Ajker Patrika

এমন ঐতিহাসিক ঘটনা আফগানিস্তানের আর কোনো ক্রিকেটারের সঙ্গে ঘটেনি

ক্রীড়া ডেস্ক    
এমন ঐতিহাসিক ঘটনা আফগানিস্তানের আর কোনো ক্রিকেটারের সঙ্গে ঘটেনি
আফগানিস্তানের ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েছেন রহমত শাহ (ডানে)। ছবি: এসিবি

আফগানিস্তান-জিম্বাবুয়ে টেস্টে যা হয়েছে, তা এমনিতেই ইতিহাস। টেস্টে প্রথমবারের মতো তিন ইনিংসে ৫০০-এর বেশি রান হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রহমত শাহ এমন এক কীর্তি গড়েছেন, যা আর কোনো আফগান ক্রিকেটার করতে পারেননি।

শারজায় গত পরশু শেষ হওয়া আফগানিস্তান-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টে হয়েছে ১৫২১ রান। পড়েছে ২৫ উইকেট। জিম্বাবুয়ে দুই ইনিংসে করেছে ৫০৪ ও ৫২৩ রান। আর আফগানিস্তানের ৫২৩ রানের মধ্যে একাই ১৭৩ রান করেছেন রহমত। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির পর আজ আইসিসি র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে। টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে এখন সাত নম্বরে উঠে এসেছেন তিনি। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৭৩৫। আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট র‍্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন রহমত।

টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে কমপক্ষে চারটি জায়গায় পরিবর্তন হয়েছে। রহমতের দুর্দান্ত পারফরম্যান্সের ফলেই এমনটা হয়েছে। ঋষভ পন্ত এক ধাপ পিছিয়ে অবস্থান করছেন আট নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৭১৩। ৯ ও ১০ নম্বরে থাকা ড্যারিল মিচেল ও শুবমান গিলের রেটিং পয়েন্ট ৭১০ ও ৭০৯। প্রথম ছয়টি স্থান আগের মতোই অপরিবর্তিত। বরাবরের মতো টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে হ্যারি ব্রুক। ইংল্যান্ডের তারকা ব্যাটারের রেটিং পয়েন্ট ৮৬১। এই তালিকায় দুই ও তিনে থাকা জো রুট ও ট্রাভিস হেডের রেটিং পয়েন্ট ৮১৬ ও ৭৯৯।

টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে প্রথম ১৬ পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। যেখানে ৮৮১ রেটিং পয়েন্ট নিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মিচেল স্টার্ক। দুই ও তিনে থাকা মার্কো ইয়ানসেন ও ম্যাট হেনরির রেটিং পয়েন্ট ৮৭৫ ও ৮৬১।

সম্প্রতি আফগানিস্তানের সময়টা ভালোই যাচ্ছে। আবুধাবিতে গত মাসে বাংলাদেশের বিপক্ষে হারতে থাকা টেস্ট ড্র করেছে আফগানরা। বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। সেই সিরিজের তিনটি ম্যাচ জিতে অপরাজিত আফগানরা গত সপ্তাহে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে। এখন তারা অবস্থান করছে ৬ নম্বরে। যা তাদের ওয়ানডে ইতিহাসের সেরা র‍্যাঙ্কিং।

রহমতেরও টেস্টে সময়টা দারুণ যাচ্ছে। বাংলাদেশের বিপক্ষে ক্রিকেটের রাজকীয় সংস্করণে নেতৃত্বের অভিষেকে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন তিনি। এবার জিম্বাবুয়ের বিপক্ষে তাঁর সেঞ্চুরিতে ড্র করল আফগানিস্তান। এই টেস্টেও রহমত ছিলেন অধিনায়ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত