ঢাকা: সাউদাম্পটনে আজ শুরু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। রোজ বোলের সবুজ প্রান্তরে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা দুটি দলের লড়াই ছাপিয়ে একটা ব্যক্তিগত দ্বৈরথও দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। লড়াইটা সময়ের দুই সেরা ব্যাটসম্যানের। লড়াইটা সময়ের দুই সেরা অধিনায়কের। লড়াইটা বিরাট কোহলি আর কেন উইলিয়ামসনের।
২২ গজে শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে কঠিন পরীক্ষাই শুধু নয়; কোহলি-উইলিয়ামসনের অধিনায়কত্বের বড় পরীক্ষাও হয়ে যাবে এই ফাইনালে। মাহেন্দ্র সিং ধোনির কাছ থেকে অধিনায়কত্বের ব্যাটনটা হাতে নেওয়ার পর ভারতকে ভালোভাবে এগিয়ে নিচ্ছেন কোহলি। তাঁর নেতৃত্বে ভারত যে ৬০টি টেস্ট খেলেছে, তার ৩৬টিতেই জিতেছে। ভারতের সবচেয়ে বেশি টেস্ট বিজয়ী অধিনায়ক কোহলিই। তাঁর হার আছে ১৪ টেস্টে আর ১০টিতে ড্র। উইলিয়ামসনের অধিনায়কত্বের গল্পটাও কোহলির মতোই। কোহলি যেমন কিছু সময় ধোনির ছায়াতলে থেকে পোক্ত হয়ে অধিনায়কত্ব পেয়েছেন। উইলিয়ামসন নিজেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া শিখেছেন ব্রেন্ডন ম্যাককালামের পাশে থেকে।
২০১৬ সালে হ্যাগলি ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হয়েছিল কিউইদের ম্যাককালাম যুগের। উইলিয়ামসনের নেতৃত্বে ৩৬টি টেস্ট খেলেছে নিউজিল্যান্ড। ২১টিতেই জয়ী দলে ছিলেন উইলিয়ামসন। হারতে হয়েছে ৮টি, ড্র হয়েছে ৭টি টেস্ট। অধিনায়ক হিসেবে টেস্টে জয়ের শতাংশে অবশ্য সামান্য ব্যবধানে কোহলি এগিয়ে—৬০ শতাংশ। আর উইলিয়ামসন ৫৮.৩ শতাংশ। অধিনায়ক হিসেবে দুজনের ব্যক্তিগত পারফরম্যান্সেও খুব একটা পার্থক্য নেই। ৬০ ম্যাচে ৫৮.৬ গড়, ২০ সেঞ্চুরিতে কোহলির রান ৫৩৯২। আর ৩৬ টেস্টে ১১ সেঞ্চুরিতে ৬০.৬ গড়ে উইলিয়ামসন করেছেন ৩০৯২ রান। পরিসংখ্যানই বলছে, সামনে থেকেই নেতৃত্ব দিয়ে থাকেন দুই অধিনায়ক।
ফাইনালের আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের টেস্ট অবশ্য খুব একটা ভালো যায়নি উইলিয়ামসনের। প্রথম টেস্টে দুই ইনিংসে নিউজিল্যান্ড অধিনায়কের অবদান ১৪ রান। কনুইয়ের চোটে পড়ে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট খেলতেই পারেননি উইলিয়ামসন। অদ্ভুত ব্যাপার, বেশির ভাগ মাঠেই রানের ফোয়ারা ছোটানো কিউই অধিনায়কের ব্যাট কথা বলতে ভুলে যায় ইংল্যান্ডে এলেই! ৫০ ছাড়ানো উইলিয়ামসনের টেস্ট ক্যারিয়ার গড়টা অবশ্যই আকর্ষণীয়। তবে ইংলিশ কন্ডিশনে সেটিই বড় মলিন—২৬.১০! ইংলিশদের মাটিতে পাঁচ টেস্ট খেলে উইলিয়ামসন করেছেন ২৬১ রান। এর ১৩২ রানই এসেছে ২০১৫ সালে ইংল্যান্ডের মাটিতে একমাত্র সেঞ্চুরি থেকে।
