
রিশাদ হোসেন ইনিংসের পঞ্চম বলে ছক্কা মারতে পারলেন না। তখনই ফাইনাল নিশ্চিত করে ফেলে পাকিস্তান। ইনিংসের শেষ বলে হারিস রউফ ডট দিয়ে সারেন আনুষ্ঠানিকতা। বাংলাদেশ ১১ রানে হেরে যাওয়ায় এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার হতে যাচ্ছে ভারত-পাকিস্তান ফাইনাল।
দুবাইয়ে পরশু ২০২৫ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এবারের এশিয়া কাপে দুই দলের মাঠের লড়াইয়ের চেয়ে ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের করমর্দন না করা, সাহিবজাদা ফারহানের একে-৪৭ উদ্যাপন, ভারতীয় দর্শকদের উদ্দেশে হারিস রউফের বিমানধসের ইঙ্গিত দেওয়া—এসব ঘটনায় বেশি আলোচনা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ পাকিস্তান ২০২২ এশিয়া কাপে ভারতের বিপক্ষে জয় পেয়েছে।
ফাইনালেই যদি ভারতের বিপক্ষে পাকিস্তানের অপেক্ষা ফুরোয়, তাহলে মন্দ কি! শোয়েব আখতার চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইয়ের আগে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান দলকে উজ্জীবিত করেছেন। দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শেষে এক টেলিভিশন অনুষ্ঠানে শোয়েব আখতার বলেন, ‘রোববারের ফাইনালে ভারতের অহংবোধে আঘাত করতে হবে পাকিস্তানের। আপনাকে আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলতে হবে। যখন এভাবে খেলবেন, তখন ভারত বুঝতে পারবে, রানের জন্য তাদের বড় শট খেলতে হবে।’
পাকিস্তান গত রাতে টস হেরে আগে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৮ উইকেটে ১৩৫ রান তুলেছে। দুবাইয়ের পিচ যতই ধীরগতির হোক, অনেকে তখন বাংলাদেশকে ফাইনালে দেখে ফেলেছেন। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানের জাদু যে তখনো বাকি। শাহিন শাহ আফ্রিদি, সায়েম আইয়ুবদের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ থেমে গেছে ৯ উইকেটে ১২৪ রানে। ভারতের বিপক্ষেও এমন মানসিকতা নিয়ে পাকিস্তানকে খেলার পরামর্শ শোয়েবের। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে যে মানসিকতা নিয়ে খেলেছে পাকিস্তান, ভারতের বিপক্ষে ফাইনালেও সেভাবে খেলতে হবে। শুধু ২০ ওভার বোলিং করলে হবে না, উইকেট তুলে নিতে হবে।’
এবারের এশিয়া কাপে ভারত পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে। ২৪৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক অভিষেক শর্মা। ভারতীয় এই ব্যাটার এখন পর্যন্ত রান করেছেন ২০৬.৬৬ স্ট্রাইকরেটে। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় আছেন অভিষেকের সতীর্থ কুলদীপ যাদব। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শেষে দুবাইয়ে গত রাতে বাংলাদেশি গণমাধ্যমের সঙ্গে ওয়াসিম আকরাম কথা বলেছেন ভারত-পাকিস্তান ফাইনাল নিয়েও। পাকিস্তানি কিংবদন্তি বাঁহাতি পেসার বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচে ভারত অবশ্যই ফেবারিট। কিন্তু আমরা সবাই জানি, এই সংস্করণে যেকোনো কিছু হতে পারে। পাকিস্তান দলের উচিত এই মোমেন্টাম ফাইনালে নিয়ে নিজেদের সেরা ক্রিকেট খেলা।’
এশিয়া কাপে সর্বোচ্চ আটবার শিরোপা জিতেছে ভারত। শ্রীলঙ্কা ও পাকিস্তান ছয়বার ও দুবার চ্যাম্পিয়ন হয়েছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে। আজ ফাইনালে নামার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে সূর্যকুমার যাদবের ভারত। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে সুপার ফোরের ভারত-শ্রীলঙ্কা নিয়মরক্ষার ম্যাচ।

শেষ বাঁশি বাজার পরও টমাস টুখেলের মুখে তৃপ্তির ছাপ ছিল না। বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড, কিন্তু তাঁর চোখে ধরা পড়েছে ভুলে ভরা একটি পারফরম্যান্স। তাতে জুড বেলিংহামের পারফরম্যান্সে অবশ্য আঁচ পড়েনি।
২২ মিনিট আগে
এমানুয়েল গুতিয়েরেস। ডাকনাম মানু। তাঁর সঙ্গে প্রথম দেখা কানসাসে, আর্জেন্টিনার ট্রেনিং সেন্টারে। পরে আবার দেখা কানসাস স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে। ভেনেজুয়েলার তরুণ স্বাধীন সাংবাদিক (ফ্রিল্যান্সার) মানু গুতিয়েরেস এবারের বিশ্বকাপে এমন সব সাক্ষাৎকার নিয়েছেন, যা অনেক প্রতিষ্ঠিত সাংবাদিকের কাছেও ঈর্ষণীয়।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দুই দলই শেষ চারের টিকিট নিশ্চিত করেছে কঠিন লড়াই পেরিয়ে। তবে সেমিফাইনালের আগে শারীরিক অবস্থার দিক থেকে কিছুটা সুবিধা পাচ্ছে ইংলিশরা। কারণ নকআউট পর্বে সমানভাবে অতিরিক্ত সময় খেললেও আর্জেন্টিনার ওপর দিয়ে গেছে তুলনামূলক বেশি ধকল।
৫ ঘণ্টা আগে
ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের হাওয়া বইছে। বেন স্টোকসের আকস্মিক অবসর ঘোষণার মাত্র দুই সপ্তাহের মাথায় টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে বিদায় নিতে হলো ব্রেন্ডন ম্যাককালামকে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো স্টোকস-ম্যাককালামের বহুল আলোচিত বাজবল যুগ।
৫ ঘণ্টা আগে