Ajker Patrika

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে শুরু হয়েছে মনস্তাত্ত্বিক লড়াই

ক্রীড়া ডেস্ক    
ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে শুরু হয়েছে মনস্তাত্ত্বিক লড়াই
কাল মাঠে গড়াবে দর্শকপ্রিয় ম্যাচটি। ফাইল ছবি

দুই দেশের দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ অনেক আগেই ঠাঁই নিয়েছে হিমাগারে। আর এটাই আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের সাক্ষাতে যোগ করে উত্তেজনার নতুন মাত্রা। দুই দেশের রাজনৈতিক ও সামরিক বৈরিতার ছাপ পড়ে মাঠের ক্রিকেটে। সেটি এতটাই যে ম্যাচ শুরুর আগে দুই দেশের অধিনায়কেরা পরস্পরের সঙ্গে হাত তো মেলানই না, চোখাচোখিও করেন না!

তাই মাঠের লড়াই যেমনই হোক না কেন, ম্যাচটি থাকে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এবারও ব্যতিক্রম নয়। ৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার পর প্রতিদিনই বিশ্বকাপে হচ্ছে তিনটি করে ম্যাচ। তারপরও ১৫ ফেব্রুয়ারির কলম্বোয় ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে দুই দেশের পত্রপত্রিকা কিংবা নিউজ পোর্টালে একটার পর একটা খবর থাকছেই। খেলাধুলা সম্পর্কিত টিভি অনুষ্ঠানগুলোতেও চলছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই নিয়ে আলোচনা। চলছে আসন্ন লড়াইকে ঘিরে দুই দেশের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের মাইন্ডগেম খেলার চেষ্টা!

পরশু নামিবিয়াকে হারিয়ে দেওয়ার পর ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী যেমন বলে বসলেন, শুধু স্পিন দিয়েই পাকিস্তানিদের ঘায়েলের ক্ষমতা রাখে ভারত। সে ম্যাচে ৩ উইকেটে পাওয়া বরুণ পাকিস্তানের সঙ্গে ম্যাচ নিয়ে বললেন, ‘এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত আমরা। এটা একটা দারুণ চ্যালেঞ্জ হবে। আমরা স্পিনের বিপক্ষে অনেক শক্তিশালী, আবার আমাদের নিজেদেরও ভালো স্পিন আক্রমণ আছে। আমার মনে হয়, এদিক থেকে আমরা ওদের চেয়ে এগিয়ে থাকব।’

কিন্তু ভারত বধে পেসের চেয়ে এবার স্পিনের ওপর বেশি গুরুত্ব দিতে পারে পাকিস্তান। এ ক্ষেত্রে সালমান আগাদের বড় অস্ত্র হতে পারে উসমান তারিক। অদ্ভুত বোলিং অ্যাকশন তাঁর। একনজরে দেখলে মনে হবে কনুই ভেঙে করছেন, কিন্তু তাঁর বোলিং অ্যাকশন নিয়ে কখনো প্রশ্ন তোলেনি কোনো প্রতিপক্ষ। বল ডেলিভারি দেওয়ার ঠিক আগে একটু থেমে বল করেন। আর এমনভাবে থামেন তিনি, তাতে বিভ্রান্ত হতে পারেন ব্যাটার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তানের গত ম্যাচে তারিক বেশ বেগ দিয়েছিলেন প্রতিপক্ষ ব্যাটারদের, নিয়েছিলেন তিন উইকেট। তবে তারিকের ওপর পাল্টা কীভাবে চাপ সৃষ্টি করা যায়, তা নিয়েও ভারতীয় ব্যাটারদের পরামর্শ দেন নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ ভারতের স্পিন গ্রেট রবিচন্দ্রন অশ্বিন, ‘বল ছাড়ার আগে তারিক থেমে গেলে ব্যাটারদেরও সরে যাওয়ার অধিকার আছে। ব্যাটসম্যান বলতে পারে, “আমি জানি না কখন বল আসবে, তাই সরে গেছি”।’ ভারতের বিপক্ষে ম্যাচে তারিক এমন পরিস্থিতিতে পড়লে, নিজের স্বাভাবিক বোলিংটা আর সে করতে পারবে না বলে বিশ্বাস অশ্বিনের।

রোববারের ম্যাচে ওপেনার অভিষেক শর্মার খেলা নিয়ে একটা রহস্য রেখে দিয়েছে ভারত। জ্বর ও পেটের সংক্রমণ নিয়ে হাসপাতাল থেকে ঘুরে আসা অভিষেক পাকিস্তানের বিপক্ষে খেলবেন কি না, এখনো খোলাসা করেনি ভারত। পরশু দিল্লিতে ভারত অনুশীলন করলেও শরীর দুর্বল থাকায় অভিষেক সে অনুশীলনে ছিলেন না। তবে তাঁর খেলা নিয়ে আশাবাদী বরুণ চক্রবর্তী, ‘যতদূর কথা হয়েছে, তাকে ভালোই দেখাচ্ছে। হালকা অনুশীলন শুরু করেছে সে।’ কিন্তু অধিনায়ক সূর্যকুমার যাদব বলছেন ভিন্ন কথা, ‘অভিষেক এখনো পুরোপুরি ঠিক নয়, এক-দুটি ম্যাচ লাগতে পারে।’ আর এতেই রোববার তাঁর খেলা নিয়ে সংশয় জেগেছে।

তবে অভিষেকের খেলা কিংবা না খেলা ভারত-পাকিস্তানের মহারণে তেমন প্রভাব ফেলবে না বলেই মনে করেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। পাকিস্তানের এক টিভি অনুষ্ঠানে তিনি বললেন, ‘যতটুকু দেখেছি, ও শুধু জোরে মারতে চায়। যেদিন সেট হয়ে যায়, সেদিন বড় রান করবে। না হলে ব্যর্থ হওয়ার আশঙ্কাই বেশি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত