Ajker Patrika

দ্য হান্ড্রেডে পাকিস্তানিদের না দেখলে হতাশ হবেন ইংলিশ অধিনায়ক

ক্রীড়া ডেস্ক    
দ্য হান্ড্রেডে পাকিস্তানিদের না দেখলে হতাশ হবেন ইংলিশ অধিনায়ক
দ্য হান্ড্রেডে পাকিস্তানিদের দেখতে চান ব্রুক। ছবি: সংগৃহীত

নিলামের আগেই দ্য হান্ড্রেডের পরবর্তী পর্ব নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বিবিসি জানিয়েছে, নিলাম থেকে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো পাকিস্তানি ক্রিকেটারদের দলে টানবে না। একই সঙ্গে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোতেও পাকিস্তানিদের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব কম বলে জানানো হয়েছে। এমনটা হলে খুবই হতাশ হবেন হ্যারি ব্রুক।

দ্য হান্ড্রেডের অংশ নেয় আটটি দল। এর মধ্যে চারটির পূর্ণ বা আংশিক মালিকানায় জড়িয়ে আছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম। ১০০ বলের টুর্নামেন্টে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো হলো ম্যানচেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাউদার্ন ব্রেইভ এবং সানরাইজার্স লিডস। আগামী ১১ ও ১২ মার্চ দ্য হান্ড্রেডের ষষ্ঠ পর্বের নিলাম হবে।

৪ লাখ ৬৫ হাজার পাউন্ডে ভারতীয় মালিকানাধীন সানরাইজার্স লিডসের সঙ্গে চুক্তি করেছেন ব্রুক। আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত এই ব্যাটার। তাঁর অধীনে সুপার এইটে ওঠেছে ইংল্যান্ড। দ্য হান্ড্রেডে মনোযোগ না থাকলেও পাকিস্তানি ক্রিকেটারদের ইস্যুতে নিজের অবস্থান জানিয়ে রাখলেন তিনি।

ব্রুক বলেন, ‘আমাদের পুরো মনোযোগ এখন বিশ্বকাপের দিকে। আপাতত দ্য হান্ড্রেড নিয়ে ভাবছি না। তবে বলতেই হয় যে, লম্বা সময় ধরে পাকিস্তান দারুণ একটি ক্রিকেট জাতি। নিলামে ওদের ৫০-৬০ জন ক্রিকেটার মনে হয়। তাদের কয়েকজনকে দেখতে না পেলে সেটা হবে খুবই হতাশার।’

পাকিস্তানি ক্রিকেটাররা না থাকলে দ্য হান্ড্রেডের মান কমবে বলে মনে করেন ব্রুক, ‘পাকিস্তানের দারুণ সব ক্রিকেটার আছে। ওরা মাঠে দর্শক টানতে সক্ষম। পাকিস্তানের ক্রিকেটারদের কয়েকজন থাকলে এই টুর্নামেন্টের মান ও প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, না থাকলে তা হবে দুঃখজনক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত