তোমার হলো শুরু, আমার হলো সারা—লামিনে ইয়ামালের হোয়াটসঅ্যাপে গত কদিনে এমন কোনো বার্তা কি দিয়েছেন লিওনেল মেসি? তবে ১৭ বছর আগে দুজনের একসঙ্গে তোলা একটা ছবি যেভাবে ছড়িয়েছে চারদিকে, এ রকম একটা বার্তা যদি রসিকতা করেও মেসি দিয়ে থাকেন ইয়ামালকে, অবাক হওয়ার কিছু নেই!
স্পেনের নবযাত্রার অগ্রনায়ক ১৭ বছর বয়সী ইয়ামাল আজ রাতে ইউরো জেতার মিশনে যখন ফাইনাল খেলতে নামবেন, ৩৭ বছর বয়সী মেসির মনোযোগ তখন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। তিনি বাংলাদেশ সময় সকাল ৬টায় নামবেন আরেকটি কোপা আমেরিকা, তথা ট্রেবল জয়ের লক্ষ্যে। শিরোপা আর্জেন্টিনা জিতুক না জিতুক—মায়ামিতে আবেগঘন মুহূর্তের সৃষ্টি যে হবে তা হলফ করে বলা যায়। আনহেল দি মারিয়া এবারের কোপা খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছেন আগেই। এখন যে প্রশ্নটি উচ্চকিত, মেসির ভবিষ্যৎ তাহলে কী?
আর্জেন্টিনার জার্সিতে ২০০৮ সাল থেকে দি মারিয়ার ক্যারিয়ার শুরু। ১৬ বছরের দীর্ঘ পথচলায় তিনি সতীর্থ হিসেবে পেয়েছেন আরেক তারকা মেসিকে। দি মারিয়া-মেসি জুটি আকাশি-নীলদের এনে দিয়েছেন জয়ের অনেক উপলক্ষ। ৩৬ বছর বয়সী দি মারিয়া তো আগামীকাল ইতি টানছেন আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের। এখন মেসিও আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলবেন কি না, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
ফাইনালের আগে গতকাল আর্জেন্টিনার সংবাদমাধ্যম ডি স্পোর্টসকে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। ভবিষ্যতের কথা জিজ্ঞেস করতে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের উত্তর ছিল একটু কৌশলী। মেসি বলেছেন, ‘এই মুহূর্তে আমি বেশি দূর ভাবছি না। প্রতিটা দিনই উপভোগ করছি। কী অর্জন করছি, সেটা নিয়েই আমি ভাবছি।’ লম্বা সাক্ষাৎকারে নিজের ফিটনেস, সতীর্থদের নিয়েও কথা বলেছেন মেসি। ফাইনালের আগের দিন আজ দলকে নিয়ে আবেগঘন এক বার্তা দিয়েছেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার। ইনস্টাগ্রামে সতীর্থদের সঙ্গে ছবি পোস্ট করেন মেসি।
২০২২ ফুটবল বিশ্বকাপ জিতে মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। আন্তর্জাতিক ফুটবল কবে ছাড়বেন, তা নিয়েই আলোচনা চলছে তখন থেকে। ২০২২ বিশ্বকাপের আগে মেসি জানিয়েছিলেন, কাতার বিশ্বকাপ দিয়ে শেষ হতে পারে তাঁর আন্তর্জাতিক ফুটবলের পথচলা। তবে বিশ্বকাপ জেতার পর তাঁর চিন্তাভাবনায় আবারও পরিবর্তন আসতে পারে। তাঁর দল, দলের সব সতীর্থ ও কোচ লিওনেল স্কালোনি খুব করে চাইছেন, তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় ২০২৬ বিশ্বকাপও খেলুন। গত বছর প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে মেসির ইন্টার মায়ামিতে পাড়ি জমানোর অন্যতম কারণ এটা। এক সময়ের স্প্যানিয়ার্ড কলোনি মায়ামিতে ভালো করেই মানিয়ে নিয়েছেন তিনি। আর মার্কিন মুলুকে যে প্রচুর আর্জেন্টাইন ভক্ত-সমর্থক আছেন, সেটার প্রমাণ মিলেছে এবারের কোপা আমেরিকাতেও। যে স্টেডিয়ামেই খেলা হোক না কেন, গ্যালারিতে নীল জার্সি পরিহিত ভক্ত-সমর্থকদের ভিড় দেখা গেছে।
মেসির চোখে তাই আরেকটি বিশ্বকাপের স্বপ্ন খেলা অস্বাভাবিক নয়। আবার উল্টো ছবি দেখার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে কই! শরীরকেও তো সাড়া দিতে হবে মনের সঙ্গে। এবারের টুর্নামেন্টে মেসিকে কিন্তু মেসির মতো দেখা যায়নি। ফিটনেস সমস্যায় ভুগছেন আর্জেন্টাইন সুপারস্টার। গোলরক্ষকে একা পেয়ে যেমন গোল করতে পারেননি, তেমনি পেনাল্টি শুটআউটেও গোল মিস করেছেন। শতভাগ ফিট না হয়েও একটা ম্যাচ খেলার ঘটনাও আছে।
নিশ্চয়ই মনে আছে, কদিন আগে বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই হুট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের দুই বড় তারকা বিরাট কোহলি-রোহিত শর্মা। খেলায় এ রকম বিদায়ের দৃশ্য অস্বাভাবিক কিছু নয়। এখন আর্জেন্টিনা আগামীকাল শিরোপা জিতে যদি মেসিও অবসরের ঘোষণা দেন, তাহলে? নিশ্চিত তা মায়ামির হার্ড রক স্টেডিয়াম থেকে শুরু করে আলোড়িত হবে পুরো ফুটবল বিশ্ব।
অবশ্য পাঁড় মেসিভক্তরা চাইছেন, মহাতারকার এখনই বিদায় নয়; আরও কিছুদিন তাঁরা মোহিত হতে চান মেসি-জাদুতে।

বাজে এক অভিজ্ঞতাই হলো বাংলাদেশ দলের। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়ের পর সফরকারীদের পুরো নজর এখন দ্বিতীয় টেস্টের দিকে। তার আগে অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতির মোকাবেলা করতে হলো নাজমুল হোসেন শান্তদের।
১ ঘণ্টা আগে
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে শাস্তি পেলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনারকে ১ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁর গাড়িতে ইন্টারলক ডিভাইস বসানোর নির্দেশ দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে এক টেস্ট জিতেই বাংলাদেশের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ইয়ান বিশপ-আকাশ চোপড়া, হার্শা ভোগলের মতো ক্রিকেট বিশেষজ্ঞরাও মনে করেন, ডারউইন টেস্ট জিতে ক্রিকেট বিশ্বকে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-মুমিনুল হকরা বিশেষ বার্তা দিয়েছেন। হাসান মাহমুদও যেন বিশপদের সুরে সুর মিলিয়েছেন।
২ ঘণ্টা আগে
ভারতীয় ফুটবলে বেশ কিছুদিন কাজ করেছেন, জিতেছেন শিরোপাও। এবার সেই অভিজ্ঞতা নিয়েই বাংলাদেশের ফুটবলে পা রাখছেন ফার্নান্দো সান্তিয়াগো ভারেলা। নতুন মৌসুমের জন্য আর্জেন্টিনায় জন্ম নেওয়া এই স্প্যানিশ কোচকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
২ ঘণ্টা আগে