শেষ হয়নি বিতর্ক, মরক্কোর আপিল

আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) শিরোপা নিয়ে সেনেগাল ও মরক্কোর বিরোধ নতুন মোড় নিয়েছে। ক্রীড়া আদালতের (সিএএস) রায়ে সেনেগালকে চ্যাম্পিয়ন হিসেবে পুনর্বহাল করার পরও সিদ্ধান্ত মেনে নেয়নি মরক্কো। রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
২০২৫ সালের আফ্রিকান কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল স্বাগতিক মরক্কো ও সেনেগাল। ম্যাচের ৯৮তম মিনিটে মরক্কো পেনাল্টি পেলে ক্ষুব্ধ হয়ে মাঠ ছেড়ে চলে যান সেনেগালের খেলোয়াড় ও কর্মকর্তারা। প্রায় ১৪ মিনিট বন্ধ থাকে খেলা। পরে মাঠে ফিরে খেলা শুরু হলে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রাহিম দিয়াজ। অতিরিক্ত সময়ে ১-০ গোলে শিরোপা জেতে সেনেগাল।
এর দুই মাস পর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সেনেগালের শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া আদালতে আপিল করে সেনেগাল ফুটবল ফেডারেশন। মঙ্গলবার রায়ে সিএএফের আপিল কমিটির সিদ্ধান্ত বাতিল করে শৃঙ্খলা কমিটির আগের সিদ্ধান্তও নাকচ করে দেন আদালত। ক্রীড়া আদালতের যুক্তি, রেফারি খেলা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়ার সময় দুই দলের খেলোয়াড়েরা মাঠে ছিলেন এবং খেলতে সম্মত হয়েছিলেন। তাই বিষয়টি মাঠের খেলার সিদ্ধান্তের আওতায় পড়ে।
কিন্তু রায় ঘোষণার ৪৮ ঘণ্টা আগে আদালতের বিচারক উলরিখ হাসের সঙ্গে সেনেগাল ফুটবল ফেডারেশনের সভাপতির যোগাযোগের অভিযোগ তুলেছে মরক্কো। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে আপিল করবে দেশটির ফুটবল ফেডারেশন।









