উরুগুয়ের কাছে হেরে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ

উরুগুয়ের কাছে হারের পর কোস্টারিকার বিপক্ষে একাদশে পরিবর্তন আনছে আর্জেন্টিনা। চার-পাঁচটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। গোলপোস্টের নিচে ফিরছেন এমিলিয়ানো মার্তিনেস।
আগামীকাল ভোর ৫টায় কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। ফিফা আন্তর্জাতিক বিরতিতে এটি বিশ্বচ্যাম্পিয়নদের দ্বিতীয় প্রীতি ম্যাচ। এর আগে লা বোম্বোনেরায় উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছিল স্কালোনির দল।
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে স্কালোনি জানিয়েছেন, কোস্টারিকার বিপক্ষে গোলপোস্ট সামলাবেন মার্তিনেস। উরুগুয়ের বিপক্ষে তাঁকে বিশ্রাম দিয়েছিলেন কোচ। এবার এই গোলরক্ষককে একাদশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
স্কালোনি বলেন, ‘এমিলিয়ানো গোলপোস্টের নিচে থাকবে। আগের ম্যাচের জন্যও সে ফিট ছিল। তবে কিছুটা ঝুঁকি ছিল। আমরা যেহেতু হেরোনিমো রুলিকে বিশ্বাস করি, তাই তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’
একাদশে আরও পরিবর্তনের আভাস দিয়ে স্কালোনি বলেন, ‘অনুশীলনের ওপর নির্ভর করে আমরা চার-পাঁচটি পরিবর্তন আনব।’
কোস্টারিকাকে হালকাভাবে নিচ্ছেন না স্কালোনি। প্রতিপক্ষের খেলার ধরন এবং কোচের কৌশলের প্রশংসা করেছেন তিনি। ২০১৪ সালে লস অ্যাঞ্জেলেসে কোস্টারিকার বিপক্ষে খেলার অভিজ্ঞতাও মনে করিয়ে দিয়েছেন।
স্কালোনি বলেন, ‘প্রথমার্ধে তারা আমাদের চমকে দিয়েছিল। আমরা ১-০ গোলে পিছিয়ে পড়েছিলাম। তাদের ভালো খেলোয়াড় আছে। এমন একজন কোচ আছেন, যিনি দলকে ভালো খেলাতে পারেন। বল পায়ে থাকলে তারা খেলার কৌশল পরিবর্তন করে। বিষয়টি বেশ আকর্ষণীয়। ইকুয়েডরের বিপক্ষেও তারা দারুণ খেলেছে। তারা ভালো এবং কঠিন প্রতিপক্ষ।’
উরুগুয়ের কাছে হারলেও দলের পারফরম্যান্স নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন স্কালোনি। তাঁর মতে, আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক খেলাই খেলেছে। বিশেষ করে প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ ও গোলের সুযোগ তৈরিতে সন্তুষ্ট তিনি।
এই প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘দল ভালো খেলেছে। আমরা যেভাবে খেলে আসছি, সেভাবেই খেলেছে। তাই আমরা শান্ত আছি। প্রথমার্ধ ভালো ছিল। আমাদের বলের দখল ছিল, সুযোগও তৈরি করেছি।’
বিরতির পর কয়েকটি পরিবর্তন এনে ভিন্ন কৌশল পরীক্ষা করেছিলেন স্কালোনি। কিন্তু দ্রুত দুই গোল হজম করায় ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি আর্জেন্টিনা।
হারলেও দলের চেষ্টায় খুশি স্কালোনি, ‘দুই গোল হজম করার পর আমাদের ঘুরে দাঁড়ানোর সময় ছিল না। ম্যাচটিও তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে। তবে দল শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছে। ধৈর্য ধরে খেলেছে, যা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ।’
ফলাফল নিয়ে হতাশ হলেও দলের সামর্থ্যে আস্থা রয়েছে স্কালোনির। তিনি বলেন, ‘আমাদের দলে দারুণ সব খেলোয়াড় আছে, এটা আমাদের স্বস্তি দেয়। ফলাফল আমাদের ভালো লাগেনি। তবে দলের স্বাভাবিক পারফরম্যান্সের তুলনায় ফলাফলটি আমাদের কাছে গৌণ।’
একাদশে পরিবর্তন আনলেও খেলার কৌশলে বড় কোনো বদল আনছেন না স্কালোনি। কোস্টারিকার বিপক্ষেও একই পদ্ধতিতে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। স্কালোনি বলেন, ‘আগামীকাল আমরা একইভাবে খেলব। খেলার ছক পরিবর্তন করব না। কয়েকজন বেশি আক্রমণাত্মক খেলোয়াড় নিয়ে মাঠে নামতে পারি, তবে আমাদের খেলার পদ্ধতি একই রকম থাকবে।’









