Ajker Patrika

পাকিস্তানের বিশ্বকাপের ভেন্যু সাজাতে ৭১ কোটি টাকা খরচ শ্রীলঙ্কার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০: ৫৫
পাকিস্তানের বিশ্বকাপের ভেন্যু সাজাতে ৭১ কোটি টাকা খরচ শ্রীলঙ্কার
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচ পাকিস্তান খেলবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে। প্রথমবারের মতো ফ্লাডলাইটের আলোয় আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে এই স্টেডিয়ামে। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বাদ দেওয়ার পর পাকিস্তানের বিশ্বকাপ বর্জন নিয়ে আলোচনা জোরালো হয়ে ওঠে। বাংলাদেশের মতো অবশ্য পাকিস্তান বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেনি। আগামীকাল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান। যে মাঠে তারা খেলতে নামবে, সেই স্টেডিয়াম আধুনিকায়ন করতে মোটা অঙ্কের টাকা খরচ হয়েছে।

রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। এমনকি কেউ কারও মাঠে গিয়ে খেলছে না। ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান সব ম্যাচ খেলবে লঙ্কায়। বাংলাদেশ সময় সকাল ১১ টা ৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান-নেদারল্যান্ডস। এই ম্যাচ হবে দিনের আলোতে। তবে এবারের বিশ্বকাপেই প্রথমবারের মতো ফ্লাডলাইটের আলোতে হবে আন্তর্জাতিক ক্রিকেট। স্টেডিয়ামের পাশে ছয়টি টাওয়ার বসানো হয়েছে। যার মাধ্যমে পুরো মাঠের অবস্থা পর্যবেক্ষণ করা যাবে। আশপাশে রয়েছে একগুচ্ছ এলইডি ফ্লাডলাইট। ক্রিকইনফোর আজকের এক প্রতিবেদনে জানা গেছে, এলইডি ফ্লাডলাইটের পেছনে খরচ হয়েছে ১৮০ কোটি লঙ্কান রুপি। বাংলাদেশি মুদ্রায় ৭১ কোটি ১৬ লাখ টাকা।

কলম্বোর এসএসসিতে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে গত বছরের জুনে। সেবার টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৭৮ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সবশেষ হয়েছে ১৬ বছর আগে। এখন পর্যন্ত এই মাঠে কেবল দুই আন্তর্জাতিক টি-টোয়েন্টি হয়েছে। যদিও ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এসএসসিতে কোনো ম্যাচই খেলা হয়নি শ্রীলঙ্কার। কানাডা-আফগানিস্তান, কানাডা-আয়ারল্যান্ড—২০১০ সালে এই দুই টি-টোয়েন্টি হয়েছিল কলম্বোর এসএসসিতে।

২০০৯ সালেই কলম্বোর এসএসসিতে ফ্লাডলাইট বসানোর পরিকল্পনা ছিল। কিন্তু ক্লাবগুলোর মধ্যে বিরোধসহ নানা কারণে সেই প্রকল্প এগোয়নি। টি-টোয়েন্টি ক্রিকেটে যেখানে দিবারাত্রির খেলা অহরহ হচ্ছে, সেখানে এসএসসি অনেকটাই পিছিয়ে। এসএসসি ক্রিকেট কমিটি চেয়ারম্যান সামান্তা দোদানওয়েলা বলেন, ‘এই ভেন্যু শহরের প্রাণকেন্দ্র। সন্ধ্যায় এই ক্লাবে অনেক লোকের আনাগোনা দেখা যায়। দর্শক সব সময় থাকবেই।’

সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেট এই মাঠে সবশেষ হয়েছে ২০২৩ সালে। সে বছরের মে মাসে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৪৪ রানে হারায় শ্রীলঙ্কা। আর ছেলেদের সাদা বলের ক্রিকেট সবশেষ হয়েছে ২০২০ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় পায় শ্রীলঙ্কা। আন্তর্জাতিক ক্রিকেটে কলম্বোর এসএসসির অনেক খ্যাতি রয়েছে। এই মাঠেই ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬২৪ রানের জুটি গড়েছিলেন মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা। এই এসএসসিতেই ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ১৯ রানে ৮ উইকেট নিয়েছিলেন চামিন্দা ভাস।

পাকিস্তানের গ্রুপ পর্বের চার ম্যাচের একটি হবে কলম্বোর প্রেমাদাসায়। ১৫ ফেব্রুয়ারি এই মাঠে হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচ। যদিও এই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে অনেক যদি-কিন্তু রয়েছে। গ্রুপ পর্বের তিন ম্যাচ সালমান-শাহিন শাহ আফ্রিদিরা খেলবেন কলম্বোর এসএসসিতে।

আগামীকাল বিশ্বকাপ শুরুর প্রথম দিন রয়েছে তিন ম্যাচ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। একই দিন কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে মাঠে গড়াবে স্কটল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। আর মুম্বাইয়ে ওয়াংখেড়েতে ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি, ছাত্রদলে ১১ হল ভিপি ও জিএস

ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জাবের-আম্মারসহ আহত কয়েকজন

তবে কি এপস্টেইনই ছিলেন বিটকয়েনের রহস্যময় স্রষ্টা ‘সাতোশি’

চীনের হোটেলে গোপন ক্যামেরার বাণিজ্য, পর্নো সাইটে নিজেকে আবিষ্কার করছেন দর্শকেরা

পাঞ্জাবে ক্ষমতাসীন দলের আরেক নেতাকে গুলি করে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত