Ajker Patrika

ঝুঁকি না নিয়ে ২০০ শতাংশ নিশ্চিত হতে চায় ভারতীয় বোর্ড

ক্রীড়া ডেস্ক    
ঝুঁকি না নিয়ে ২০০ শতাংশ নিশ্চিত হতে চায় ভারতীয় বোর্ড
প্রধান কোচ গম্ভীরের সঙ্গে নির্বাচক আগারকার। ছবি: সংগৃহীত

চোটাক্রান্ত ক্রিকেটারদের দলে ফেরানোর ক্ষেত্রে আর কোনো ঝুঁকি নিতে চায় না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সাম্প্রতিক সময়ে সমালোচনার মুখে পড়ার পর এবার ফিটনেস ইস্যুতে কঠোর হতে যাচ্ছে বিসিসিআই।

সম্প্রতি চোট থেকে ফেরা বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে ফিরিয়ে তোপের মুখে পড়েছিল বিসিসিআই। সংশ্লিষ্ট ক্রিকেটাররা পুনরায় চোটে পড়ায় হিতে বিপরীত হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলতেও ছাড়েনি নেটিজেনরা। তাই চোটাক্রান্ত ক্রিকেটারদের নিয়ে এখন থেকে ২০০ শতাংশ নিশ্চিত হতে চায় বিসিসিআই।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণাতেই সেই সতর্কতার ইঙ্গিত পাওয়া গেছে। মঙ্গলবার ঘোষিত দলে নিতিশ কুমার রেড্ডি, যশপ্রীত বুমরা, ওয়াশিংটন সুন্দর ও হর্শিত রানার নামের পাশে তারকা চিহ্ন দেওয়া হয়েছে। অর্থাৎ, তাঁদের দলে অন্তর্ভুক্তি ফিটনেসের ওপর নির্ভরশীল।

গত কয়েক মাসে চোট ব্যবস্থাপনা নিয়ে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স (সিওই) সমালোচনার মুখে পড়েছে। হর্শিত, বুমরা, ওয়াশিংটন ও রেড্ডিকে চোট থেকে ফেরার পর আন্তর্জাতিক দায়িত্বে নেওয়া হলেও মাঠে সংক্ষিপ্ত সময় খেলার পরই আবার তাঁরা ছিটকে গেছেন। মূলত এ কারণেই বাড়তি সতর্ক থাকতে চাইছে বিসিসিআই।

ক্রিকবাজের এক প্রতিবেদনে নীতি নির্ধারণী প্রক্রিয়ার সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, কোনো খেলোয়াড়কে ছাড়পত্র দেওয়ার আগে শুধু শতভাগ নয়, তাঁর ফিটনেস নিয়ে ২০০ শতাংশ নিশ্চিত হতে চায় বোর্ড।

সূত্রটি বলেছে, ‘শুধু ১০০ শতাংশ নয়, কোনো ক্রিকেটারকে ছাড়পত্র দেওয়ার আগে তাঁর ফিটনেস নিয়ে তারা ২০০ শতাংশ নিশ্চিত হতে চায়।’

সম্প্রতি সেন্টার অব এক্সিলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণও নির্বাচনী প্রক্রিয়ায় ফিটনেস-সংক্রান্ত তথ্যের স্বচ্ছতার বিষয়টি তুলে ধরেছেন। তাঁর মতে, কোনো খেলোয়াড় আন্তর্জাতিক সিরিজে অংশ নেওয়ার জন্য প্রস্তুত না থাকলে সে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে স্পষ্টভাবে জানানো হয়।

লক্ষ্মণ বলেন, ‘তাঁরা (ক্রিকেটাররা) বোঝেন যে, জাতীয় সিরিজে অংশ নেওয়ার জন্য তাঁরা এখনো প্রস্তুত নন। সব সময়ই খেলোয়াড়কেন্দ্রিক এবং দলকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি রাখা হয়। তাই যোগাযোগের বিষয়টিও নির্বিঘ্নে হচ্ছে। আমার মনে হয়, বিসিসিআই যা করেছে, তা হলো—সব ফিটনেস রিপোর্ট এবং নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করেছে।’

দল নির্বাচনের ক্ষেত্রে ফিটনেস সাপেক্ষে শর্ত যুক্ত করার ব্যাখ্যাও দিয়েছেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া। আন্তর্জাতিক সিরিজের তিন থেকে চার সপ্তাহ আগেই দল নির্বাচন করা হয় বলে নির্বাচনের দিন পুরোপুরি ফিট না থাকা কোনো খেলোয়াড়কেও সরাসরি বাদ দেওয়া হয় না। সিরিজ শুরুর আগে নির্ধারিত সময়ের মধ্যে ফিট হয়ে উঠলে তিনি দলে জায়গা ধরে রাখতে পারেন।

সাইকিয়া বলেন, ‘এই ২১ বা ২৮ দিনের মধ্যে যদি সে নির্বাচিত হওয়ার মতো অবস্থায় পৌঁছে যায়, তাহলে তাকে দলে নেওয়া হবে। ঠিক এ কারণেই আমরা তাকে সরাসরি বাতিল করে দিই না। নির্বাচনের দিন তাকে বাদ দেওয়া হচ্ছে, কারণ ওই দিন সে ফিট নয়। কিন্তু কার্যত সফরের জন্য যাত্রা করা বা ম্যাচ খেলার সময়ের মধ্যে সে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত