Ajker Patrika

৮ উইকেট নেওয়া আব্বাসকে কেন বাদ দিল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
৮ উইকেট নেওয়া আব্বাসকে কেন বাদ দিল পাকিস্তান
অধিনায়ক বাবরের সঙ্গে আব্বাস। ছবি: সংগৃহীত

পোর্ট অব স্পেন টেস্টে পাকিস্তানের একাদশে চোখ পড়তেই রীতিমতো অবাক সবাই। অবধারিতভাবেই যাঁর থাকার কথা ছিল, সেই মোহাম্মদ আব্বাসের নামই নেই একাদশে! খোঁজ নিয়ে জানা গেল কোনো চোটও নেই এই পেসারের। তাহলে কেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশে নেই আব্বাস?

সেই উত্তর মেলানোর আগে ত্রিনিদাদ টেস্টে আব্বাসের পারফরম্যান্স দেখে আসা যাক। ওয়েস্ট ইন্ডিজের কাছে সে ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৯০ রানে হেরে গেছে পাকিস্তান। দল বড় ব্যবধানে হারলেও বল হাতে ছড়ি ঘুরিয়েছেন আব্বাস। দুর্দান্ত বোলিংয়ে দুই ইনিংসে নেন ৮ উইকেট; প্রথম ইনিংসে ৩ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে তুলে নেন ৫ উইকেট। এরপরও একাদশে জায়গা হলো না তাঁর।

আব্বাসের একাদশ থেকে বাদ পড়া অনুমিতভাবেই প্রশ্নের জন্ম দিয়েছে সংশ্লিষ্টদের মনে। হচ্ছে তুমুল সমালোচনা। এই পেসারকে না নেওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল, সেটা প্রমাণ হয়েছে প্রথম দিনেই। বদলি হিসেবে নামা অভিষিক্ত উবাইদ শাহ ১ উইকেট নিলেও ৯ ওভারে ৬.২২ ইকোনমিতে দিয়েছেন ৫৬ রান। প্রথম দিনের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ২৩৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

তবে দিনের খেলা শেষে আলোচনার বিষয়বস্তু হয়ে থাকল একাদশ থেকে আব্বাসের বাদ পড়া। বাবর আজম অবশ্য সেই প্রশ্নের উত্তর দিয়েছেন টসের সময়ই। জানিয়েছেন, কন্ডিশনের কারণেই বাদ পড়েছেন আব্বাস।

আব্বাস কেন নেই, ইয়ান বিশপের এই প্রশ্নের জবাবে বাবর বলেন, ‘এটা পুরোপুরি কন্ডিশনের কারণে। এখানকার উইকেটের চাহিদা আলাদা। তাই একজন অতিরিক্ত স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়েছি।’

এই টেস্টে চার পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে পাকিস্তান। সবকটি পরিবর্তনই এসেছে কন্ডিশন বিবেচনায়। এই প্রসঙ্গে বাবর আরও যোগ করেন, ‘কন্ডিশনের কথা মাথায় রেখেই আমরা কয়েকটি পরিবর্তন করেছি। শানের জায়গায় খেলছে আবদুল্লাহ শফিক। সব মিলিয়ে আমরা চারটি পরিবর্তন এনেছি, যার মধ্যে দুজন অভিষিক্ত। দ্বিতীয় টেস্টে ভালো করতে হলে আমাদের আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে হবে। ব্যাটিংয়ে যেন একসঙ্গে অনেক উইকেট না হারাই। বড় বড় জুটি গড়তে হবে। আর বোলিংয়েও একইভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত