Ajker Patrika

আর্জেন্টিনার যে ফুটবলারকে ‘চুরি’ করতে চান স্পেন কোচ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ জুন ২০২৬, ১৮: ০৫
আর্জেন্টিনার যে ফুটবলারকে ‘চুরি’ করতে চান স্পেন কোচ
জুলিয়ান আলভারেজ। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা দলে আছেন লিওনেল মেসির মতো ইতিহাসের সেরা ফুটবলারদের একজন। বর্নাঢ্য ক্যারিয়ারে সব রকমের অর্জন ধরা দিয়েছে দশ নম্বর জার্সিধারীর কাছে। ৩৯ ছুইছুই বয়সেও দুর্দান্ত ফর্মে আছেন মেসি। এরপরও তাঁকে নন, আর্জেন্টিনা থেকে একজন খেলোয়াড়কে নিজের দলে নেওয়ার সুযোগ পেলে হুলিয়ান আলভারেজকেই নিতেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এল পার্তিদাসো দে লা কোপেকে দেওয়া এক সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমার ফুটবল দর্শনের সঙ্গে আলভারেজ পুরোপুরি মানিয়ে যাবে। সে আমার দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হতো।’ আলভারেজকে নিয়ে নিজের মুগ্ধতার কথা আরও স্পষ্ট করে স্পেন কোচ বলেন, ‘আমি মনে করি সে অসাধারণ।’

শুধু লা ফুয়েন্তেই নন, স্পেনের মিডফিল্ডার দানি ওলমোও আলভারেজের ভূয়সী প্রশংসা করেছেন। বার্সেলোনার এই ফুটবলার বলেন, ‘সে (আলভারেজ) বিশ্বমানের একজন খেলোয়াড়, এটা সবাই জানে। বর্তমানে সে বিশ্বের সেরা নাম্বার নাইনদের একজন। পাশাপাশি সে একজন ভালো মানুষও।’

আলভারেজকে ঘিরে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আগ্রহও কম নয়। দীর্ঘদিন ধরে তাকে দলে ভেড়ানোর চেষ্টা করছে বার্সেলোনা। কাতালান ক্লাবটি ১০০ মিলিয়ন ইউরোর আনুষ্ঠানিক প্রস্তাব দিলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছে আতলেতিকো মাদ্রিদ। পরে রিয়াল মাদ্রিদও ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব নিয়ে এগিয়ে আসে। তবে আতলেতিকো তাদের অবস্থানে অনড় থাকায় সেই চেষ্টাও ব্যর্থ হয়। ক্লাবটি আলভারেজের ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজের বিষয়ে কঠোর অবস্থান ধরে রেখেছে।

আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের সে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন আলভারেজ।

এদিকে বিশ্বকাপের সম্ভাব্য উদীয়মান তারকা নিয়েও নিজের মতামত জানিয়েছেন দে লা ফুয়েন্তে। তাঁর বিশ্বাস, স্পেনের মিডফিল্ডার পেদ্রি এবারের আসরের অন্যতম বড় আবিষ্কার হতে পারেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পেদ্রি হতে পারে।’

কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করেছে স্পেন। ‘এইচ’ গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে দলটি। চার দলের সবারই সমান এক পয়েন্ট করে থাকায় এই গ্রুপ থেকে নকআউট পর্বে যাওয়ার লড়াই আরও জমে উঠেছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবের বিপক্ষে জেতা খুবই গুরুত্বপূর্ণ ২০১০ সালের চ্যাম্পিয়নদের জন্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত