এশিয়া কাপ, আইসিসি ইভেন্ট ছাড়া ভারত-পাকিস্তান এখন আর মুখোমুখি হয় না। সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছে ২০১৩ সালে। দুই প্রতিবেশীর ক্রিকেটীয় সম্পর্ক পুনরায় চালু হওয়ার প্রশ্ন যখন উঠেছে, ভারত সেটা অস্বীকার করেছে।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে অংশ নিতেই পাকিস্তান সফরে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তাতে করে ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক আবার জোড়া লাগবে বলে ভক্ত-সমর্থকেরা হয়তো এমনটিই আশা করেছেন। সেটা অমূলকও নয়। কারণ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পিসিবির প্রধান মহসিন নাকভির সঙ্গে জয়শঙ্করের বৈঠকে ক্রিকেট নিয়ে আলোচনার কথা পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে। বৈঠকটি হয়েছে মঙ্গলবার। সেখানে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় ক্রিকেট আবার চালুর ব্যাপারে দুই দেশের সরকারি পর্যায়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সোয়াল সাংবাদিকদের বলেন, ‘ক্রিকেটের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কি হয়নি, সে ব্যাপারে আমি বলব—এমন কিছুই ঘটেনি। যে প্রতিবেদনটি আপনি দেখেছেন, সেটি ভুল।’
ভারতীয় ক্রিকেট দল সবশেষ পাকিস্তান সফরে গেছে ২০০৮ সালে। ১৬ বছর আগে পাকিস্তানের মাঠে ওয়ানডে সংস্করণে হয়েছিল এশিয়া কাপ। পরে বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড নিয়মিত পাকিস্তান সফরে গেছে ঠিকই; তবে ভারত বেশির ভাগ সময়ই নিরাপত্তার অজুহাত দেখিয়েছে। ২০২৩ এশিয়া কাপ পুরোপুরি পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভারতের কারণে সেটা হয়নি। ‘হাইব্রিড মডেলে’ পাকিস্তান ও শ্রীলঙ্কা মিলে টুর্নামেন্টের আয়োজন করা হয়। রোহিত শর্মা-বিরাট কোহলিরা তাঁদের ম্যাচগুলো খেলেছিলেন শ্রীলঙ্কায়।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতেও ভারতীয় দলের পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ করেনি। তবে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য টেলিগ্রাফে’ এরই মধ্যে সূচি ফাঁস হয়েছে। করাচি, রাওয়ালপিন্ডি, লাহোর—পাকিস্তানের এই তিন ভেন্যুতে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা আইসিসির ইভেন্টটি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে পাকিস্তান সফর নিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। যদি পাকিস্তানে না হয় টুর্নামেন্টটি, সে ক্ষেত্রে বিকল্প কিছু ভাবতে হবে বলে সম্প্রতি জানিয়েছিলেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১০ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩৯ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে