Ajker Patrika

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিততে পারল না বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১৯: ৪৪
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিততে পারল না বাংলাদেশ
৪ উইকেটে জিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ ড্র করেছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ছবি: এসিবি

আল আমেরাত গ্রাউন্ডে আজ চতুর্থ ওয়ানডেতে জিতলেই সিরিজ বাংলাদেশের। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সেই সম্ভাবনাও তৈরি করেছিল বাংলাদেশ। কিন্তু শেষ হাসি হেসেছে আফগানরা। বাংলাদেশ-আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজ হয়েছে ড্র।

প্রথম দুই ওয়ানডেতে জিতে সিরিজ জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে বাংলাদেশ। যার মধ্যে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে জেতে বাংলাদেশ। কিন্তু তৃতীয় ওয়ানডেতে ৪৩ রানে জিতে ঘুরে দাঁড়ায় আফগানরা। আজ আল আমেরাত গ্রাউন্ডে চতুর্থ ওয়ানডেতে ৪ উইকেটে জিতে ২-২ সমতায় সিরিজ ড্র করে আফগানিস্তান।

২২০ রানের লক্ষ্যে নেমে ১০.৫ ওভারে ২ উইকেটে ৩৫ রানে পরিণত হয় আফগানিস্তান। আব্দুল্লাহ নাদারজানকে (৮) ফিরিয়েছেন আল আমিন হোসেন। আরেক আফগান ওপেনার ফরিদুল্লাহ ইহসাসকে (১৬) বোল্ড করেন ফারহান সাদিক।

তৃতীয় উইকেটে সুবাহ জাখাইল-নোমান সালারজাই ৪৭ রানের জুটি গড়েন। ২২তম ওভারের শেষ বলে সালারজাইকে (২৪) বোল্ড করে জুটি ভাঙেন রবিউল হাসান অনিক। ২২ ওভারে ৩ উইকেটে ৮৬ রান থেকে কিছুক্ষণের মধ্যে আফগানিস্তান ৩৮.৩ ওভারে ৫ উইকেটে ১৬২ রানে পরিণত হয়।

হাতে ৫ উইকেট নিয়ে শেষ ৬৯ বলে যখন আফগানদের প্রয়োজন ৫৮ রান, তখন কিছুটা হলেও সম্ভাবনা তৈরি হয় বাংলাদেশের। তবে ষষ্ঠ উইকেটে অধিনায়ক সোহেল খান ও তাহির সারওয়ারীর ৫৪ রানের জুটিতে আফগানরা পৌঁছে যায় জয়ের বন্দরে। সোহেল ১৮ রান করে আউট হলেও সারওয়ারী আফগানদের জিতিয়ে মাঠ ছেড়েছেন। ৪৯তম ওভারের প্রথম বলে অনিককে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন সারওয়ারী।

৭৬ বলে ১ চার ও ৩ ছক্কায় ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন সারওয়ারী। আফগানিস্তানের ইনিংসে সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। বাংলাদেশের আল আমিন হোসেন পেয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শাকিল খান, ফারহান সাদিক, অনিক ও আলী রাফি।

আল আমেরাতে চতুর্থ ওয়ানডেতে আজ টস জিতে আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশ ৫০ ওভারে ৯ উইকেটে করে ২১৯ রান। অধিনায়ক ফরিদ হাসানের ৮২ রানই বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ। আফগানিস্তানের সোহেল, আমির হামজা তিনটি করে উইকেট নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত