Ajker Patrika

শুরুর একাদশে নেই নেইমার, মাঠে নামবেন কখন

ক্রীড়া ডেস্ক    
শুরুর একাদশে নেই নেইমার, মাঠে নামবেন কখন
আজ বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছেন নেইমার। ছবি: এএফপি

অবশেষে কাটছে দীর্ঘ অপেক্ষা। চোট কাটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জার্সিতে প্রায় ৩ বছর পর মাঠে নামতে যাচ্ছেনন নেইমার। তবে সেলেসাও ভক্তদের জন্য কিছুটা হতাশার খবর, চোট কাটিয়ে স্কোয়াডে ফিরলেও ম্যাচের শুরুর একাদশে রাখা হয়নি ব্রাজিলের এই পোস্টার বয়কে।

গ্রেড টু কাফ ইনজুরির কারণে দীর্ঘ ৩৭ দিন মাঠের বাইরে ছিলেন নেইমার। যার ফলে দলের আগের দুটি ম্যাচে দর্শক হিসেবে খেলা দেখতে হয়েছে তাঁকে। নকআউট পর্বের ম্যাচের আগে দলের সবচেয়ে বড় তারকাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। আর সে কারণেই ভোর ৪টায় শুরু হতে যাওয়া স্কটল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, মাথিউস কুনিয়া ও তরুণ তুর্কি রায়ানের ওপর ভরসা রেখেছেন ইতালিয়ান এই মাস্টারমাইন্ড। তবে শুরুর একাদশে না থাকলেও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে নেইমারের মাঠে নামা নিশ্চিত বলেই আগের দিন সংবাদ সম্মেলনে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচের গতিপ্রকৃতি বিবেচনা করে দ্বিতীয়ার্ধেই মাঠে নামানো হবে নেইমারকে। ব্রাজিল যদি প্রথমার্ধেই সুবিধাজনক অবস্থানে চলে যায়, তবে নকআউটের আগে নেইমারের ম্যাচের রিদম ও ম্যাচ ফিটনেস পরখ করতে ৬০ বা ৭০ মিনিটের দিকে তাঁকে মাঠে দেখা যেতে পারে। স্কটল্যান্ডের জমাট রক্ষণ ভাঙতে যদি সেলেসাওদের বেগ পেতে হয়, তবে ‘ইমপ্যাক্ট সাব’ বা ট্রাম্প কার্ড হিসেবে ম্যাচের ভাগ্য বদলাতে আনচেলত্তি নেইমারকে আগেভাগেই নামিয়ে দিতে পারেন।

হলুদ জার্সি আর সাদা শর্টস পরে আজ আলিসন, মার্কিনিওসদের পাশে নেইমারকে শুরু থেকে দেখার আক্ষেপ থাকলেও, মাঠের বাইরে থাকা ভক্তরা এখন প্রহর গুনছেন—কখন বদলি হিসেবে মাঠে নামবেন তাদের প্রিয় ‘নাম্বার টেন’।

ব্রাজিল একাদশ: আলিসন, দগলাস সান্তোস, দানিলো, মার্কিনিওস, গাব্রিয়েল মাগালাইস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র, মাথিয়াস কুনিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত