
টি-টোয়েন্টি বিশ্বকাপ গতকাল শেষ হলেও পাকিস্তানের বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে আরও আগেই। এবার তাদের মাঠে নামতে হবে সাদা বলের আরেক সংস্করণ ওয়ানডেতে। তবে বাংলাদেশে এসে স্বাগতিকদের বিপক্ষে জেতা সহজ হবে বলে মনে করেন না পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন।
সবশেষ গত বছরের জুলাইয়ে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল পাকিস্তান। সেবার মিরপুর শেরেবাংলার উইকেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন হেসন ও টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা। ৮ মাস পর এই মিরপুরে ওয়ানডে সিরিজ খেলবে এই দুই দল। বাংলাদেশ সবশেষ গত বছরের অক্টোবরে ওয়ানডে সিরিজ জেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
পাকিস্তানও ওয়ানডেতে শেষবারের মতো মাঠে নেমেছে গত বছরের নভেম্বরে। ঘরের মাঠে পাকিস্তান ৩-০ ব্যবধানে সিরিজ জেতে শ্রীলঙ্কার বিপক্ষে। তবে বাংলাদেশ সিরিজ চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন হেসন। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে পাকিস্তানের সাদা বলের কোচ বলেন,‘অবশ্যই বাংলাদেশকে হারাতে পারব। তবে বাংলাদেশকে আমরা সম্মান করি। বিশেষ করে হোম কন্ডিশনে। টি-টোয়েন্টি সিরিজের চেয়ে কন্ডিশন অনেক ভিন্ন হবে। সেবার ছিল অধারাবাহিক বাউন্স ও গড়পড়তা উইকেট। এবার অনেক ভালো মনে হচ্ছে। ব্যাটিং-বোলিং দুই দিকেই ভারসাম্য থাকবে। ইদানীং ৫০ ওভারের বেশি ম্যাচ খেলা হয়নি। মানিয়ে নিতে হবে দ্রুতই।’
মিরপুরের ধানখেতের উইকেট নিয়ে সমালোচনা হয় হরহামেশাই। সবশেষ গত অক্টোবরে ওয়ানডে সিরিজে ব্যঙ্গ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আকিল হোসেন। এক ম্যাচে তো পুরো ৫০ ওভারই স্পিন দিয়ে করিয়েছিল উইন্ডিজ। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), অদম্য টি-টোয়েন্টি কাপে তুলনামূলক ভালো উইকেট দেখা গেছে মিরপুরে। উইকেট নিয়ে আজ হেসন বলেন,‘অতীতের চেয়ে বেশি ঘাস এবার দেখতে পেলাম। মাঝখানের ওভারগুলোতে স্পিনে ভরসা করা লাগতে পারে। সেক্ষেত্রে উইকেট নেওয়ার সুযোগ তৈরি হবে। সবকিছু নির্ভর করছে উইকেট কেমন হচ্ছে তার ওপর।’
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে বাবর আজম-সাইম আইয়ুব-ফখর জামানদের নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ছয় নতুন ক্রিকেটার নিয়ে বাংলাদেশে এসেছে পাকিস্তান। যাঁদের মধ্যে সাহিবজাদা ফারহান বাদে বাকি পাঁচ পাকিস্তানির এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। সেই পাঁচ পাকিস্তানি হলেন আবদুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ ও শামাইল হোসেন। সামাদ, সাদাকাত, সাদ মাসুদ এবং শামাইল হোসেন পাকিস্তান শাহিনস দলে ছিলেন। আর ফারহান সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ৩৮৩ রান করেছেন।
হেসনের আশা নতুন ক্রিকেটাররা বাংলাদেশ সিরিজে দারুণ কিছু করে দেখাবেন। সংবাদ সম্মেলনে পাকিস্তানের সাদা বলের কোচ বলেন, ‘যে-ই বাদ পড়ুক, আমি মনে করি এটা যাচাই-বাছাইয়ের সুযোগ। আমরা তরুণদের সুযোগ দেওয়ার তেমন সুযোগ পাই না। এই সার্কিটে অনেক ক্রিকেটার আছে। যেমন ধরুন সাহিবজাদা ফারহান। টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ করেছে। ঘরোয়া ক্রিকেটেও ভালো করেছে ৫০ ওভারের ক্রিকেটে। শামাইল হোসেন অসাধারণ প্রতিভা। প্রথম শ্রেণিতে সর্বোচ্চ রান করেছে। লিস্ট ‘এ’ ক্রিকেটে দারুণ করেছে। গত বছর শাহিনসের হয়েও ভালো করল। আশা করছি নতুনরা ভালো করবে।’
মিরপুরের কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই এখন চ্যালেঞ্জিং মনে করছেন হেসন। পাকিস্তানের সাদা বলের কোচ বলেন, ‘এটা দারুণ এক গ্রুপ। নতুন ছেলেরা পাকিস্তান শাহিনসের হয়ে ভালো খেলেছে। তাদের নিয়ে আমরা রোমাঞ্চিত। পিচে দ্রুত মানিয়ে নেওয়াটাই চ্যালেঞ্জ। কন্ডিশন যেমনই হোক, বাংলাদেশকে চ্যালেঞ্জে ফেলতে হবে। গত ওয়ানডে সিরিজ দারুণ কেটেছে। আমরা সলিড ক্রিকেট খেলে দাপটের সঙ্গে জিতেছি। এই সিরিজ নতুনদের জন চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তুলুজে বিশ্বকাপের কয়েকটি উচ্চ ঝুঁকিপূর্ণ ম্যাচের সময় ১৬ বছরের কম বয়সীদের জন্য রাত্রীকালীন কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। সম্প্রতি পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয় উদযাপনকে কেন্দ্র করে সহিংসতা ও ভাঙচুরের ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৯ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র কয়েক ঘণ্টা। মেক্সিকো সিটিতে বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। এই ম্যাচ শুরুর আগেই আলোচনায় মেক্সিকোর গিলবের্তো মোরা।
২৭ মিনিট আগে
বিবৃতিতে কিট প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি আরও যোগ করে, ‘পর্যালোচনা প্রক্রিয়া চলাকালীন ফিফা সিদ্ধান্ত নেয় যে, তাদের সরঞ্জাম সংক্রান্ত নিয়মাবলীর অধীনে কিছু দৃশ্যমান উপাদান ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ রয়েছে এবং শেষ পর্যন্ত তারা নকশায় পরিবর্তনের অনুরোধ জানায়। যদিও এই ব্যাখ্যাটি আমাদের উদ্দেশ্যের চেয়ে আলা
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ প্রস্তুতিতে যুদ্ধ ও রাজনৈতিক টানাপোড়েন বড় বাধা হয়ে দাঁড়ালেও মেক্সিকোতে গিয়ে ভিন্ন এক অভিজ্ঞতা পেয়েছে ইরান। তিজুয়ানায় স্থানীয় সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা যেন কিছুটা হলেও স্বস্তি দিয়েছে টিম মেল্লিকে।
১ ঘণ্টা আগে