
ডারউইনের পর এবার টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের মঞ্চ ম্যাকাই। আগামীকাল সকাল ৬টায় গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় খেলতে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এই মাঠে এবারই প্রথমবারের মতো টেস্ট ম্যাচ হতে যাচ্ছে। স্বাভাবিকভাবেই উইকেটের আচরণ নিয়ে দুই দলেরই কিছুটা অজানা শঙ্কা থাকছে।
গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় এখন পর্যন্ত মাত্র পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ হয়েছে। তাই দীর্ঘ সংস্করণের ক্রিকেটে এই ভেন্যুর উইকেট কেমন আচরণ করবে, সে বিষয়ে পর্যাপ্ত তথ্য নেই।
ম্যাকাইতে গত বছর হওয়া সবশেষ আন্তর্জাতিক ম্যাচে ব্যাটাররা দারুণ সুবিধা পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ৪৩১ রান করেছিল অস্ট্রেলিয়া। ম্যাচটি শেষ পর্যন্ত ২৭৬ রানের বড় ব্যবধানে জিতেছিল স্বাগতিকেরা। তবে ওয়ানডের সেই উইকেট বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্টে যে থাকছে না, তেমন ইঙ্গিত পাওয়া গেল ম্যাকাইয়ের পিচ কিউরেটর কাজাকফের কথায়।
সংবাদমাধ্যমকে কাজাকফ বলেন, ‘ম্যাচের পরের দিকে স্পিনাররা ভালো করেছে। ওই প্রথম শ্রেণির ম্যাচগুলো বছরের একটু পরের দিকে হয়েছিল, যখন আবহাওয়া কিছুটা উষ্ণ ছিল। তবে বছরের এই সময়ে অনেক বেশি ঠান্ডা আছে। ফলে উইকেটের আর্দ্রতা তুলনামূলক ধীরে বের হবে।’ কাজাকফের কথায় পরিষ্কার, ম্যাকাই টেস্টে তুলনামূলক বেশি সহায়তা পাবেন পেসাররাই।
ম্যাকাইয়ের উইকেটে বাতাসও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমুদ্রের কাছাকাছি হওয়ায় দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা শক্তিশালী বাতাস বোলারদের সহায়তা করবে। বিশেষ করে নতুন বলে পেসাররা সুইং ও সিম মুভমেন্ট আদায় করতে পারলে দুই দলের পেস আক্রমণই ম্যাচে বড় প্রভাব ফেলবে।
প্রথম টেস্টে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রেখেছেন পেসাররা। লাইন-লেন্থ ঠিক রেখে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১০ উইকেটই নিয়েছিলেন সফরকারীদের পেসাররা; দুই ইনিংস ১৪ উইকেট। ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন হাসান মাহমুদ। ম্যাকাইয়ের সম্ভাব্য পেস সহায়ক উইকেট নিয়ে তাই ভাবতে হচ্ছে না বাংলাদেশকে।
ডারউইন টেস্টে পেস আক্রমণে হাসানের সঙ্গে ছিলেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। চোট কাটিয়ে ফিট হয়ে উঠায় দ্বিতীয় টেস্টে শরীফুল ইসলামের একাদশে থাকা প্রায় নিশ্চিত। শেষ পর্যন্ত উইকেট পেস সহায়ক হলে চার পেসার নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ।
পেস আক্রমণ নিয়ে ভাবনা না থাকলেও ম্যাকাইতে কঠিন পরীক্ষা দিতে হতে পারে বাংলাদেশের ব্যাটারদের। পেস সহায়ক উইকেটে অতিথি ব্যাটারদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউডরা।

২০২৬ বিশ্বকাপ জেতানো কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। এই কোচকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত রেখে দিতে চায় সংস্থাটি। মরক্কো ও পর্তুগালের সঙ্গে আগামী বিশ্বকাপের যৌথ আয়োজক স্পেন।
৪০ মিনিট আগে
পেশাদার ফুটবলে রোনালদিনিও সবশেষ খেলেছেন ২০১৫ সালে। তবে অবসরের ঘোষণা দিয়েছেন আরও তিন বছর পর। ইতালির এক ক্লাবের হয়েই ব্রাজিল কিংবদন্তি অবসর ভেঙে ফিরতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।
২ ঘণ্টা আগে
হেডিংলি টেস্টে ব্যাটিং ব্যর্থতার পর পাকিস্তানের কড়া সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড। তাঁর মতে, পাকিস্তান এখন অনেক দুর্বল একটি দল। তাই তাদের বিপক্ষে ইংল্যান্ডের ৩-০ ব্যবধানে সিরিজ জেতা উচিত।
২ ঘণ্টা আগে
বেশি দিন হয়নি অস্ট্রেলিয়াকে বিদায় বলেছেন মইজেস হেনরিকস। গত মাসে অজিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে জন্মস্থান পর্তুগালের হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। এটা ‘ঘরের ছেলে ঘরে ফেরা’র মতোই। জন্মভূমির জার্সিতে ফেলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যাারিয়ারের প্রথম সেঞ্চুরি।
৩ ঘণ্টা আগে