Ajker Patrika

‘ইনফান্তিনো স্বৈরাচার, তাঁকে মানসিক হাসপাতালে পাঠানো উচিত’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৩: ৪০
‘ইনফান্তিনো স্বৈরাচার, তাঁকে মানসিক হাসপাতালে পাঠানো উচিত’
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে যেন সমালোচনার শেষ নেই। বিশেষ করে জুলাইয়ে বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির প্রস্তাব দিয়ে তোপের মুখে পড়েছেন তিনি। এবার তাঁকে সাবেক ফিফা সভাপতি জোসেফ ব্ল্যাটার রীতিমতো ধুয়ে দিয়েছেন। ব্ল্যাটারের চোখে ইনফান্তিনো একজন স্বৈরশাসক।

জার্মান সাময়িকী ‘ডের স্পিগেল’-কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে গতকাল ব্ল্যাটার ধুয়ে দিয়েছেন ইনফান্তিনোকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া শান্তি পুরস্কার থেকে শুরু করে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রি করে দেওয়ার পরিকল্পনা, এমনকি সংস্থার অভ্যন্তরে ইনফান্তিনোর শাসনব্যবস্থা—সবকিছু নিয়েই কড়া মন্তব্য করেছেন সাবেক ফিফা সভাপতি। গতকাল প্রকাশিত এক সাক্ষাৎকারে ব্ল্যাটার বলেন, ‘তিনি একজন স্বৈরশাসক। ফিফার কর্মকর্তারা আমাকে জানিয়েছেন, তিনি কাউকে তাঁর সঙ্গে লিফটে উঠতে পর্যন্ত দেন না। তিনি নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করেন। আমার মনে হয় হয়তো একদিন ইনফান্তিনোকে মানসিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে হবে।’

১৯ জুলাই নিউজার্সিতে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন জেতে দ্বিতীয় বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিশ্বকাপ শেষে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র একটি অংশ বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। তবে ব্যাপক সমালোচনা ও তোপের মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। জার্মান সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে ব্ল্যাটার বলেন, ‘ইনফান্তিনো এখন আর কোনো সীমারেখা মানেন না। তিনি এসবের কিছুই বোঝেন না।’

ব্ল্যাটারের মতে জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর সমর্থন আদায় করে পুনরায় নির্বাচিত হওয়ার পথ ইনফান্তিনোর জন্য সহজ। কারণ, তিনি অর্থের ভাষায় তাদের সঙ্গে কথা বলেন। ইনফান্তিনোর কারণে ফিফা অনেক ভুগছে বলে মনে করেন ব্ল্যাটার। সাবেক ফিফা সভাপতি বলেন, ‘ইনফান্তিনো তাদের (ফিফার সদস্যদেশ) বলেন, ‘আপনারা যদি আমাকে ভোট দেন, তাহলে আগে যা পেতেন, তার চেয়ে অনেক বেশি অর্থ পাবেন।’ ফিফা এখন ভুগছে। বর্তমানে এমন একজন ব্যক্তি সংস্থাটির নেতৃত্ব দিচ্ছেন, যিনি পুরোপুরি অন্ধ।’

গত বছরের শেষে ২০২৬ ফুটবল বিশ্বকাপের সূচি ঘোষণার সময়ই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইনফান্তিনো একসঙ্গে ছিলেন সেখানে। এখানেই শেষ নয়। এ বছরের জুন-জুলাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপে ট্রাম্প-ইনফান্তিনোর এক ঘটনা বেশ আলোড়ন তুলেছে। লাল কার্ড দেখা যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা উঠে যায় ট্রাম্পের ফোনকলে। মার্কিন প্রেসিডেন্টের কল পেয়ে ইনফান্তিনো যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ডের নিষেধাজ্ঞা তুলে নেন।

বালোগানের লাল কার্ড তুলে নেওয়ার ব্যাপারেও সমালোচনা করেছেন ব্ল্যাটার। জার্মান সাময়িকীকে সাবেক ফিফা সভাপতি বলেন, ‘লাল কার্ডেরটা সবচেয়ে খারাপ লেগেছে। আইনকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যেতে পারে। কিন্তু আইন সবার জন্য সমান হওয়া উচিত। সেগুলো পরিবর্তন করা যায় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত