Ajker Patrika

চুক্তি নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার কোচ

ক্রীড়া ডেস্ক    
চুক্তি নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার কোচ
লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার কোচ হিসেবে লিওনেল স্কালোনির ভবিষ্যৎ এখনো চূড়ান্ত হয়নি। তবে দায়িত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। চুক্তি নবায়ন নিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে শিগগিরই বৈঠকে বসবেন তিনি।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে বৃহস্পতিবার এজেইজায় জাতীয় দলের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

স্কালোনি বলেন, ‘আমার বিষয়ে এখনো কোনো খবর নেই। আগামী কয়েক দিনের মধ্যে সভাপতির সঙ্গে দেখা করব।’

তাপিয়ার সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা ছিল আগেই। তবে সেটি হয়নি। স্কালোনি জানান, গতকাল তাঁর দাঁতের চিকিৎসকের কাছে যাওয়ার কারণে বৈঠকটি পিছিয়ে যায়। এরপর তাপিয়া প্যারাগুয়ে যাওয়ায় আলোচনাটি আরও পিছিয়েছে।

স্কালোনি বলেন, ‘আমাদের গতকাল দেখা করার কথা ছিল, কিন্তু আমাকে দাঁতের ডাক্তারের কাছে যেতে হয়েছিল, তাই আর সম্ভব হয়নি। আজ তিনি প্যারাগুয়েতে আছেন। আমরা কথা বলব। বসে কথা বলার ব্যাপারে আমাদের সর্বোচ্চ সদিচ্ছা রয়েছে। তবে ঘোষণা করার মতো কিছু হলে আমরা জানাব। আপাতত সবকিছু আগের মতোই আছে।’

স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। নতুন চুক্তি নিয়ে আলোচনা হলেও এখনো কোনো আনুষ্ঠানিক সমঝোতা হয়নি। তবে আর্জেন্টিনার কোচ হিসেবে থেকে যাওয়ার ব্যাপারে তাঁর আগ্রহ স্পষ্ট, ‘আমরা এখানে থাকতে চাই। তবে সভাপতির সঙ্গে অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। স্বাভাবিকভাবেই, এত আবেগপূর্ণ একটি টুর্নামেন্টের পর মানুষ সবকিছু নতুন করে ভাবে। আমি আবারও বলছি, আমরা সভাপতির সঙ্গে বসে কথা বলব।’

বিশ্বকাপের পর নিজের অবস্থান নিয়েও কথা বলেন স্কালোনি। আর্জেন্টিনার দায়িত্ব পালন করাকে এখনো স্বপ্নের মতো মনে করেন তিনি, ‘আমি সব সময় বলেছি এবং ভবিষ্যতেও বলব, আমি এখন যেখানে আছি, সেটি আমার স্বপ্নপূরণ। এটা বদলাবে না। এরপর আমাদের সভাপতির সঙ্গে বসে কথা বলতে হবে। সেটা এখনো হয়নি। বাইরে যা কিছু আসছে, সেগুলো সত্য নয়। যখন জানানোর প্রয়োজন হবে, আমরা জানাব। আপাতত সবকিছু আগের মতোই আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত