দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হেরে তোপের মুখে পড়েছে অস্ট্রেলিয়া। শেষ টেস্টের প্রথম ইনিংসে ১০০ রানের লিড নিয়েও হার ঠেকাতে পারেনি সফরকারীরা। অজিদের এমন পারফরম্যান্সে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার।
২৮৮ রানের লক্ষ্য তাড়ায় মাত্র ১১১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ১৭৬ রানের বড় জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজ নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার এমন ব্যাটিং বিপর্যয় দেখে ক্ষোভ সামলাতে পারেননি ওয়ার্নার।
ফক্স ক্রিকেটে ম্যাচ শেষে কথা বলতে গিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং নিয়ে তীব্র সমালোচনা করেন ওয়ার্নার। তাঁর মতে, দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য লড়াই করার মানসিকতাই দেখাতে পারেনি কামিন্সের দল।
ওয়ার্নার বলেন, ‘এটা ভয়াবহ। এটা অস্ট্রেলীয়সুলভ নয়। কোনো লড়াই-ই ছিল না। এটা লজ্জাজনক। পুরো সিরিজে ব্যাটাররা বোলারদের হতাশ করেছে। প্রথম টেস্টে ম্যাট রেনশ লড়াইয়ের মানসিকতা দেখিয়েছিল। কিন্তু আমার মনে হয়, ব্যাটারদের পারফরম্যান্স ছিল চরম লজ্জাজনক।’
প্রথম ইনিংসে ৭৪ রান করা রেনশ দ্বিতীয় ইনিংসে গোল্ডেন ডাক মেরে ফেরেন। কেপটাউনে কাগিসো রাবাদার বিপক্ষে তাঁর শট নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন ওয়ার্নার, ‘লেগ সাইডে বল খেলতে গিয়ে রেনশ আউট হয়েছে। বলটি ছিল লাইনের ওপর। তারা এভাবেই খেলে। এটা অত্যন্ত নিন্দনীয়।’
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধস নামান সাইমন হারমার। ২১.১ ওভার বল করে মাত্র ১৬ রান খরচায় ছয় উইকেট নেন দক্ষিণ আফ্রিকার এই অফ স্পিনার। কাগিসো রাবাদা শিকার তিন উইকেট।
অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়েন ক্যামেরন গ্রিন ও নাথান লায়ন। গ্রিন করেন ২৭ রান। লায়নের ব্যাট থেকে আসে ৩৩ রান। তবে গ্রিনের ভুল সিদ্ধান্তে রানআউট হন জশ ইংলিস। তাঁর এই সিদ্ধান্তের সমালোচনা করেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ।
স্কাই স্পোর্টসে স্মিথ বলেন, ‘কোনোভাবেই সেখানে রান নেওয়ার সুযোগ ছিল না। গ্রিনের সিদ্ধান্তটি ছিল ভুল।’
এই জয়ের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে অস্ট্রেলিয়া নেমে গেছে তিন নম্বরে।










