Ajker Patrika

জামালের চোখে হামজার বাইসাইকেল কিক আর ফারহানের গোলই বাংলাদেশের সেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১২: ৩১
জামালের চোখে হামজার বাইসাইকেল কিক আর ফারহানের গোলই বাংলাদেশের সেরা
এক বছর আগে জাতীয় স্টেডিয়ামে বাইসাইকেল কিকে গোল করে হইচই ফেলে দিয়েছিলেন হামজা চৌধুরী (বাঁয়ে)। গতকাল একই মাঠে দুর্দান্ত এক গোল করে আলোচনায় ফারহান আলী ওয়াহিদ। ছবি: সংগৃহীত

জাতীয় স্টেডিয়ামে গত বছরের নভেম্বরে নেপালের বিপক্ষে বাইসাইকেল কিকে শোরগোল ফেলে দিয়েছিলেন হামজা চৌধুরী। সামাজিক মাধ্যমে হামজার ভাইরাল গোল নিয়ে ফিফা, লেস্টার সিটিও তখন ফেসবুকে পোস্ট দিয়েছিল। ঠিক এক বছর পর এবার ফারহান আলী ওয়াহিদ জাতীয় স্টেডিয়ামেই চোখধাঁধানো এক গোল করেছেন। জামাল ভূঁইয়ার কাছে এই দুইটা গোলই সেরা।

জাতীয় স্টেডিয়ামে গতকাল ৫৩ মিনিটে গোল করে হইচই ফেলে দিয়েছেন ফারহান। শমিত সোমের পাস থেকে বক্সের বাইরে বল পেয়ে ড্রিবলিংয়ে চার লঙ্কান ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল করেন এই তরুণ উইঙ্গার। শ্রীলঙ্কার খেলোয়াড়েরা তখন কেবল দাঁড়িয়ে অসহায় চোখে দেখলেন সেই প্রদর্শনী আর সামনে দাঁড়িয়ে থাকা হামজার চোখেমুখে ছিল ঘোর লাগা অবিশ্বাস। আজ জাতীয় স্টেডিয়ামে শোরগোল ফেলে দেওয়া ফারহানের গোল নিয়ে কথা বলতে গিয়ে হামজার বাইসাইকেল কিকের কথা জামাল উল্লেখ করেছেন। জামাল বলেন, ‘অন্যতম সেরা একটা গোল জাতীয় স্টেডিয়ামে আমি দেখেছি। আমার মতে হামজার বাইসাইকেল আর ফারহান গতকাল যে গোল করেছে, সেটা অবশ্যই সেরা তিনে থাকা উচিত।’

মেসি-ইয়ামালরা ড্রিবলিং করে হরহামেশাই এমন গোল দেন বলে তাঁদের (মেসি-ইয়ামাল) সঙ্গে ফারহানের গোলের তুলনা করছেন নেটিজেনরা। জামালের মতে ফারহান নিজের পরিচয় তৈরি করে ফেললে তাঁকে অন্য খেলোয়াড়দের সঙ্গে তুলনা করতে হবে না। আজ জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের অভিজ্ঞ মিডফিল্ডার বলেন, ‘‘যারা বাংলাদেশের ভক্ত-সমর্থক আছেন, তাঁরা সবাই বলেন, ‘আমার মেসি, আমার লামিন ইয়ামাল।’ কিন্তু আমি চাই সে নিজের নাম বড় করবে। আমি চাই ফারহান নিজের নাম বড় করুক। তাকে অন্য খেলোয়াড়দের সঙ্গে তুলনা করতে হবে না। এটা ফারহান আলীর গোল মানে অন্য খেলোয়াড়ের গোল না। এটা ফারহান আলীর গোল।’’

সাফের আগে ফারহানের জার্সি নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। গতকাল ম্যাচ শেষে ফারহান তাঁর জার্সি তুলে দেন মুতাইরির হাতে। বাংলাদেশের তরুণ উইঙ্গারের খেলা দেখে রীতিমতো মুগ্ধ লঙ্কান কোচ। তবে হামজা তাঁর জার্সি দিতে চাইলেও মুতাইরি সেটা নেননি।

শ্রীলঙ্কা-ভুটান দুই দলেরই সমান ১ পয়েন্ট। তবে লঙ্কানরা গতকাল বাংলাদেশের কাছে ৪-০ গোলে হেরে যাওয়ায় ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভুটান। শেষ চারে তাদের প্রতিপক্ষ গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন ভারত। জাতীয় স্টেডিয়ামে ১৪ নভেম্বর বেলা ৩ টায় হবে ভুটান-ভারত সেমিফাইনাল। সেদিন রাত ৮টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। বাংলাদেশ পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে। পাকিস্তান উঠেছে ‘এ’ গ্রুপ রানার্সআপ হয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত