Ajker Patrika

নতুন প্রবাসী ফুটবলারের নাম ঘোষণা বাফুফের, খেলবেন কবে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১৮: ২৭
নতুন প্রবাসী ফুটবলারের নাম ঘোষণা বাফুফের, খেলবেন কবে
যুক্তরাষ্ট্রপ্রবাসী ট্রেভর ইসলামের নাম জানাল বাফুফে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ দলে প্রবাসী ফুটবলারদের একপ্রকার মেলাই বসেছে। হামজা-শমিতের পরও সেই ধারাবাহিকতা চালু রেখেছে বাফুফে। এবার নতুন নাম হিসেবে যুক্ত হলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ট্রেভর ইসলাম। গত ফেব্রুয়ারিতে তাঁর জন্মনিবন্ধন হয়েছে বলে জানিয়েছেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম। পাসপোর্ট করা সময়ের ব্যাপার হলেও এ বছর তাঁর খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ছাত্র ট্রেভর। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের এনসিএএ ডিভিশন-১ লিগে নিয়মিত খেলছেন। ২১ বছর বয়সী এই ফুটবলার সেন্টার ফরোয়ার্ড হলেও লেফট উইঙ্গার ও রাইট উইঙ্গার পজিশনেও খেলতে পারেন। বাংলাদেশ দলের আক্রমণভাগের দুর্বলতা কাটাতে তাই তিনি হতে পারেন অন্যতম ভরসা।

নিজের ফেসবুক পেজে ফাহাদ করিম বলেন, ‘আমার এখনো মনে আছে ১২ ডিসেম্বর ট্রেভর আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তখন থেকে নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ হচ্ছে। গত রাতেও তার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়েছে এবং আমরা তার সম্মতি নিয়ে ডিসেম্বর থেকে তার ডকুমেন্টেশনের কাজ শুরু করি। ১৮ ফেব্রুয়ারি তার জন্মনিবন্ধন এবং যাদের যাদের প্রয়োজন, সকল জন্মনিবন্ধনগুলো আমরা তৈরি করি।’

ট্রেভরের প্রয়োজনীয় নথিপত্র ও পাসপোর্ট তৈরির কাজ চলছে, যা আগামী মে মাসের মধ্যে সম্পন্ন হতে পারে। জাতীয় দলের জার্সিতে তাঁর খেলা নিয়ে ফাহাদ করিম বলেন, ‘তার জন্য এই বছর খেলা খুবই কঠিন। পড়াশোনার প্রতি তার যে কমিটমেন্ট এবং এনসিএএ লিগ মানে ডি ওয়ান যেটাকে বলে, সেখানে সে নিয়মিত খেলে। বিশ্ববিদ্যালয় দলের প্রতি তার একটা কমিটমেন্ট আছে। তাই জুন উইন্ডোতে পাব না। সেপ্টেম্বর উইন্ডো বেশ কঠিন। নভেম্বর উইন্ডো নিয়ে একটু আশাবাদী। হয়তোবা নভেম্বরে সে আসতে পারে। তবে আগামী বছর অবশ্যই তাকে পাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত