Ajker Patrika

আমার মা বাংলাদেশি, এটা সত্য নয়—দাবি উইন্ডিজ ক্রিকেটারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ২০: ৫১
আমার মা বাংলাদেশি, এটা সত্য নয়—দাবি উইন্ডিজ ক্রিকেটারের
আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের চার সেঞ্চুরির দুটিই আমির জাঙ্গু তুলে নিয়েছেন বাংলাদেশের বিপক্ষে। ছবি: ক্রিকইনফো

সিলেটে আজ দ্বিতীয় দিনের খেলা শেষে আমির জাঙ্গু সংবাদ সম্মেলনে আসতেই একটা ব্যাপার নিয়ে আগ্রহ বেড়ে যায় সাংবাদিকদের। তাঁর শিকড় কি বাংলাদেশে—এই প্রশ্ন শুনে অবাকই হয়ে গেলেন জাঙ্গু। হাসতে হাসতেই উইন্ডিজের বাঁহাতি ব্যাটার দিলেন উত্তর।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল শুরু হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি তুলে ফেলেন জাঙ্গু। দারুণ এক শটে তিন অঙ্ক ছোঁয়ার পর আজ যোগ করলেন আরও কিছু রান। ১৩৩ রানের ইনিংস খেলে উইন্ডিজ বাঁহাতি ব্যাটার চলে আসেন ‘লাইমলাইটে’। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন, তখন প্রশ্ন আসে তাঁর মা বাংলাদেশি কি না। উত্তরে তিনি বলেন, ‘আমার মা বাংলাদেশি? না, এটা সত্য নয়।’

বাংলাদেশ যেন জাঙ্গুর প্রিয় প্রতিপক্ষ। আন্তর্জাতিক ক্রিকেটে চার সেঞ্চুরির দুটিই তাঁর বাংলাদেশের বিপক্ষে। এর আগে ২০২৪ সালে তিনি দলটির বিপক্ষে যে সেঞ্চুরি করেছিলেন, সেই ম্যাচ দিয়েই তাঁর ওয়ানডেতে অভিষেক হয়েছিল। এবার ২১২ বলে ১৩ চার ও ২ ছক্কায় ১৩৩ রানের ইনিংস খেলেছেন। চতুর্থ ও পঞ্চম উইকেটে কেভিন উইকহাম, জাস্টিন গ্রিভসের সঙ্গে দুটি সেঞ্চুরি গড়ে দলের বিপদের সময়ে অবদান রেখেছেন জাঙ্গু।

১৩৩ রানের ইনিংস খেলতে ৩০৮ মিনিট (৫ ঘণ্টা ৮ মিনিট) ব্যাটিং করেছেন জাঙ্গু। তবে থিতু হয়ে যাওয়ার পর হাসানের ভেতরে ঢোকা বল যেভাবে ছেড়ে দিয়ে জাঙ্গু আউট হয়েছেন, তা অবাক করার মতোই। উইন্ডিজের বাঁহাতি ব্যাটার এখানে কৃতিত্ব দিলেন হাসানকেই। জাঙ্গু সংবাদ সম্মেলনে বলেন, ‘সে (হাসান মাহমুদ) আসলে টানা একই জায়গায় বোলিং করে গিয়েছে। বল সিমিং আউট বা সিমিং ইন হচ্ছিল। বল পিচ করার পর মনে হয়েছিল যে সেটা বের হয়ে যাবে। তবে বলটা ভেতরে ঢুকেছে। হাসানকে এখানে কৃতিত্ব দিতেই হবে। কারণ, সে টানা একই জায়গায় বোলিং করে উইকেটও তুলেছে।’

গতকাল প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে কেভিন উইকহাম বাংলাদেশের বিপক্ষে ৪০০ রান করার আশাবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু ক্যারিবীয় এই অভিষিক্ত ব্যাটার যা আশা করেছিলেন, তা হয়নি। তাঁর প্রত্যাশার চেয়ে স্কোরবোর্ডে ৪৪ রান কম করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে স্কোরবোর্ডের অবস্থা যেমনই হোক, বাংলাদেশকে দ্রুত গুটিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছেন তিনি। জাঙ্গু বলেন, ‘২৫০ রানের নিচে তাদের আটকে দিতে চাই। উইকেট বেশ ভালোই। তাদের পেসাররা দারুণ বোলিং করে উইকেট তুলে নিয়েছে। তবে কোনো ব্যাটার সেট হলে তার উইকেট নেওয়া কঠিন। ক্রিকেট এমনই।’

সিলেটে এখন পর্যন্ত ১৩ উইকেটের ১১টিই পেসারদের। স্পিনারদের মধ্যে একমাত্র মেহেদী হাসান মিরাজ ২ উইকেট নিয়েছেন। বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ অন্য ৮ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। যাঁদের মধ্যে হাসান নিয়েছেন ৬ উইকেট আর তাসকিন আহমেদ ২ উইকেট। ক্যারিবীয় তিন পেসার সিলস, জোসেফ, গ্রিভস একটা করে উইকেট নিয়েছেন। ৩ উইকেটে ৮৮ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত