Ajker Patrika

‘বাংলাদেশ নারী ক্রিকেট দল গত কয়েক বছরে যা খেলেছে, তা গর্ব করার মতো’

ক্রীড়া ডেস্ক    
‘বাংলাদেশ নারী ক্রিকেট দল গত কয়েক বছরে যা খেলেছে, তা গর্ব করার মতো’
বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে উঠেছে বাংলাদেশ। ছবি: এএফপি

বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর—জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অন্যতম জনপ্রিয় একটি কবিতার লাইন অনেকেরই জানা। আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই লাইনটি আবারও সামনে চলে আসছে। মেহেদী হাসান মিরাজ নারী ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ সামাজিক মাধ্যমে নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছে। আজকের এই দিনে মিরাজও নারীদের শুভকামনা জানিয়েছেন। বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে প্রচারিত এক ভিডিও বার্তায় বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘বাংলাদেশ নারী ক্রিকেট দল গত কয়েক বছরে যে অবদান রেখেছে, এটা বাংলাদেশের জন্য অবশ্যই গর্ব করার মতো। নারী দিবসের জন্য সবাইকে অনেক শুভকামনা রইল। আশা করি অবশ্যই বাংলাদেশ নারী ক্রিকেট দল যেভাবে খেলছে, যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে, সেটা বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। আমার পক্ষ থেকে নারী দিবসে সকল নারীদের শুভেচ্ছা রইল।’

নারী দিবসের প্রাক্কালে আফঈদা খন্দকার, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দারা অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়। উজবেকিস্তানের বিপক্ষে আগামীকাল পার্থে নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। পার্থে পৌঁছে সামাজিক মাধ্যমে একাধিক ছবি পোস্ট করেছেন মারিয়া। নারী দিবসে ঋতুপর্ণা চাকমা নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘স্বপ্ন দেখে, লড়ে, জয় করে-এই তো নারী। আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।’

এ বছরের জুন-জুলাইয়ে ইংল্যান্ডে হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ১২ দল। ছয়টি করে ভাগ হয়ে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। এক নম্বর গ্রুপে বাংলাদেশ-ভারত-পাকিস্তানের পাশাপাশি গ্রুপের অপর তিন দল হচ্ছে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় গ্রুপে পড়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। বাংলাদেশ মূলপর্বে জায়গা করে নিয়েছে বাছাইপর্ব খেলে। জানুয়ারিতে নেপালে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। সাত ম্যাচের সাতটিতেই জিতেছিল বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত