বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে এক সপ্তাহও বাকি নেই। তার আগে ভক্ত-সমর্থকদের সুখবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিনা টিকিটেই টেস্ট উপভোগ করতে পারবেন দর্শকেরা।
মিরপুরে ২৮ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। এই টেস্ট দর্শকদের বিনামূল্যে দেখার সুযোগ রয়েছে বলে বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। পুরো পাঁচ দিন উত্তর ও দক্ষিণ গ্যালারিতে টিকিট ছাড়াই খেলা দেখতে পারবেন ভক্ত-সমর্থকেরা। শুধু এই দুই গ্যালারিতেই থাকছে এমন বিশেষ সুবিধা। মিরপুরের গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল স্ট্যান্ড, শহীদ মোস্তাক স্ট্যান্ড, হসপিটালিটি ও অন্যান্য ভিআইপি গ্যালারিতে খেলা দেখতে হলে দর্শকদের টিকিট কাটতে হবে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বর্তমানে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে উইন্ডিজ। আজ চলছে দ্বিতীয় দিনের খেলা। বাংলাদেশ টস হেরে আগে ব্যাটিং করে ৯০ ওভারে ৭ উইকেটে করে ৩৭১ রান। ইনিংস সর্বোচ্চ ১৩৫ রান করেন কালাম সিদ্দিকী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ৩৩৬ রান করতেই ম্যাচ ড্র।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের ভেন্যু সিলেট। ৫ নভেম্বর শুরু হবে এই ম্যাচ। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বর্তমানে ৭৫ শতাংশ সফলতার হার নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের সফলতার হার ৭২.২২ শতাংশ। বাংলাদেশ অবস্থান করছে চারে। তাদের সফলতার হার ৫৫.৫৬ শতাংশ।






_11zon-077330-256x144.webp)


