
ঢাকা থেকে সিঙ্গাপুর হয়ে ডারউইনে পা রাখে বাংলাদেশ দল। সফরকারীদের জন্য বিমানবন্দরেই কিছুটা চমক রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বিমানবন্দর থেকে বের হওয়ার গেটেই বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ব্যানার চোখে পড়েছে ক্রিকেটারদের। সেখানে ভেন্যু, ম্যাচ শুরুর দিনক্ষণও উল্লেখ করা আছে।
একে তো বাংলাদেশের চেয়ে শক্তির বিচারে বেশ এগিয়ে অস্ট্রেলিয়া। তার ওপর নিজেদের মাঠে খেলা। সব মিলিয়ে আসন্ন সিরিজে ফেবারিটের তকমা থাকছে অজিদের গায়েই। তবে ডারউইন বিমানবন্দরের ছোট আয়োজনই বলে দিচ্ছে, বাংলাদেশের বিপক্ষে সিরিজটা কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে প্যাট কামিন্সের দল।
কিছুটা আগেভাগেই অস্ট্রেলিয়া পৌঁছেছে বাংলাদেশ। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৩ আগস্ট। তার আগে হাতে সময় থাকলেও হেলায় নষ্ট করছে না অতিথিরা। দীর্ঘ ভ্রমণ শেষে বিশ্রাম নিয়ে আজ প্রথমবারের মতো অনুশীলন শুরু করেছে শান্ত-মুশফিকরা। টিম বাস থেকে মাঠের পাশে নামতেই রোদের ঝলকানি। প্রকৃতির এমন উষ্ণ অভ্যর্থনা সিরিজ শুরুর আগে মন ভালো করবে তাতে সন্দেহ নেই। আগস্ট মাসে ডারউইনের আকাশে মেঘ থাকে না বললেই চলে। রোদের সঙ্গে এদিন বাতাসও ছিল।
শুরুতে অনুশীলনের জন্য নিজেদের প্রস্তুত করে নেন ক্রিকেটাররা। এরপর কিছুক্ষণ চলে ওয়ার্মআপ। গা গরম শেষে অনুশীলনের পালা। তার আগে ক্রিকেটারদের উদ্দেশে কিছু একটা বলছিলেন প্রধান কোচ ফিল সিমন্স। ক্লাসের প্রধান শিক্ষকের কথা মনোযোগী ছাত্রের মতো শুনছিলেন শান্ত, মুশফিক, তাইজুল, সাদমানরা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে কীভাবে প্রস্তুতি নিতে হবে, সিমন্স যেন সে বার্তাই দিচ্ছিলেন শিষ্যদের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেখানকার কন্ডিশন নিয়ে। তাসমান পাড়ের দেশটিতে এর আগে সবশেষ ২০০৩ সালে টেস্ট খেলেছিল এশিয়ার দলটি। ২৩ বছর পর আবার অজিদের মাঠে লম্বা সংস্করণে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। সিরিজে বাংলাদেশের ব্যাটারদের কঠিন পরীক্ষা দিতে হবে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্কদের সামনে।
ব্যাটাররা সে পরীক্ষায় পাস করবে কি না সেটা এখনই বলার উপায় নেই। তবে প্রথম দিনের অনুশীলনে শতভাগ মনোযোগ ছিল সবার। নেটে লম্বা সময় ধরে ব্যাটিং-বোলিং করেছেন ক্রিকেটাররা। অধিনায়ক শান্তকে বল ছুঁড়েছেন মোহাম্মদ আশরাফুল। পাশের নেটে এক ব্যাটারকে ব্যাটিংয়ের শ্যাডো করে দেখাচ্ছিলেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। বাংলাদেশের বোলারদের পাশাপাশি এদিন নেট বোলাররাও হাত ঘুরিয়েছেন দীর্ঘক্ষণ। সাদমান, মুশফিক, অমিতরাও ব্যাটিং সেরেছেন দারুণভাবেই।
বোলিংয়ে তাসকিন, খালেদ আহমেদ, মুশফিক হাসানরাও যেন প্রথম দিনেই কন্ডিশন বুঝে নিয়ে মুন্সিয়ানা দেখাতে চাইলেন। প্রথম ধাপে অস্ট্রেলিয়ার বিমানে চড়া ক্রিকেটাররাই প্রথম দিনের অনুশীলনে ছিলেন। দ্বিতীয় বহর অস্ট্রেলিয়ার পথে থাকায় প্রথম দিনের অনুশীলনে পুরো দল পাননি সিমন্স।
ডারউইনে গিয়ে অনুশীলনের জন্য সব রকমের সুবিধা পেয়েছে বাংলাদেশ। তাইজুলের কণ্ঠে তাই তৃপ্তির সুর। একই সঙ্গে নিজেদের অনুশীলন নিয়েও বেশ সন্তুষ্ট এই বাঁ হাতি স্পিনার। বিসিবির এক ভিডিও বার্তায় তাইজুল বলেন, ‘ভ্রমণটা ভালো ছিল। আসার সময় আমরা একটা ট্রানজিট পেয়েছিলাম। ট্রানজিটে আমরা বিশ্রাম নিতে পেরেছি। তো সবকিছু মিলিয়ে ভালো ছিল।’
এরপরই নিজেদের অনুশীলন নিয়ে কথা বলেন তাইজুল, ‘আমরা এখানে ভালো সুবিধা পাচ্ছি। প্রস্তুতিটাও ভালো হচ্ছে। আলহামদুলিল্লাহ প্রথম দিনের অনুশীলন ভালো হয়েছে। এখানে সুবিধা অনেক ভালো। উইকেট, ফিল্ডিং, রানিং অনুশীলন থেকে শুরু করে সব ধরনের কাজই আমরা করতে পেরেছি। তো খুবই ভালো গেছে।’

যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম অখিলেশ রেড্ডিকে আট বছর নিষিদ্ধ করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। দুর্নীতির দায়ে সব ধরনের ক্রিকেট থেকে ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটারকে নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১৫ মিনিট আগে
লেগস্পিনের ঘূর্ণিজাদুতে ব্যাটারদের ভড়কে দিতে ভালোই জানেন রশিদ খান। গতকাল ‘দ্য হান্ড্রেডে’ ক্যারিয়ারসেরা বোলিং করেছেন তিনি। গুনে গুনে নিয়েছেন ৫ উইকেট। ম্যাচসেরার পুরস্কার পেয়ে ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন আফগান তারকা লেগস্পিনার।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ জয়ের উদ্যাপন শেষ হতে না হতেই স্পেনের ফুটবলারদের সামনে খুলে গেছে আরেকটি মঞ্চ। সেটি মাঠের নয়, ইউরোপের দলবদলের বাজার। প্রতি বিশ্বকাপের পরই সেরা পারফরমারদের ঘিরে ক্লাবগুলোর আগ্রহ বেড়ে যায়। তবে এবার যেন সেই চিত্র আরও স্পষ্ট। লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে বিশ্বকাপ জেতা স্পেন দলের একাধিক ফুটবলারকে
২ ঘণ্টা আগে
পোর্ট অব স্পেন টেস্টে পাকিস্তানের একাদশে চোখ পড়তেই রীতিমতো অবাক সবাই। অবধারিতভাবেই যাঁর থাকার কথা ছিল, সেই মোহাম্মদ আব্বাসের নামই নেই একাদশে! খোঁজ নিয়ে জানা গেল কোনো চোটও নেই এই পেসারের। তাহলে কেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশে নেই আব্বাস?
৩ ঘণ্টা আগে