
১০ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শীর্ষে আবাহনী। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে আবাহনীর পরই অবস্থান মোহামেডানের। তবে ডিপিএলের লিগ পর্বের শেষ রাউন্ডে আজ আবাহনীকে ধরে ফেলার সুযোগ মোহামেডানের। মিরপুরে আজ মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
এই দুই দলের লড়াইয়ের আকর্ষণ আর আগের মতো নেই। তবে লিগ পর্বেই আবাহনীকে ছুঁয়ে ফেলার হাতছানি মোহামেডানের সামনে থাকায় ম্যাচটির গুরুত্ব বেড়েছে। সকাল ৯টায় শুরু হতে যাওয়া এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
এবারের ডিপিএলে কাগজে-কলমে শক্তিশালী দল মোহামেডানই। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রতিপক্ষ শিবিরে থাকলেও জাতীয় দলের বেশির ভাগ তারকা নিয়েই দল গড়েছিল মোহামেডান। তবে মোহামেডানের দুর্ভাগ্য, হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মাঠের বাইরে চলে গেছেন তামিম ইকবাল। দলটির আরেক তারকা তাসকিন আহমেদ চোট নিয়ে মাঠের বাইরে। এই দুই তারকার অনুপস্থিতির ছাপ দলের পারফরম্যান্সে।
তবে কে খেলছেন, আর কে খেলছেন না, তা নিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভাবার সময় নেই মোহামেডানের। জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামার কথা বললেন দলটির সহকারী কোচ জাহাঙ্গীর আলম, ‘এই ম্যাচকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। কারণ, এখনো আমরা শীর্ষে থাকা দলটির চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে। তাই জয়ের কোনো বিকল্প নেই আমাদের সামনে।’
আবাহনী-মোহামেডান লড়াই আগের সেই উত্তাপ হারিয়ে ফেললেও এই ম্যাচ খেলতে নামার আগে অন্য রোমাঞ্চ অধিনায়ক শান্তর মধ্যে। আগের দিন অনুশীলনে এসে সংবাদমাধ্যমকে বললেন, ‘আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল, এই দুই দলে একদিন খেলব। আমি কোনো দলের ভক্ত ছিলাম না, কিন্তু জানতাম, এই দুই ক্লাবে খেলাটা সম্মানের ব্যাপার। আর আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি প্রত্যাশা।’
চার বছর আগে এমনই এক আবাহনী-মোহামেডান লড়াইয়ে স্টাম্পে লাথি মেরে বিতর্কিত হয়েছিলেন মোহামেডানের হয়ে খেলা সাকিব আল হাসান। তবে শান্ত বলছেন এটি দুই দলের লড়াই, ‘ওটা আসলে সেরা স্মৃতি নয়। ম্যাচে উত্তেজনা থাকবে, সেটাই স্বাভাবিক। তবে খেলাটা যেন ভালোভাবে শেষ হয়, সেটাই গুরুত্বপূর্ণ।’
মিরপুরে আবাহনী-মোহামেডান ম্যাচের আড়ালে বিকেএসপিতে চলবে আরেক গুরুত্বপূর্ণ লড়াই। যেখানে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলবে প্রাইম ব্যাংক। ১৩ পয়েন্ট নিয়ে গুলশান ক্রিকেট ক্লাব আছে পঞ্চম স্থানে। বিপরীতে ১০ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া প্রাইম ব্যাংকের সুপার লিগে জায়গা করে নিতে হলে জয় ছাড়া কোনো পথ নেই। দিনের আরেক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা অগ্রণী ব্যাংক খেলবে শক্তিশালী লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে।

নিউজিল্যান্ডের কাছে প্রথম ওয়ানডেতে হারকে পাশ কাটিয়ে আলোচনায় উঠে এসেছিল উইকেটের আচরণ। যেখানে মানিয়ে নিতে রীতিমতো সংগ্রাম করতে দেখা গেছে বাংলাদেশের ব্যাটারদের। শুরুতেই তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর সাইফ হাসান-লিটন দাস জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
১৩ মিনিট আগে
নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে হারার কারণে একটু বেশিই তোপের মুখে পড়েছে বাংলাদেশ। সফরকারীদের ২৪৭ রান তাড়া করতে পারেনি স্বাগতিকেরা; অলআউট হয়েছে ২২১ রানে। ব্যাটিং ব্যর্থতার দিনে বল হাতে আলো ছড়িয়েছেন শরীফুল ইসলাম। দ্বিতীয় ওয়ানডের আগের দিন সংবাদ সম্মেলনে দেখা গেল এই পেসারকে।
১ ঘণ্টা আগে
প্রথম ওয়ানডে শুরুর আগে বাংলাদেশের একাদশ নিয়ে একদফা নাটক হয়ে গেছে। প্রথমে একাদশে থাকলেও শেষ পর্যন্ত মাঠে দেখা যায়নি মোস্তাফিজুর রহমানকে। বাঁ হাতি পেসারের চোটের কারণে একাদশ পরিবর্তন আনে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। এরপর থেকেই ভক্তদের কৌতুহল—কেমন আছেন মোস্তাফিজ।
২ ঘণ্টা আগে
মাঠের লড়াইয়ে একজন অতন্দ্র প্রহরী, অন্যজনের চেষ্টা করেন দুর্ভেদ্য দেয়াল রূপে আবির্ভূত হওয়ার। একজন গোলবারের নিচে দাঁড়িয়ে চিৎকার করে নির্দেশনা দিচ্ছেন, অন্যজন প্রতিপক্ষের আক্রমণ রুখে দিতে লড়ছেন সামনে থেকে। কাকতালীয়ভাবে তাঁরা যমজ বোন।
২ ঘণ্টা আগে