Ajker Patrika

জটিলতা এড়াতে লিগে দল বাড়িয়েছে বাফুফে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
জটিলতা এড়াতে লিগে দল বাড়িয়েছে বাফুফে
বাংলাদেশ ফুটবল লিগের লোগো। ফাইল ছবি

মৌসুম শুরুর আগেই বাংলাদেশের ক্লাব ফুটবলে বদলে গেল হিসাব-নিকাশ। ফিফার নিষেধাজ্ঞার কারণে কয়েকটি ক্লাবের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জরুরি নির্বাহী সভায় বাংলাদেশ ফুটবল লিগের কাঠামোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তে গত মৌসুমে রেলিগেশন হওয়া আরামবাগ ক্রীড়া সংঘ ও ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবকে ফিরিয়ে আনা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে তৃতীয় হওয়া ঢাকা ওয়ান্ডারার্সও পেয়েছে ফুটবল লিগে খেলার সুযোগ।

এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ দলবদলে তিন ক্লাবের ওপর থাকা ফিফার নিষেধাজ্ঞা। আবাহনী, বসুন্ধরা কিংস ও ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাব এখনো নিষেধাজ্ঞার জট কাটাতে পারেনি। বাফুফের ক্লাব লাইসেন্সিং কার্যক্রম শেষ করতে হবে ৪ আগস্টের মধ্যে, দলবদল চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। এমন বাস্তবতায় আর অপেক্ষা না করে বিকল্প সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

গত মৌসুমে নিয়ম অনুযায়ী ফুটবল লিগ থেকে অবনমিত হয়েছিল ফকিরেরপুল ও আরামবাগ। নতুন সিদ্ধান্তে আরামবাগের রেলিগেশন বাতিল করা হয়েছে। ফকিরেরপুলও লিগে থাকার সুযোগ পাবে, তবে তার আগে ফুটবলারদের পাওনা-সংক্রান্ত মামলায় আরোপিত ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

কয়েক মাস ধরে ফুটবল লিগে জায়গা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল ঢাকা ওয়ান্ডারার্স। প্রায় দুই মাস আগে প্রথম আবেদন করলেও তখন সাড়া মেলেনি। পরে আবার আবেদন করার পর জরুরি সভায় তাদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হয়। এর ফলে চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন চট্টগ্রাম সিটি ও রানার্সআপ সিটি ক্লাবের পাশাপাশি ওয়ান্ডারার্সও প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাচ্ছে।

ফিফার নিষেধাজ্ঞার প্রভাব এবার শুধু দলবদলের সময়সূচি বদলায়নি, বদলে দিয়েছে পুরো লিগের কাঠামোও। ১ জুন শুরু হওয়ার কথা থাকলেও দলবদল পিছিয়ে শুরু হয় ১০ জুলাই। আবাহনী কয়েকটি নিষেধাজ্ঞা কাটিয়ে উঠলেও একটি এখনো রয়েছে, যা আগামী সপ্তাহের মধ্যে উঠিয়ে নেবে। বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ১১টি অভিযোগের কারণে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী, অন্তত ১০ দল নিয়ে লিগ আয়োজন করতে হয়। তাই বসুন্ধরা, আবাহনী ও ফকিরেরপুল নিষেধাজ্ঞা না ওঠাতে পারলে ১০ দল নিয়ে হবে লিগ। ২১ আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে নতুন মৌসুম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত