
কানাডার পেসার জসকরন সিংকে মিড উইকেট দিয়ে পুল করলেন রাচিন রবীন্দ্র। সেটা যে নিশ্চিত চার হচ্ছে, তা তো বোঝাই গেছে। বল সীমানার দড়ি স্পর্শ করলেও আফগানিস্তানের ভক্ত-সমর্থকদের হৃদয়ে সেটা শেল বিদ্ধ হওয়ার মতোই। কারণ, রাচিনের এই চারে আফগানদের গ্রুপ পর্বে বিদায়ঘণ্টা বেজে গেছে।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজ সকালে নিউজিল্যান্ড-কানাডা ম্যাচে না থেকেও ছিল আফগানিস্তান। যদি কানাডা অঘটন ঘটাত, তাহলে কাগজে-কলমে মোহাম্মদ নবি-রশিদ খানদের সুপার এইটে ওঠার সম্ভাবনা টিকে থাকত। যুবরাজ সিং সামরার রেকর্ড সেঞ্চুরিতে স্কোরবোর্ডে কানাডা ১৭৩ রান তোলার পর আফগানদের হৃদয়ে আশার সঞ্চার হয়েছিল। কিন্তু নিউজিল্যান্ড এই স্কোরকে কোনো স্কোরই মনে করেনি। কানাডার বিপক্ষে ২৯ বল হাতে রেখে ৮ উইকেটে জিতে সুপার এইটে উঠে গেছে কিউইরা।
নিউজিল্যান্ডের আজকের জয়ে আফগানদের সুপার এইটে ওঠার সামান্যতম সম্ভাবনাও শেষ। এর আগে গতকাল ‘ডি’ গ্রুপের প্রথম দল হিসেবে সুপার এইটের টিকিট কেটেছিল দক্ষিণ আফ্রিকা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতকাল সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পায় আফগানরা। এখন আফগানিস্তানের সামনে শেষ ম্যাচটা শুধুই নিয়মরক্ষার। পরশু চেন্নাইয়ে কানাডার বিপক্ষে খেলবে আফগানরা।
কানাডার দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে নেমে দ্রুতই দুই ওপেনারকে হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। ঝড় তোলার ইঙ্গিত দিয়ে ফিন অ্যালেন ৮ বলে ২১ রান করে আউট হয়েছেন। আরেক ওপেনার টিম সাইফার্ট করেন ৬ রান। দ্রুত দুই ওপেনারের উইকেট হারিয়ে কিউইদের স্কোর হয়ে যায় ৩.১ ওভারে ২ উইকেটে ৩০ রান।
জোড়া উইকেট পতনের পর নামেন গ্লেন ফিলিপস। চার নম্বরে নামা ফিলিপস তাণ্ডব চালাতে থাকেন কানাডার বোলারদের ওপর। ২২ বলে তুলে নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১২তম ফিফটি। তৃতীয় উইকেটে ৭৩ বলে ১৪৬ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন ফিলিপস ও রাচিন। ফিফটির দেখা পেয়েছেন রাচিনও। ১৬তম ওভারের প্রথম বলে তাঁর চারেই মূলত নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ডের সুপার এইট। ৩৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় করেন ৫৯ রান। ২৯ বল হাতে রেখে কিউইদের ৮ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন ফিলিপস। ৩৬ বলে ৪ চার ও ৬ ছক্কায় করেছেন ৭৬ রান। ফিল্ডিংয়ে তিনটা ক্যাচও ধরেছেন।
চেন্নাইয়ে আজ টস জিতে আগে ব্যাটিং নিয়ে কানাডা ২০ ওভারে ৪ উইকেটে ১৭৩ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ১১০ রান করেছেন কানাডার ওপেনার যুবরাজ সামরা। ৬৫ বলের ইনিংসে ১১ চার ও ৩ ছক্কা মেরেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা তাঁর প্রথম সেঞ্চুরি। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপেও কানাডার প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। নিউজিল্যান্ডের জ্যাক ডাফি, কাইল জেমিসন, ম্যাট হেনরি, জেমস নিশাম একটি করে উইকেট পেয়েছেন। কানাডার অধিনায়ক দিলপ্রিত বাজওয়া, যুবরাজ, নবনীত ধালিওয়াল—এই তিন ব্যাটারের ক্যাচ ধরেন ফিলিপস। কানাডার আরেক ব্যাটার নিকোলাস কীর্তনকে এলবিডব্লু করেছেন নিশাম।
সর্বশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান সেমিফাইনালে উঠেছিল। বিশ্বকাপ ইতিহাসে এটাই তাদের প্রথম সেমিফাইনাল। সেবার নিউজিল্যান্ডকে হটিয়ে গ্রুপ পর্বের বাধা টপকে গিয়েছিল। এবার আফগানদের কাঁদিয়ে সুপার এইটে উঠল কিউইরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে ভারতের কাছে কোনো রকম পাত্তা পায়নি পাকিস্তান। সালমান আলী আগার দলকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই হারের পেছনে পাকিস্তানের ম্যাচ বর্জন সার্কাসের প্রভাব আছে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।
১ ঘণ্টা আগে
বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে মাহে রমজান। মুসলিম উম্মাহর পবিত্র এই মাসকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরেই বিশেষ ব্যবস্থা চালু রেখেছে ইংল্যান্ড তথা ইউরোপের শীর্ষ ফুটবল টুর্নামেন্ট ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
২ ঘণ্টা আগে
নবগঠিত সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হক। সংসদ সদস্য না হলেও টেকনোক্র্যাট কোটায় এ দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।
৩ ঘণ্টা আগে
প্রথম দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পথ এক রকম তৈরি করে ফেলেছে কানাডা। ক্ষীণ আশাটুকু বাঁচিয়ে রাখতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হবে তাদের। কানাডিয়ানরা শেষ পর্যন্ত এই সমীকরণ মেলাতে পারে কি না সেটা পরের বিষয়। তবে জোড়া কীর্তিতে ঠিকই ম্যাচটি স্মরণীয় করে রাখলেন দলটির ওপ
৩ ঘণ্টা আগে