
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে। সমস্বরে এলবিডব্লুর আবেদন। জোরালো সে আবেদনে আম্পায়ার সাড়া দিলে স্বস্তি মেলে বাংলাদেশ শিবিরে। সময়ের হিসাবে ১ ঘণ্টার বেশি, আর ওভারের হিসাবে ১৩ ওভার পর প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। প্রথম সেশনে আরও একটি উইকেট নিয়ে লাঞ্চের আগে ৫০ রানে স্বাগতিকের আটকে রাখে বাংলাদেশ।
তবে প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম সেশনে ২৩ ওভারে যেখানে উইন্ডিজের রান ছিল ৫০, সেখানে পরের ফিফটি উইন্ডিজ করেছে ২২.২ ওভারে। উইকেটও পড়ছে মাত্র একটি; সেটিও আবার রানআউট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫০ ওভারে স্বাগতিকদের রান ১০৪।
অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে যে প্রত্যাশায় বোলিং বেছে নিয়েছিলেন বাংলাদেশের ১৪তম টেস্ট অধিনায়ক হিসেবে টস করতে নামা মেহেদী হাসান মিরাজ, সেটি অবশ্য পুরোপুরি পূরণ হয়নি। উইকেট ছিল কিছুটা সবুজাভ। ময়শ্চারকে কাজে লাগাতে পারলে পেসাররা ভালো কিছু করবেন—এমনটি হয়তো ভেবেই বোলিং বেছে নিয়েছিলেন মিরাজ। পিচ রিপোর্টে ক্যারিবিয়ান পেস কিংবদন্তি কার্টলি অ্যামব্রোসও বলেছিলেন, ঘাস আর আর্দ্রতা থাকায় এটি পেসারদের উইকেট; টস জিতলে তাই আগে বোলিং করার সিদ্ধান্তই সঠিক হবে।
কিন্তু ‘সঠিক’ সিদ্ধান্ত নিয়েও প্রথম ঘণ্টায় সাফল্যের মুখ দেখেননি বাংলাদেশের পেসাররা। অবশ্য মেডেন দিয়েই শুরু করেছিলেন দুই পেসার—হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। নেয় নেয় করেও বেশ কয়েকবারই তাঁদের বল নেয়নি ব্যাটের কানা। বাংলাদেশের পেসারদের আঁটসাঁট বোলিং অবশ্য হাত খুলে খেলার সুযোগ দেয়নি ক্যারিবীয় ব্যাটারদের। ছেড়ে দেওয়ার বল ছেড়ে দিয়েই প্রথম ১৩ ওভার কাটিয়ে দিয়েছেন দুই ওপেনার—অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও মিকাইল লুইস।
১৪তম ওভারে ব্র্যাথওয়েটকে তুলে নেন তাসকিন। আউট হওয়ার আগে মরু ক্যাকটাসের মতো মাটি কামড়ে টিকে থাকার চেষ্টা করেছেন; ৩৮ বলে করেছেন ৪ রান। তাঁর বিদায়ে ভাঙে ২৫ রানের ওপেনিং জুটি। পরের ওভারেই ফের তাসকিনের আঘাত। এবার শিকার কেসি কার্টি। স্টাম্পের বল ফ্লিক করতে গিয়েছিলেন। ব্যাটের কানায় লেগে বল চলে যায় মিড উইকেটে তাইজুল ইসলামের হাতে। রানের খাতা খেলার আগেই বিদায় কার্টির। এরপর উইকেটে মিকাইল লুইসের সঙ্গে যোগ দেন কাভেম হজ। অবিচ্ছিন্ন থেকে মধ্যাহ্ন বিরতিতে গেছেন তাঁরা। তখন ক্যারিবীয়দের স্কোর ৫০/২। বাংলাদেশের জন্যও সেটা খারাপ কি!
প্রথম সেশনটা তাই নিজেদের দাবি করতে পারে বাংলাদেশ। দ্বিতীয় সেশনটাও কি? এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবশ্য এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ ছিল না। তৃতীয় উইকেটে মিকাইলের সঙ্গে ১৩০ বলে ৫৯ রানের জুটি গড়ে হজ রানআউট হয়ে গেলেও ৬১ রান নিয়ে অপরাজিত ছিলেন মিকাইল লুইস। সঙ্গী আলিক আথানেজের রান ১১*।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২০ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে