Ajker Patrika

৪-১ গোলে জয়ের পরও বার্সা কোচের হতাশা

ক্রীড়া ডেস্ক    
৪-১ গোলে জয়ের পরও বার্সা কোচের হতাশা
বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। ছবি: সংগৃহীত

গোলের মহোৎসব এখন বার্সেলোনার ম্যাচে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। লা লিগা থেকে চ্যাম্পিয়নস লিগ—বার্সা থাকা মানেই সেই ম্যাচে গোলবন্যা। গত রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে দেখা গেল সেটারই প্রতিচ্ছবি। সাবাহকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। তবে বিস্ফোরক জয়ের পরও সন্তুষ্ট নন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।

বাকু অলিম্পিক স্টেডিয়ামে গত রাতে সাবাহকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। একমাত্র যে গোল সাবাহ করেছে, সেটা কেবল ব্যবধান কমানোর জন্যই। কারণ, ততক্ষণে বার্সা এক হালি গোল দিয়ে ফেলেছে। ৬৩ মিনিটে সাবাহ স্ট্রাইকার ক্রিস্টিয়ান নোয়াচুকুর পাস রিসিভ করে গোলটা করেন দলেরই আরেক স্ট্রাইকার জয় ল্যান্স মিকেলস। প্রতিপক্ষ যেভাবে বিল্ড আপ করে গোল করেছে, সেটা পছন্দ হয়নি ফ্লিকের। ৪-১ গোলে জয়ের পর বার্সা কোচ বলেন, ‘তিন পয়েন্ট পেয়ে আমি খুশি, কিন্তু আমরা যে গোলটি হজম করেছি, তাতে সন্তুষ্ট নই। এই পর্যায়ের ফুটবলে আমাদের এমন গোল হজম করা উচিত নয়।’

বার্সেলোনা-সাবাহ ম্যাচে গতকাল প্রথম ৩০ মিনিটে একটা গোলও হয়নি। ৩১ মিনিটে অ্যানথনি গর্ডন গোলের হালখাতা খোলেন। প্রথমার্ধ ১-০ গোলে শেষ করলেও দ্বিতীয়ার্ধে আরও জ্বলে ওঠে বার্সা। ৫১ থেকে ৬০—৯ মিনিটের মাথায় তিনটা গোল করেছে কাতালানরা। গর্ডন আরও এক গোল করেছেন। করিম আদেয়েমি, গ্যাব্রিয়েল জেসুসও করেছেন গোল।

গর্ডনসহ অন্যান্য ফুটবলারদের প্রশংসা করেছেন ফ্লিক। বার্সেলোনা কোচ বলেন, ‘এটা সত্যিই ভালো খবর। প্রেসিংয়ের ক্ষেত্রে গর্ডন গুরুত্বপূর্ণ অবদান করেছে। করিমও একই কাজ করেছে। জেসুসের পারফরম্যান্স ইতিবাচক ছিল। তিন পয়েন্ট এবং দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আমাদের পারফরম্যান্সে সন্তুষ্ট।’

এবারের চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে পাঁচ ম্যাচে ১৪ গোল হজম করেছে সাবাহ। বিপরীতে বার্সোলোনা একের পর এক গোল দিয়েছে। সমান ম্যাচে বার্সেলোনা করেছে ১৮ গোল। ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে ১২ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে কাতালানরা। ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে ফ্লিক বলেন, ‘এ ধরনের ম্যাচ মোটেও সহজ নয়। সাবাহর হারানোর কিছু ছিল না। প্রথমার্ধে আমাদের বলের দখল ছিল প্রায় ৭০ শতাংশ। কিন্তু আমরা খুব সহজ কিছু ভুল করেছি। দ্বিতীয়ার্ধেও আমরা একটি গোল হজম করেছি।’

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) গতকাল ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে পারত। কারণ, গোল ব্যবধানে পিএসজি অনেকটাই এগিয়ে ছিল। কিন্তু রোমা-পিএসজি ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে। তাতে ১৩ পয়েন্ট নিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগের দুইয়ে পিএসজি। সবার ওপরে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত