Ajker Patrika

মেসির জন্য আর্জেন্টিনার দরজা খোলা রাখলেন স্কালোনি

ক্রীড়া ডেস্ক    
মেসির জন্য আর্জেন্টিনার দরজা খোলা রাখলেন স্কালোনি
তারকা ফরোয়ার্ডকে কোচিং স্টাফে চান স্কালোনি। ছবি: সংগৃহীত

খেলোয়াড়ি জীবন শেষে লিওনেল মেসিকে আর্জেন্টিনা দলের কোচিং স্টাফে দেখতে চান লিওনেল স্কালোনি। দলের দায়িত্বে তাঁকে যুক্ত করার সম্ভাবনা উড়িয়ে দেননি বিশ্বকাপজয়ী এই কোচ।

বেনিনের বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে ঐতিহাসিক ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার হয়ে খেলোয়াড়ি জীবনের ইতি টেনেছেন মেসি। তবে জাতীয় দলের সঙ্গে তাঁর সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে পারে। অন্তত সেই সম্ভাবনার দরজা খোলা রেখেছেন স্কালোনি।

কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসিকে নিজের কোচিং স্টাফে যুক্ত করার বিষয়ে প্রশ্ন করা হয় স্কালোনিকে। উত্তরে তিনি বলেন, ‘সে যদি এখানে আসতে চায়, তাহলে কোনো সমস্যাই নেই। এখন যেহেতু ওয়াল্টার চলে যাচ্ছে, দেখা যাক... সে চলে আসুক।’

তবে খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় আসার ইচ্ছা নেই মেসির। বরং ফুটবল প্রশাসন ও ক্রীড়া ব্যবস্থাপনায় কাজ করতে চান আর্জেন্টাইন মহাতারকা। এরই মধ্যে সেই পথে কাজও শুরু করেছেন তিনি। আর্জেন্টিনার ক্লাব লিওনেস দে রোসারিও, স্পেনের এলদেন্স এবং লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের দেপোর্তিভো এলএসএমের সঙ্গে যুক্ত হয়েছেন আটবারের ব্যালন ডি'অরজয়ী তারকা।

এদিকে মেসির অবসর নিয়েও এখনই ভাবতে চান না স্কালোনি। তাঁর বিশ্বাস, ক্লাব ফুটবলে আরও অনেক দিন খেলবেন এই ফরোয়ার্ড। এমনকি ২০৩০ সালের পরও মেসিকে মাঠে দেখার আশা করছেন তিনি।

স্কালোনি বলেন, ‘আমার মনে হয়, সে খেলা চালিয়ে যাবে। ২০৩০ সালের পরও সে খেলবে। জাতীয় দলের হয়ে খেলার ব্যাপারে সে ইতিমধ্যে না বলে দিয়েছে। তবে একজন ফুটবলার হিসেবে যত দিন সম্ভব, সে খেলা চালিয়ে যাক, সেটাই আশা করি।’

অন্যদিকে আর্জেন্টিনার কোচিং স্টাফ ছাড়ছেন ওয়াল্টার স্যামুয়েল। নিজের কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন স্কালোনির দীর্ঘদিনের এই সহযোগী। তবে তাঁর জায়গায় আপাতত কাউকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন আর্জেন্টিনা কোচ।

স্কালোনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা কাউকে যুক্ত করছি না। আমরা মনে করি, যেভাবে আছি, সেভাবেই কাজ চালিয়ে যেতে পারব। আপাতত এভাবেই এগোতে চাই। তবে ভবিষ্যতে যুবদল থেকে কয়েকজন আমাদের সহায়তা করতে পারে।’

স্যামুয়েলের বিদায় প্রসঙ্গে স্কালোনি আরও বলেন, ‘ওয়াল্টার আগেই আমাদের জানিয়েছিল, সে নিজের কোচিং ক্যারিয়ার শুরু করতে চায়। তার প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। সে আমার বন্ধু। তার নতুন যাত্রার জন্য শুভকামনা জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত