Ajker Patrika

পাকিস্তানকে ফেবারিট মানতে নারাজ ভারত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৭: ২৮
পাকিস্তানকে ফেবারিট মানতে নারাজ ভারত
ট্রফি নিয়ে দুই দলের কোচ ও অধিনায়ক। বাম পাশে ভারত এবং ডান পাশে পাকিস্তান। ছবি: বাফুফে

সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে ১–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে পাকিস্তান। দারুণ ফুটবল খেলা দলটিকে কালকের শিরোপা লড়াইয়ে এগিয়ে রাখছেন অনেকেই। তবে দশম শিরোপার লক্ষ্যে নামার আগে পাকিস্তানকে ফেবারিট মানতে নারাজ ভারতের প্রধান কোচ নওশাদ মুসা। তাঁর সোজাসাপ্টা কথা, ফাইনালে ভারতকে হারাতে পারলেই কেবল পাকিস্তান এগিয়ে থাকবে।

আজ ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তানকে ফেবারিট মানা প্রসঙ্গে নওশাদ মুসা বলেন, ‘আমাদের হারাতে পারলে তারা এগিয়ে থাকবে। আমি শুধু এটুকুই বলব, প্রথম ম্যাচের আগেই বলেছিলাম তারা ভালো দল। আর আমি সেটিকে সম্মান করি।’

দ্বিতীয় সারির দল নিয়ে এসেও সাফে আরেকটি শিরোপার দুয়ারে দাঁড়িয়ে ভারত। তবে নিজেদের ‘বি’ দল মানতে ঘোর আপত্তি ভারতীয় কোচের, ‘আপনারা যে দুর্বল স্কোয়াড বা “বি” দলের কথা বলছেন, আমার কাছে এটি কোনো “বি” দল নয়। আমরা যেভাবে পারফর্ম করেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা ফাইনালে আছি। আমার ছেলেরা যখন ইতিমধ্যেই প্রমাণ করেছে যে তারা সেরা, তখন একে “বি” দল বলব কেন?’

গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৩–২ গোলে হারিয়েছিল ভারত। তবে ফিফা উইন্ডোর কারণে দেরিতে আসা চার প্রবাসী ফুটবলার দলের সঙ্গে যোগ দেওয়ায় বদলে গেছে পাকিস্তানের চেহারা। সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে দারুণ ছন্দে ছিল তারা। প্রতিপক্ষের শারীরিক সক্ষমতার বিপরীতে নিজেদের গতিকেই বড় অস্ত্র মানছেন নওশাদ মুসা, ‘এটা অবশ্যই ভালো দিক, তবে আমার মনে হয় আমার খেলোয়াড়েরা বেশি দ্রুতগতির ও চটপটে, যা আমার জন্য বাড়তি সুবিধা হবে। তাই বিষয়টি নিয়ে তাদেরই চিন্তিত হওয়া উচিত।’

প্রথম ম্যাচের চেয়ে বদলে যাওয়া পাকিস্তানের বিপক্ষে কাল ভিন্ন কৌশল নিয়ে মাঠে নামার কথাও জানিয়েছেন ভারতীয় কোচ, ‘অবশ্যই, প্রথম ম্যাচে আমরা যেভাবে খেলেছিলাম, এবারের ধরন ভিন্ন হবে। কারণ, তারা যেভাবে খেলছে এবং এখন তাদের যে খেলোয়াড়েরা আছে, তাতে প্রতিপক্ষকে দেখার ও খেলার ধরনে আমার পরিবর্তন আনা প্রয়োজন। তাই নিশ্চিতভাবেই আমরা ভিন্ন কৌশল নিয়ে নামব।’

ফাইনাল নিয়ে বাড়তি কোনো চাপ অনুভব করছেন না ভারতের অধিনায়ক চিংলেনসানা সিংও। কিংবদন্তি সুনীল ছেত্রীর কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে নেতৃত্ব দিতে চান তিনি। সংবাদ সম্মেলনে সানা সিং বলেন, ‘আমরা এখানে দেশের হয়ে খেলতে এসেছি এবং যেকোনো পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত। আমরা সব সময় নিজেদের সেরাটা দিই এবং কালও ট্রফি জিততে আমাদের সেরাটাই দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত