Ajker Patrika

অবশেষে ফাঁস হলো চেলসিতে রোনালদোর দলবদল আটকে যাওয়ার কারণ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২২: ০৪
অবশেষে ফাঁস হলো চেলসিতে রোনালদোর দলবদল আটকে যাওয়ার কারণ
ইউনাইটেড অধ্যায় শেষ করে আল নাসরে যোগ দিয়েছেন রোনালদো। ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদোকে চেলসিতে নেওয়ার আগ্রহ ছিল ক্লাবটির সাবেক মালিক টড বোহেলির। তবে তাঁর সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ান সে সময়ের কোচ টমাস টুখেল। পর্তুগিজ তারকাকে দলে নেওয়ার প্রস্তাবে একাধিকবার আপত্তি জানিয়েছিলেন জার্মান কোচ।

টুখেলের আপত্তির কারণে শেষ পর্যন্ত চেলসিতে যোগ দেওয়া হয়নি রোনালদোর।

২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় মেয়াদে থাকাকালে ক্লাবটির পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট ছিলেন রোনালদো। সেই সময় তাঁকে দলে ভেড়াতে চেয়েছিলেন বোহেলি। দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, পর্তুগালে রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেসের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর রোনালদোকে চেলসিতে আনার ব্যাপারে আরও আগ্রহী হয়ে ওঠেন বোহলি।

বোহেলির আগ্রহ থাকলেও রোনালদোকে দলে নিতে রাজি ছিলেন না টুখেল। তাঁর আপত্তির কারণে আর চেলসিতে রোনালদোর সম্ভাব্য দলবদল আলোর মুখ দেখেনি।

পরে ২০২২ সালের নভেম্বরে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল করেন রোনালদো। এরপর সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন ইতিহাসের সেরা ফরোয়ার্ডদের একজন।

রোনালদোকে নিয়ে মতবিরোধই অবশ্য বোহেলি ও টুখেলের সম্পর্কের একমাত্র টানাপোড়েন ছিল না। ম্যাথিস ডি লিখট, রাফিনিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং ও প্রেসনেল কিমপেম্বেকে দলে আনার চেষ্টা করেও সফল হননি বোহেলি। এসব খেলোয়াড়কে চেলসিতে আনতে না পারায় দুজনের মধ্যে দূরত্ব আরও বাড়ে।

তবে রহিম স্টার্লিংকে দলে নেওয়ার ক্ষেত্রে তেমন কোনো বিরোধ তৈরি হয়নি। ম্যানচেস্টার সিটি থেকে ৪ কোটি ৭৫ লাখ পাউন্ডে ইংলিশ ফরোয়ার্ডকে চেলসিতে আনতে ব্যক্তিগতভাবে আলোচনায় নেতৃত্ব দেন বোহেলি।

দলবদলে নিজের ভূমিকা নিয়ে গত ফেব্রুয়ারিতে এক অনুষ্ঠানে বোহলি স্বীকার করেন, খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে তাঁর কৌশল যথেষ্ট বিজ্ঞানসম্মত ছিল না।

বোহেলি বলেন, ‘গ্রীষ্মকালজুড়ে আমি নিজেকে অন্তর্বর্তীকালীন স্পোর্টিং ডিরেক্টরের ভূমিকায় আটকে থাকতে দেখেছি। একজন ফুটবলারকে ভালো করে তোলে, তা আমার জানা ছিল না। তবে আমি জানতাম, ম্যানচেস্টার সিটি যদি মার্ক কুকুরেয়াকে চায়, তাহলে আমিও তাকে চাই। বিষয়টি এতটাই সহজ ছিল।’

২০২৩ সালের জানুয়ারিতে চেলসির অন্তর্বর্তীকালীন স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব ছাড়েন বোহলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত