Ajker Patrika

ভারতের বিস্ফোরক ব্যাটারের টেকনিক নিয়ে আমিরের প্রশ্ন

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ৩৯
ভারতের বিস্ফোরক ব্যাটারের টেকনিক নিয়ে আমিরের প্রশ্ন
টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিয়ে সবার ওপরে আছেন অভিষেক শর্মা। ছবি: সংগৃহীত

ভারত তো বটেই, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সেরা টি-টোয়েন্টি ব্যাটার মনে করা হয় অভিষেক শর্মাকে। এই সংস্করণের র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে তিনি। অসামান্য ধারাবাহিকতার পাশাপাশি মারকুটে ব্যাটিংয়েও আলাদাভাবে নজর কেড়েছেন তিনি। এরপরও অভিষেককে প্রকৃত ব্যাটার মনে করেন না পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। তার আগে প্রসঙ্গক্রমেই অভিষেককে নিয়ে এই মন্তব্য করেন আমির। সাবেক বাঁ হাতি পেসার প্রশ্ন তুললেও অভিষেক নিজের কাজটা করে যাচ্ছেন দারুণভাবেই। ২০২৪ সালের জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় তাঁর। ভারতের হয়ে এখন পর্যন্ত আর কোনো সংস্করণে খেলা হয়নি অভিষেকের।

এখন পর্যন্ত খেলা ৩৯ টি-টোয়েন্টির ৩৮ ইনিংসে ব্যাটিংয়ে নেমেছেন অভিষেক; ব্যাট হাতে করেছেন ১২৯৭ রান। স্ট্রাইকরেট দেখলে যে কারও চোখ কপালে ওঠতে বাধ্য; ১৯৪.৪৫! ৩৬.০২ ব্যাটিং গড় সাক্ষ্য দিচ্ছে, ব্যাট হাতে কতটা ধারাবাহিক অভিষেক। ৮ ফিফটির পাশাপাশি দুইবার পেয়েছেন সেঞ্চুরির দেখা। অনুমিতভাবেই সময়ের সেরা টি-টোয়েন্টি ব্যাটারের তকমা এখন অভিষেকের গায়ে। এরপরও তাঁর ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছেন আমির।

আমিরের প্রশ্নটা মূলত অভিষেকের টেকনিকের নিয়ে। ‘হার না-মানায় হ্যায়’ টকশোতে আমির বলেন, ‘এক (অভিষেক শর্মা) আমার কাছে কেবলই একজন স্লগার মনে হয়। দেখে মনে হয় না ওর খুব ভালো টেকনিক আছে। ব্যাটিংয়ের সময় সে এক জায়গায় দাঁড়িয়ে থাকে আর মনে মনে চায় যেন পছন্দমতো জায়গায় সব বল আসে। একটু মুভমেন্ট বা সুইং থাকা বল যদি ভালোভাবে সামলাতে পারে তখন-ই অভিষেককে আমি ও প্রকৃত ব্যাটার হিসেবে মনে করব।’

দারুণ ফর্মে থাকলেও অভিষেককে নিয়ে বেশ চিন্তায় আছে ভারত। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। পেটের পীড়া নিয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হন অভিষেক। একই সঙ্গে জ্বরেও ভুগছেন। এসব কারণে পাকিস্তান ম্যাচের আগে বেশ চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত