Ajker Patrika

জিম্বাবুয়েকে কাঁপিয়ে ২৩০ ধাপ এগোলেন সূর্যবংশী

ক্রীড়া ডেস্ক    
জিম্বাবুয়েকে কাঁপিয়ে ২৩০ ধাপ এগোলেন সূর্যবংশী
জিম্বাবুয়ে সিরিজ কাঁপিয়ে ২৩০ ধাপ এগোলেন বৈভব সূর্যবংশী। ছবি: ক্রিকইনফো

আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা মনের মতো হয়নি বৈভব সূর্যবংশীর। ইংল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টি খেলে সর্বসাকল্যে করেছিলেন ৪২ রান। তবে নিজেকে চেনাতে বেশি সময় নেননি সূর্যবংশী। জিম্বাবুয়ে সিরিজে নিজের স্বরূপ দেখালেন তিনি। বিধ্বংসী ব্যাটিংয়ে লম্বা লাফ দিলেন ভারতের বাঁহাতি ব্যাটার।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কাছে ৬ টি-টোয়েন্টি হারের পর জিম্বাবুয়ে সিরিজে প্রথম জয়ের দেখা পায় শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারত। জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে ধবলধোলাইয়ের সিরিজে সূর্যবংশী হয়েছেন সিরিজসেরা। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) র‍্যাঙ্কিং হালনাগাদ করলে দেখা যায়, ২৩০ ধাপ এগিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৪৮ নম্বরে এখন ভারতের এই তরুণ বাঁহাতি ব্যাটার। তাঁর রেটিং পয়েন্ট ৫৩৬। জিম্বাবুয়ে সিরিজে ৫০.৩৩ গড় ও ১৯৬.১০ স্ট্রাইকরেটে করেন ১৫১ রান। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৪৯ বলে ৮১ রান করে একই সঙ্গে ম্যাচসেরা ও সিরিজসেরা হয়েছেন সূর্যবংশী। এই সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সূর্যবংশী করেন ১৯ বলে ৫০ রান।

৯১০ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইশান কিশান। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে তিন ম্যাচে ৪৮.৩৩ গড় ও ১৫৪.২৫ স্ট্রাইকরেটে করেন ১৪৫ রান। শীর্ষ তিনে সাহিবজাদা ফারহান ও অভিষেক শর্মার জায়গা অদলবদল হয়েছে। এক ধাপ পিছিয়ে তিনে নেমে যাওয়া অভিষেকের রেটিং পয়েন্ট ৮১৯। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১১ রান করেছেন তিনি। এই সুযোগে এক ধাপ এগিয়ে দুই নম্বরে ওঠা ফারহানের রেটিং পয়েন্ট ৮৪৮।

দুই ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে এসেছেন তিলক ভার্মা। এগিয়েছেন সদ্য ভারতের আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের অধিনায়ক বনে যাওয়া শ্রেয়াস আইয়ারও। সাত ধাপ এগিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন তিনি। জিম্বাবুয়ে সিরিজে তিন টি-টোয়েন্টিতে ৪০ গড় ও ১২৯.০৩ স্ট্রাইকরেটে করেন ৮০ রান।

টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৩১ ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠে এসেছেন রবি বিষ্ণুই। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৫.৬৬ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। ৭৫৩ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রশিদ খান। দুই ও তিনে থাকা আবরার আহমেদ ও আদিল রশিদের রেটিং পয়েন্ট ৭৩৬ ও ৭১০। আবরার ও আদিল রশিদেরও অবস্থান অপরিবর্তিত।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বকালের সেরা রেটিংয়ের হিসেব করলে সবার ওপরে অভিষেক শর্মা। তাঁর রেটিং পয়েন্ট ৯৩১। এই তালিকায় দুই ও তিনে থাকা ডেভিড মালান ও ইশান কিশানের রেটিং পয়েন্ট ৯১৯ ও ৯১৬। ৯০৯ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছেন বিরাট কোহলি। চারে থাকা সূর্যকুমার যাদবের রেটিং পয়েন্ট ৯১২। তাঁর নেতৃত্বেই এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। আহমেদাবাদে ৮ মার্চ শিরোপা নির্ধারণী ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে শিরোপা নিজেদের কাছেই রেখে দিয়েছে ভারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত