ডাবল সেঞ্চুরিতে সবার ওপরে হৃদয়

সিলেট টেস্টের তৃতীয় দিনের পুরো আলোটাই নিজের দিকে টেনে নিলেন তাওহীদ হৃদয়। মহাবিপদ থেকে দলকে টেনে তোলার পথে অনবদ্য ডাবল সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার।
ডাবল সেঞ্চুরির পর এবার টেস্টে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক বনে গেলেন হৃদয়। এত দিন রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের দখলে। ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রানে অপরাজিত ইনিংস খেলেন অভিজ্ঞ এই ব্যাটার। তাঁকে ছাড়িয়ে আড়াইশর পথে হাঁটছেন হৃদয়।
চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন হৃদয়। মুশফিক ছাড়াও বাকি দুজন হলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সবচেয়ে বেশি তিনটি ডাবল সেঞ্চুরি মুশফিকের নামের পাশে। সাকিব ও তামিম করেছেন একবার করে।
ক্যারিয়ারের তৃতীয় টেস্টে এসে প্রথম সেঞ্চুরির দেখা পান হৃদয়। সেটাকে ডাবলেও রূপ দিলেন তিনি। এর আগে আর কোনো বাংলাদেশি ব্যাটার এমন কীর্তি গড়তে পারেননি।









