Ajker Patrika

দুই বছর নিষিদ্ধ রোহিত

ক্রীড়া ডেস্ক    
দুই বছর নিষিদ্ধ রোহিত
সব মিলিয়ে ৬৬ জন ক্রিকেটারের ওপর নিষেধাজ্ঞা এনেছে সিএবি। ছবি: ক্রিকইনফো

বয়সের নথিতে অসঙ্গতির কারণে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার রোহিত যাদবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। একই অভিযোগে দেশটির সাবেক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী রবি কুমারসহ আরও ৬৪ ক্রিকেটারের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি।

লেগস্পিনার রোহিত চলতি বছরের জুলাইয়ে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কা সফর করেছিলেন। তবে সিএবির প্রাক-মৌসুম নথিপত্র যাচাইয়ের সময় তাঁর বয়সসংক্রান্ত অসঙ্গতি ধরা পড়ে। সিএবির তথ্য অনুযায়ী, রোহিতের বয়সের সঙ্গে নথিপত্রে ২৭ মাসের পার্থক্য পাওয়া গেছে।

এরপর অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চলতি মাসের শেষ দিকে পাঁচটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচের সিরিজের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ দল থেকে রোহিতকে সরিয়ে নেওয়া হয়। তাঁর নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হয়েছে এবং এ বিষয়ে বিসিসিআইয়ের অধিভুক্ত সব রাজ্য ক্রিকেট সংস্থাকে জানানো হয়েছে।

বয়সভিত্তিক ক্রিকেটে বেঙ্গলের হয়ে খেলা রোহিতের পাশাপাশি নিষেধাজ্ঞার তালিকায় আছেন রবি কুমারও। ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিং করা এই পেসার একই বছর বেঙ্গলের সিনিয়র দলে নিজের প্রথম ম্যাচ খেলেন। তবে ২০২৩ সালের পর আর কোনো ম্যাচ খেলেননি তিনি।

রবি কুমারের বয়সসংক্রান্ত অসঙ্গতি ৪০ মাসেরও বেশি বলে জানা গেছে। তাঁর অভিষেক থেকে ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত বয়সভিত্তিক ক্রিকেটের সব রেকর্ড অবৈধ হিসেবে বিবেচিত হবে।

বয়স জালিয়াতি ঠেকাতে এর আগেও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিসিসিআই। ২০২০ সালে সংস্থাটি একটি অ্যামনেস্টি স্কিমের প্রস্তাব দেয়। এর আওতায় নিবন্ধিত ক্রিকেটাররা স্বেচ্ছায় বয়সের অসঙ্গতি জানিয়ে প্রকৃত জন্মতারিখ প্রকাশ করলে নিষেধাজ্ঞা এড়ানোর সুযোগ পেতেন। তবে পরে নথিপত্র যাচাইয়ে অসঙ্গতি ধরা পড়লে শাস্তির বিধান রাখা হয়েছিল।

অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বয়স যাচাইয়ের সময় ক্রিকেটারদের জন্মসনদের পাশাপাশি স্কুল ও কলেজের শিক্ষাজীবনের যত বেশি সম্ভব নথিপত্র জমা দিতে হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত