Ajker Patrika

ফিফার শাস্তি নিয়ে নীরবতা ভাঙলেন আর্জেন্টিনার ফুটবলার

ক্রীড়া ডেস্ক    
ফিফার শাস্তি নিয়ে নীরবতা ভাঙলেন আর্জেন্টিনার ফুটবলার
ফাইনালের পর সেই অপ্রত্যাশিত মুহূর্ত। যেটা নিয়ে আলোচনা-সমালোচনা এখনো শেষ হয়নি। ফাইল ছবি

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন লিয়ান্দ্রো পারেদেস। এবার সেই শাস্তি নিয়ে নীরবতা ভাঙলেন আর্জেন্টাইন মিডফিল্ডার। ফিফার দেওয়া নিষেধাজ্ঞাকে অতিরিক্ত মনে করছেন তিনি। তবে আপিলের মাধ্যমে শাস্তি কমানোর আশায় আছেন পারেদেস।

আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনে নিজেদের সবশেষ ম্যাচে লানুসকে ১-০ গোলে হারিয়েছে বোকা জুনিয়র্স। ম্যাচ শেষে লা বোম্বোনেরায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির অধিনায়ক পারেদেস। সেখানেই উঠে আসে নিষেধাজ্ঞার প্রসঙ্গ।

ফিফার দেওয়া শাস্তি নিয়ে পারেদেস বলেন, ‘আমার কাছে এটি অতিরঞ্জিত মনে হচ্ছে। কারণ অদ্ভুত ব্যাপার হলো, গাভি এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছে, অথচ সেই আমাকে বুকে ঘুষি মেরেছিল। তবে যা হওয়ার হয়েছে। এখন আমাদের শুধু আপিল করতে হবে এবং দেখতে হবে, তারা শাস্তি কমাতে পারে কি না।’

বিশ্বকাপ ফাইনালের পর সংঘর্ষের ঘটনায় পারেদেস ছাড়াও শাস্তি পেয়েছেন আর্জেন্টিনার নাউয়েল মলিনা ও থিয়াগো আলমাদা। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সহকারী রবার্তো আয়ালাও রয়েছেন নিষেধাজ্ঞার তালিকায়।

তবে আর্জেন্টিনার জন্য কিছুটা স্বস্তির খবরও রয়েছে। সংশ্লিষ্টদের নিষেধাজ্ঞা এখন থেকে ‘এ’ ক্যাটাগরির প্রীতি ম্যাচেও ভোগ করা যাবে। ফলে পারেদেস ও অন্য শাস্তিপ্রাপ্তরা প্রীতি ম্যাচে নিষেধাজ্ঞার ম্যাচগুলো কাটিয়ে নেওয়ার সুযোগ পাবেন।

চলতি বছরের বাকি সময়ে ফিফা ক্যালেন্ডারে দুটি আন্তর্জাতিক উইন্ডো রয়েছে। প্রথমটি ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত, যেখানে সর্বোচ্চ চারটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। দ্বিতীয়টি ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত, যেখানে সর্বোচ্চ দুটি ম্যাচ আয়োজন করা যাবে। অর্থাৎ ১০ ম্যাচের পুরো নিষেধাজ্ঞা বহাল থাকলে পারেদেস ২০২৬ সালে সর্বোচ্চ ছয়টি ম্যাচের শাস্তি ভোগ করতে পারবেন।

তবে নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর চেষ্টা চালিয়ে যাবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। পারেদেসও আশাবাদী, আপিলের মাধ্যমে শাস্তি কমিয়ে আনা সম্ভব হবে।

এই প্রসঙ্গে পারেদেস বলেন, ‘আমার মনে হয় শাস্তি কমানো সম্ভব, কারণ আমার কাছে এটি অতিরিক্ত মনে হচ্ছে। এ নিয়ে কিছু মানুষ কাজ করছেন, আর আশা করছি, এটি সম্ভব হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত