মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে ৮ উইকেটের সান্ত্বনার জয় পেয়েছে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজার জোড়া ফিফটিতে স্বাগতিকদের দেওয়া ১৫৮ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখেই তাড়া করেছে সফরকারীরা।
লক্ষ্য তাড়ায় নেমে দুই ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ও বেনেটের ওপেনিং জুটিতেই ভালো শুরু পায় জিম্বাবুয়ে। ২৫ বলে ৩৮ রান তোলেন দুজনে। এর মধ্যে মাত্র ৭ বলে ১ রান মারুমানির। একপ্রান্তে দাঁড়িয়ে দেখে গেছেন শুধু বেনেটের তাণ্ডব। মারুমানিকে ফিরিয়ে বাংলাদেশ দলকে ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান।
দ্বিতীয় উইকেটে বেনেট-রাজার ৭৫ রানের জুটিতে জয়টা আরও সহজ হয়ে যায় জিম্বাবুয়ের। দলীয় ১১৩ রানে মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হন বেনেট। ৫টি করে ছক্কা ও চারে ৪৯ বলে ৭৯ রান আসে তাঁর ব্যাট থেকে।
তৃতীয় উইকেটে জোনাথন ক্যাম্পবেলকে নিয়ে ২০ বলে ৪৫ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন অধিনায়ক রাজা। এই জুটিতেই নিশ্চিত হয়ে যায় দলের জয়। ৪৬ বলে ৭২ রানে অপরাজিত থাকেন রাজা। মেরেছেন ৬টি চার ও ৪টি ছক্কা। ক্যাম্পবেল করেছেন ৮ রান।
বাংলাদেশের বোলিংয়ে সাকিব ছাড়া কেউই সেভাবে ভালো করতে পারেননি। ৪ ওভার ৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব। সাইফউদ্দিন ছিলেন সবচেয়ে খরুচে। ৫৫ রান দিয়ে তাঁর শিকার ১টি।
এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও টস জিতে বাংলাদেশ দলকে আগে ব্যাটিংয়ের সুযোগ করে দেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। কিন্তু ব্যাটিংয়ে নেমে ১৫ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। শুরুতেই সেই ব্যাটিং ধস। শেষ ম্যাচে একাদশে ফিরে দলের বিপর্যয়ে ঢাল হলেন মাহমুদউল্লাহ রিয়াদ। করেছেন দারুণ এক ফিফটি। নাজমুল হোসেন শান্ত ও জাকের আলি অনিক খেলেছেন কার্যকর দুটি ইনিংস। এর সৌজন্যে শুরুর ধস সামলে ৬ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল।
চতুর্থ টি-টোয়েন্টিতে তানজিদ হাসান তামিম-সৌম্য সরকারের জুটিতেই ১০১ রান তুলেছিল স্বাগতিকেরা। আজ এ দুই বাঁহাতির ওপেনিং জুটি পুরোপুরি ব্যর্থ। ৯ রানেই ফেরেন দুজনে। সৌম্যর ব্যাট থেকে এসেছে ৭ রান, তামিম করেছেন ২।
দলীয় ১৫ রানে তাওহীদ হৃদয়ের বিদায়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। চতুর্থ উইকেটে দেখেশুনে ব্যাট চালিয়ে শান্ত-মাহমুদউল্লাহ শুরুর চাপ সামলানোর চেষ্টা করেন। দুজনের ৬৯ রানের জুটিতে ম্যাচেও দারুণভাবে ফেরে বাংলাদেশ। ৮৪ রানে শান্ত আউট হলে ভাঙে এ জুটি। ২৮ বলে ৩৬ রানে আউট হন শান্ত।
৬টি চার ও ১টি ছক্কায় ৪৪ বলে ৫৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। সাকিব আল হাসান ফেরেন ১৭ বলে ২১ রান করে। শেষ দিকে জাকের ১১ বলে ২৪ ও মোহাম্মদ সাইফউদ্দিন ৬ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট নেন ব্লেসিং মুজারাবানি-ব্রায়ান বেনেট।

হার দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় ওয়ানডেতে ১২৮ রানের জয় পেয়েছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীদের করা ২৭৪ রানের জবাবে ১১৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় শেষ ওয়ানডে রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। তার আগে ধাক্কা খেলে পাকিস্তান।
২ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। আকাশি-নীলদের হয়ে জোড়া গোল করেন এমেকা ওগবুগ। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে মারুফুল হকের দল। দিনের আরেক ম্যাচে তলানিতে থাকা দুই দলের লড়াইয়ে পিডব্লিউডি এসসির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আরামবাগ ক্
২ ঘণ্টা আগে
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জেরে পাকিস্তান দলের প্রতিটি খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হবে—এমন খবর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে শেষ পর্যন্ত বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২ ঘণ্টা আগে
চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের খেলার কারণে এক সপ্তাহ বিরতি ছিল ইউরোপিয়ান লিগগুলোতে। বিরতি শেষে আজ মাঠে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগাসহ অন্যান্য লিগগুলো। প্রিমিয়ার লিগে মাঠে নামবে আর্সনাল, চেলসি, ম্যানচেস্টার সিটির মতো শীর্ষ ক্লাবগুলো। অন্যদিকে লা লিগায় খেলতে নামবে বার্সেলোন
৩ ঘণ্টা আগে