ইংলিশদের মাটিতে কোহলির পরিসংখ্যানও অবশ্য উইলিয়ামসনের মতো সাধারণ মানের ছিল। ২০১৪ সালে ইংল্যান্ডে নিজের প্রথম সফরে জিমি অ্যান্ডারসনদের বিপক্ষে যথেষ্ট খাবি খেয়েছিলেন ভারতীয় ব্যাটিং সেনসেশন। ৫ টেস্টের সিরিজে ১৩.৪০ গড়ে তাঁর রান ১৩৪। এ নিয়ে তখন কম কথা শুনতে হয়নি কোহলিকে। মাঠের বাজে পারফরম্যান্সের খেসারত হিসেবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও খোঁচাখুঁচি হয়েছিল যথেষ্ট! প্রশ্ন উঠেছিল তাঁর সঙ্গে যাওয়া বান্ধবী আনুশকা শর্মাকে নিয়েও।
কোহলি তাতে সাময়িক বিরক্ত হলেও ভেঙে পড়েননি। সমস্যার সমাধান করেছেন চার বছর পরের সফরেই। অফ স্টাম্পের বাইরের বলে যে দুর্বলতায় বারবার অ্যান্ডারসনদের বিপক্ষে ভুগেছিলেন, সেটা কাটিয়ে উঠেছিলেন ২০১৮ সালে ইংল্যান্ডের মাটিতে নিজেদের পরের সিরিজেই। সিরিজটা ভারত হেরেছিল ৩–১ ব্যবধানে। এই স্কোর লাইন থেকে মোটেও বোঝার উপায় নেই ইংলিশদের সঙ্গে ভারত কী হাড্ডাহাড্ডি লড়াইটা না করেছিল! আর সেই লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রের নাম বিরাট কোহলি! ৫৯.৩ গড়ে করেছিলেন ৫৯৩ রান। ১০ ইনিংসের সাতটিতেই ৫০ পেরিয়েছিলেন, যার দুটিই আবার রূপ দিয়েছিলেন সেঞ্চুরিতে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের এই প্রতিযোগিতায় অবশ্য কোহলি-উইলিয়ামসনের কেউই সেরা ৫ রান সংগ্রাহকের তালিকায় নেই। ১৪ টেস্টে ৪৩.৮৫ গড়ে কোহলি করেছেন ৮৭৭ রান। সেঞ্চুরি আছে দুটি। মোট রানে উইলিয়ামসন পিছিয়ে থাকলেও ছাড়িয়ে গেছেন সেঞ্চুরির সংখ্যায়। ৯ টেস্টে উইলিয়ামসন করেছেন ৮১৭ রান। সেঞ্চুরি তিনটি। দুজনের অধিনায়কত্বে এখনো বড় কোনো শিরোপা জেতেনি দল। সর্বশেষ এই ইংল্যান্ডেই ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল কোহলিদের। ফাইনালে ইংলিশদের কাছে বাউন্ডারি সংখ্যায় হেরে শিরোপাটা ছুঁতে গিয়েও ছোঁয়া হয়নি উইলিয়ামসনদের!
রাগবির জনপদে ক্রিকেটের কেউ যদি বিশ্বকাপ ট্রফি নিয়ে আসতে পারে, সেটা উইলিয়ামসন। শেষবেলায় নিউজিল্যান্ড কিংবদন্তি প্রয়াত মার্টিন ক্রো এমনই আশা করেছিলেন। বিশ্বকাপ ট্রফির আশা পূরণ না হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের মর্যাদার ট্রফিটা নিশ্চয়ই ওপার থেকে উইলিয়ামসনদের হাতেই দেখতে চাইবেন ক্রো! কোহলিদের দিকেও তাকিয়ে ভারতের ১৩০ কোটি মানুষ। এমনিতেই মহামারিতে বিপর্যস্ত গোটা ভারতবর্ষ। এখন কোহলিদের সুযোগ, ক্রিকেটীয় সাফল্যে কঠিন সময়ে বিপন্ন মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানো।
অবশ্য এত হিসাব–নিকাশে না গিয়ে ক্রিকেটপ্রেমীদের একটিই চাওয়া, সাউদাম্পটনে লড়াইটা হোক জমজমাট। তার আগে অবশ্য সবাইকে তাকিয়ে থাকতে হচ্ছে আকাশের দিকে। বৃষ্টিভেজা আবহাওয়া যে দেরি করিয়ে দিচ্ছে মহারণটা শুরু হতে।










