Ajker Patrika

২১ বছরের অপেক্ষা ঘোচানোর সুযোগ বাংলাদেশের সামনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২১ বছরের অপেক্ষা ঘোচানোর সুযোগ বাংলাদেশের সামনে
হামজা-ফারহানদের দিকে তাকিয়ে গোটা দেশ। সেমিফাইনালে আজ স্বাগতিকেরা খেলবে পাকিস্তানের বিপক্ষে। ছবি: বাফুফে

সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগে থেকেই বাংলাদেশের সামনে লক্ষ্য শুধু একটাই—২৩ বছরের শিরোপা-আক্ষেপ ঘোচানো। ২০০৩ সালে সর্বশেষ দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরেছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দুই দশকের বেশি সময়। তবে শিরোপার স্বপ্ন পূরণ করতে হলে আগে পেরোতে হবে আরেকটি দীর্ঘ অপেক্ষার দেয়াল। ২০০৫ সালে পাকিস্তানের করাচিতে সর্বশেষ সাফের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। এরপর ২১ বছর ধরে আর ফাইনালে ওঠা হয়নি। সেই অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ এবার নিজেদের মাঠে। আজ জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

ম্যাচটির গুরুত্ব শুধু ফাইনালের টিকিট পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বাংলাদেশের ফুটবলে দীর্ঘদিনের হতাশা কাটানোরও সুযোগ এটি। প্রতিপক্ষ পাকিস্তান বলেই লড়াইয়ে বাড়তি উত্তাপ। দুই দলের পুরোনো দ্বৈরথে অবশ্য বাংলাদেশ সামান্য এগিয়ে। আগের ১৭ সাক্ষাতে বাংলাদেশের জয় ৭টি, পাকিস্তানের ৬টি; বাকি ৪ ম্যাচ হয়েছে ড্র। তবে অতীতের এই হিসাব দিয়ে আজকের লড়াইয়ের পরিণতি নির্ধারণ করতে চান না ডুলি। তাঁর চোখে এবারের পাকিস্তান টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। ইউরোপের বিভিন্ন লিগে খেলা চার-পাঁচজন প্রবাসী ফুটবলার আছে তাদের দলে। তার ওপর সেমিফাইনালের আগে টানা পাঁচ দিন বিশ্রাম পেয়েছে পাকিস্তান।

প্রতিপক্ষের শক্তিমত্তা বুঝেই ম্যাচটিকে ফাইনালের মর্যাদা দিচ্ছেন টমাস ডুলি।

গতকাল কিংস অ্যারেনায় অনুশীলনের ফাঁকে তিনি বলেন, ‘আমাদের কাছে এই ম্যাচ ফাইনাল। টুর্নামেন্টে আপনাকে যে প্রতিটি ম্যাচ খেলতে হয়, তার সব কটিই ফাইনাল; তবে এই ম্যাচ সত্যিকার অর্থেই ফাইনাল; কারণ, আমি মনে করি, পাকিস্তান অন্যতম সেরা দল—অথবা বাকি দলগুলোর মধ্যে এখানে সেরা দল। তাই ফাইনালে যেতে হলে আমাদের ওদের হারাতেই হবে। এটাই আমাদের লক্ষ্য।’

গ্রুপপর্বের পারফরম্যান্সে সেই লক্ষ্যপূরণের আত্মবিশ্বাস খুঁজে পেতে পারে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে শুরু হলেও প্রথম ম্যাচে আক্রমণভাগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ছিল। শ্রীলঙ্কাকে পরের ম্যাচে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সেই সংশয়ের জবাব দিয়েছে দল। দুই ম্যাচে পাঁচ গোল করার পাশাপাশি নিজেদের জালও অক্ষত রেখেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ফুটবলারদের গতি দেখে বিস্মিত হয়েছিলেন প্রতিপক্ষের জার্মানপ্রবাসী খেলোয়াড়েরাও।

পাকিস্তানের বিপক্ষেও বাংলাদেশের বড় শক্তি হতে পারে এই গতি। তবে আক্রমণে যেমন ধার দেখাতে হবে, তেমনি রক্ষণেও রাখতে হবে সতর্কতা। টুর্নামেন্টে এরই মধ্যে তিন গোল করা পাকিস্তানি ফরোয়ার্ড নাজিবউল্লাহকে আটকে রাখার দায়িত্ব থাকবে বাংলাদেশের ডিফেন্ডারদের। পাকিস্তানের লম্বা গড়নের ডিফেন্ডারদের বিপক্ষে ফারহান আলী ওয়াহিদের মতো দ্রুতগতির ও ড্রিবলিংয়ে দক্ষ খেলোয়াড়দের কাজে লাগাতে চান ডুলি।

আত্মবিশ্বাসের জায়গা থাকলেও বাংলাদেশ দলে নেই পুরোপুরি স্বস্তি। শ্রীলঙ্কার বিপক্ষে চোট পাওয়া রাইট-ব্যাক সাদ উদ্দিন সেমিফাইনালে খেলতে পারবেন না। ডান প্রান্তে তাঁর জায়গায় রহমত মিয়া, সাদের ছোট ভাই তাজ উদ্দিন কিংবা তারিক কাজীকে বিবেচনা করছেন কোচ। সাদের অনুপস্থিতি দলের জন্য বড় ক্ষতি বলেই মনে করছেন ডুলি। বলেছেন, ‘তাই আগামীকাল (আজ) অবশ্যই তাকে মিস করা হবে এবং অন্য একজন খেলোয়াড় দিয়ে আমাদের সেই ঘাটতি পূরণ করতে হবে।’

চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তপু বর্মন, সোহেল রানা ও বিশ্বনাথ ঘোষ। তবে মাঠে ফেরার অপেক্ষায় থাকা এই ফুটবলারদের জন্য একাদশে জায়গা নিশ্চিত নয় বলে জানিয়েছেন ডুলি, ‘বিষয়টা এমন নয় যে আপনি কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকবেন আর এসে বলবেন, আমি প্রস্তুত। ভালো না করলে সুযোগ পাওয়া কঠিন—পারফর্ম করেই জায়গা দেখাতে হয়।’

করাচি সাফে এই পাকিস্তানকে হারিয়েই ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ডুলি তাঁর দলকে প্রস্তুত করেছেন, কৌশলও সাজানো শেষ। ২১ বছরের দীর্ঘ অপেক্ষা ঘোচাতে এবার মাঠে নেমে সেই ছক অনুবাদের পালা হামজা-শমিতদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত