আঁকাবাঁকা পাথুরে পাহাড়ের ঢাল বেয়ে গাড়ি ক্রমেই নিচে নামছে। দূর থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ফ্লাড লাইট দেখে আঁচ করা যাচ্ছিল। তবে হোটেল থেকে প্রায় ৪০ মিনিটের যাত্রা শেষে পৌঁছানো গেল আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে। স্টেডিয়ামের কাছে আসতে আইসিসির কিছু ব্যানার-পোস্টার আর ঢাউস ফটক দেখে বোঝা গেল, টি-টোয়েন্টি বিশ্বকাপও এসে গেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে গেলেও স্টেডিয়ামের গেটে দাঁড়িয়ে টুর্নামেন্টের আমেজ পাওয়া কঠিন। শুধু স্টেডিয়ামে কেন, কোলাহলমুক্ত নীরব মাসকাট শহরে বোঝা কষ্টকর যে, আইসিসির একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে এখানে। গা পোড়ানো প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপে ঠায় দাঁড়িয়ে মনে হলো, যদি এই টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ হতো, আর এক দিন পর সাকিব-মাহমুদউল্লাহদের ম্যাচ থাকত, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনের দৃশ্যটা তাহলে কেমন হতো?
অথচ পাহাড়ের পাদদেশে প্রায় বিরান ভূমিতে গড়ে তোলা মাসকাটের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়াম বিশ্বকাপের এক দিন আগেও ডুবে আছে কী আশ্চর্য নীরবতায়। আইসিসি অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে একটি বিশেষ ফটক বানান হয়েছে মূল স্টেডিয়ামে ঢুকতে। সেই গেট দেখে বাংলাদেশের এক সাংবাদিক রসিকতা করে বললেন, ‘এর চেয়ে বাংলাদেশের একটি বিয়ে বাড়ির গেট আরও আকর্ষণীয় আর জাঁকাল হয়!’
আয়োজকদেরই-বা কী করার আছে! ওমানে এই বিশ্বকাপ হওয়ারই কথা ছিল না। আইসিসির সহযোগী দেশটি উপহার হিসেবেই পেয়েছে একটা বড় টুর্নামেন্টের অংশীদার হওয়ার। আরেকভাবে বললে, গত দুই বছরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো করোনাভাইরাস ওমান ক্রিকেটকে একটা ‘উপহার’ দিয়েছে!
এই টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল ভারতে। মহামারির কাছে হার মেনে আইসিসির অর্থকারী টুর্নামেন্টটা ভিন দেশে আয়োজন করতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই। আর সেটির অংশ হিসেবে আরব আমিরাতের সঙ্গে প্রথম রাউন্ডের ছয়টি ম্যাচ ওমান পেয়েছে। এই ছয়টি ম্যাচের তিনটিতে আছে আবার বাংলাদেশ। আরও একটি বিষয় আছে। কাছাকাছি সময়ে শুধু আরব আমিরাতে আইপিএল আর বিশ্বকাপ হলে পিচকে ‘বিশ্রাম’ দেওয়া কঠিন হয়ে যেত। গতকাল আইপিএল শেষ হওয়ার একদিন পরেই বিশ্বকাপ শুরু হচ্ছে। আরব আমিরাতের পিচ বিশ্বকাপ উপযোগী করে তোলার সময় দিতে ওমানকে সহ-আয়োজক হিসেবে বেছে নেওয়ার যুক্তিটাও সামনে এসেছে।
দুটি প্রস্তুতি ম্যাচ খেলে আরব আমেরাত থেকে গত পরশু রাতে মাসকাটে আসা বাংলাদেশ দল গতকাল ছিল একেবারে বিশ্রামে। দল মাঠে না এলেও বাংলাদেশের সাংবাদিকদের বসে থাকার সুযোগ কই? আইসিসির অ্যাক্রেডিটেশন কার্ড নিতে ভেন্যুতে যেতে হয়েছে সংবাদকর্মীদের। ঊষর মরু ভূমে খুঁজতে হয়েছে সংবাদের উপাদান। বাংলাদেশ থেকে আসা বিশাল সাংবাদিকদের বহর দেখে ওমান ক্রিকেটের কর্তারা হয়তো চমকেই গেছেন!
ওমানে ক্রিকেট নিয়ে স্থানীয়দের মধ্যে আদৌ কোনো আগ্রহ আছে কি না, আইসিসির এক কর্মকর্তাকে জিজ্ঞেস করতেই মৃদু হাসলেন। সহযোগী একটা দেশ, যাদের ক্রিকেট ইতিহাস বেশি দিনেরও নয়। ওমান ক্রিকেট দলের বেশির ভাগ খেলোয়াড়ই আবার ভারত-পাকিস্তানের প্রবাসী। উপমহাদেশ থেকে আসা এখানকার প্রবাসীরাই আসলে এখানকার ক্রিকেটের প্রাণ।
এই যেমন বাংলাদেশের ম্যাচ নিয়ে যত উন্মাদনা-আগ্রহ শুধু প্রবাসী বাংলাদেশিদের মধ্যেই। আইসিসির ওই কর্মকর্তা অবশ্য স্বীকার করছেন, স্থানীয় মানুষদের মধ্যে একটা খেলা যত দিন ছড়িয়ে না পড়ে, তত দিন ওই দেশের উন্নতি করা কঠিন। এ কারণেই হয়তো আইসিসির সবচেয়ে বড় টুর্নামেন্টটা আয়োজক শহর হয়েও মাসকটে সেটির আমেজ বোঝা কঠিন। আমেজ যা-ই থাকুক, ওমান ক্রিকেট বোর্ড এখানে অবশ্য লাভবান। তেমন কোনো চেষ্টা-তৎপরতা ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে পেরেছে। ভয়ংকর জীবননাশী করোনা একটা উপহার দিয়েছে তাদের। এটি কাজে লাগিয়ে দেশটিতে ক্রিকেটের একটা দীর্ঘমেয়াদি ছাপ তৈরি হলেই হয়।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
১১ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
১৫ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
১৬ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১৭ ঘণ্টা আগে