Ajker Patrika

১০০ বছর বয়সী এই নারী মেসি ভক্ত আসলে কে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৩ জুন ২০২৬, ১৩: ২৩
১০০ বছর বয়সী এই নারী মেসি ভক্ত আসলে কে
‘১০০ বছর বয়সী মেসি ভক্ত’ প্ল্যাকার্ড হাতে পলিন কানা। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি যেন পুরো বিশ্বের মধ্যমণি। বিশ্বের যে প্রান্তেই আর্জেন্টিনার খেলা হোক, মেসিকে এক নজর দেখতে স্টেডিয়ামে ভিড় করেন হাজারো ভক্ত-সমর্থক। গত রাতে ডালাসে বিশ্বকাপের আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে নজর কেড়েছেন পলিন কানা নামে শত বছর বয়সী এক নারী। সামাজিক মাধ্যমে এখন তাঁকে নিয়ে চলছে আলোচনা।

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে গতকাল ডালাসের গ্যালারিতে দেখা গিয়েছিল দিয়েগো আরমান্দো ম্যারাডোনা ও মেসির ছবি। আর্জেন্টাইন সমর্থকেরা তো বটেই, প্রতিপক্ষ অস্ট্রিয়ার সমর্থকেরাও মেসির প্ল্যাকার্ড এনেছেন। হাজার হাজার দর্শকের মাঝে পলিন নামে এক নারী আলোচনায় এসেছেন বিশেষ এক প্ল্যাকার্ডের কারণে। ক্যামেরার লেন্স যখন গ্যালারির দিকে ঘুরে যায়, তখন প্ল্যাকার্ডে দেখা যায়, ‘১০০ বছর বয়সী মেসি ভক্ত।’

পলিনের প্ল্যাকার্ডে লেখা ১০০ বছর বয়সী মেসি ভক্ত সামাজিক মাধ্যমে ভাইরাল। তবে তিনি যে এবারই প্রথম মেসির খেলা দেখতে এসেছেন, তাও নয়। এমনকি এই নারীর বয়স ১০০ বছরও পূর্ণ হয়নি। ১ আগস্ট যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের বাসিন্দা পলি বয়সের সেঞ্চুরি করবেন। গত বছর জুনে মার্কিন মুলুকে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির ম্যাচও তিনি দেখেছিলেন। সে সময় প্ল্যাকার্ডে পলি লিখেছিলেন, ‘মেসি, তুমি কি আমাকে বিয়ে করবে?’ তখন থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন ওহিও রাজ্যের এই নারী।

মেসি, তুমি কি আমাকে বিয়ে করবে—এই প্ল্যাকার্ড নিয়ে পলিন গত বছর ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির ম্যাচ দেখেছিলেন। ছবি: সংগৃহীত
মেসি, তুমি কি আমাকে বিয়ে করবে—এই প্ল্যাকার্ড নিয়ে পলিন গত বছর ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির ম্যাচ দেখেছিলেন। ছবি: সংগৃহীত

শুধু মেসিভক্ত হিসেবেই নয়, গিনেস বুকেও নাম লিখিয়েছেন পলিন। এ বছরের মে মাসের শেষে টেক্সাসের বেলভিলে একটি ক্রাউডসার্ফিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল ৯৯ বছর ২৭৪ দিন। তাতে করে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ক্রাউডসার্ফিংয়ে অংশ নেওয়া ব্যক্তি হিসেবে রেকর্ডটা নিজের করে নেন। এই ক্রাউডসার্ফিং আয়োজন করেছিলেন তাঁর নাতি রস স্মিথ।

১০০ ছুঁই ছুঁই নারীর খেলা দেখার দিনে আর্জেন্টিনা ২-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। জোড়া গোলে মেসি রেকর্ড বই তছনছ করে দিয়েছেন। ১৮ গোল করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ সর্বোচ্চ ম্যাচজয়ী ফুটবলারও তিনি। দুই রেকর্ডেই মেসি পেছনে ফেলেছেন মিরোস্লাভ ক্লোসাকে। ক্লোসা বিশ্বকাপে করেছেন ১৬ গোল। জিতেছেন ১৭ ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত