্ট জার্মেই ও বার্সেলোনার হয়েও খেলেছেন এই ব্রাজিলিয়ান। ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০০৫ সালে জিতেছেন ব্যালন ডি’অর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত