জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজে ব্যর্থ বাংলাদেশের চোখ এবার দক্ষিণ আফ্রিকাতে

জিম্বাবুয়ে, আফগানিস্তানের কাছে দুই ম্যাচের দুটিতে হেরে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের লিগ পর্ব থেকেই ছিটকে গেছে বাংলাদেশ। হারল তো হারলই, আবুধাবি-শারজায় প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে পারল না তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ। আমিরাত পর্ব শেষে বাংলাদেশকে চোখ রাখতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার দিকেও।
দক্ষিণ আফ্রিকার দিকে বাংলাদেশের চোখ বলতে অনেকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের কথা মনে করতে পারেন। যেহেতু আগামী বছর দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ের যৌথ আয়োজনে হবে ওয়ানডে বিশ্বকাপ। কিন্তু বাংলাদেশকে নজর রাখতে হচ্ছে অন্য কারণে। যদি পোর্ট এলিজাবেথে চলমান অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্ট ড্র হয়, সেক্ষেত্রে লাভ বাংলাদেশেরই। কারণ, ড্র হলে দক্ষিণ আফ্রিকার সফলতার হার হবে ৫৫.৫৬ শতাংশ। এদিকে বর্তমানে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫৫.৫৬ শতাংশ সফলতার হার নিয়ে চারে রয়েছে বাংলাদেশ।
বর্তমানে ৮১.৮২ শতাংশ সফলতার হার নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। পোর্ট এলিজাবেথ টেস্ট ড্র হলে অজিরা সবার ওপরেই থাকবে। তখন অজিদের সফলতার হার হবে ৭৭.৭৮ শতাংশ। ৬০ শতাংশ সফলতার হার নিয়ে তিনে এখন প্রোটিয়ারা। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের সফলতার হার ৭২.২২ শতাংশ।

পোর্ট এলিজাবেথে চলমান দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের বেশির ভাগ অংশ চলে গেছে বৃষ্টিতে। আজ বৃষ্টির বাগড়ায় পঞ্চম দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। বর্তমানে দ্বিতীয় ইনিংসে ৮৬ ওভারে ৬ উইকেটে ২৪০ রান করেছে অস্ট্রেলিয়া। ফলো-অন এড়াতে এখনো তাদের করতে হবে ৮৫ রান।
সাম্প্রতিক আমিরাত সফরে বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয়ের পাল্লা বাংলাদেশের দিকেই ভারী ছিল। শেষ পর্যন্ত আফগানরা বীরত্বপূর্ণ ড্র করেছে। বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের লক্ষ্যে নেমে আফগানরা ৮ উইকেটে ৩৪৬ রান করতেই টেস্ট ড্র।










