Ajker Patrika

কোন কোন ভেন্যুতে হবে বিশ্বকাপ, জানাল আইসিসি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১৭: ৫৯
কোন কোন ভেন্যুতে হবে বিশ্বকাপ, জানাল আইসিসি
আগামী বছরের অক্টোবর-নভেম্বরে তিন দেশের ১২ ভেন্যুতে হবে ওয়ানডে বিশ্বকাপ। ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো ১৪ মাস বাকি। তার আগেই বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তিন দেশের ১২ ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া মিলিয়ে ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে হবে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসি গতকাল নিজেদের ওয়েবসাইটে বিশ্বকাপের ১২ ভেন্যুর নাম চূড়ান্ত করেছে। যার মধ্যে আটটি দক্ষিণ আফ্রিকায়, জিম্বাবুয়েতে তিনটি ও নামিবিয়ার এক ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট।

জোহানেসবার্গের ওয়ান্ডার্স স্টেডিয়াম, সেঞ্চুরিয়ন, কেপটাউনের নিউল্যান্ডস, ডারবানের কিংসমিড, পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্ক, ব্লুমফন্টেইনের ম্যানগং ওভাল, পার্লের বোল্যান্ড পার্ক, ইস্ট লন্ডনের বাফেলো পার্ক—দক্ষিণ আফ্রিকার এই আট ভেন্যুতে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সিংহভাগ ম্যাচ হবে। জিম্বাবুয়ের দুই ঐতিহ্যবাহী স্টেডিয়াম হারারে স্পোর্টস ক্লাব ও বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবের সঙ্গে যুক্ত হলো ভিক্টোরিয়া ফলসের ফালে মোসি-ওয়া-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে গত বছরই ১০ হাজার আসনবিশিষ্ট ভিক্টোরিয়া ফলস স্টেডিয়াম বানানোর নির্মাণ পরিকল্পনা শুরু হয়। উইন্ডহোকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড তুলনামূলক নতুনই। গত বছরের মার্চ থেকে এ বছরের জুন পর্যন্ত ১৮টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এই মাঠে।

আইসিসি গতকাল নিজেদের ওয়েবসাইটে বিশ্বকাপের ভেন্যুর নাম ঘোষণা করতে গিয়ে ১ মিনিটের একটি ভিডিও বানিয়েছে। ‘দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় আসছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ’-এই শিরোনামের ভিডিওতে আফ্রিকা মহাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হয়েছে। সাদা মেঘের ভেতর দিয়ে উড়ে যাচ্ছে পাখি, বনে হাতিদের পদচারণা, ঝরণার সুমধুর শব্দ—সবই দেখানো হয়েছে। জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকার দর্শকেরা কতটা ক্রিকেট পাগল, সেটাও দেখা গেছে ভিডিওতে। নামিবিয়ার পতাকা হাতে দর্শকদেরও দেখা গেছে। আফ্রিকার স্থানীয় নৃত্য এবং তাদের পাড়া মহল্লার ক্রিকেটও দেখানো হয়েছে আইসিসির প্রকাশিত ভিডিওতে।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে ১৪ দল। বিশ্বের শীর্ষ ১৪টি দলকে স্বাগত জানাতে প্রস্তুত তিনটি স্বাগতিক দেশ। তিন দেশ, এক হৃৎস্পন্দন—এই স্লোগানের মাধ্যমে তারা বিশ্বকাপের ১৪ দলকে স্বাগত জানাতে প্রস্তুত। পুরো আয়োজনটি আফ্রিকার উবুন্তু দর্শনের চেতনায় অনুপ্রাণিত, যার অর্থ ‘আমি আছি, কারণ আমরা আছি।’ এই দর্শন মানবতা হিসেবে পারস্পরিক সহমর্মিতা, দয়া এবং একে অপরের সঙ্গে গভীর সংযোগের মাধ্যমে একটি বিশ্বাস স্থাপন করে।

জোহানেসবার্গে গতকাল এক অনুষ্ঠানে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যুর নাম চূড়ান্ত করা হয়েছে। অনুষ্ঠানে ছিলেন জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজার সঙ্গে ছিলেন দক্ষিণ আফ্রিকার দুই তারকা মাখায়া এনটিনি ও হাশিম আমলা এবং নামিবিয়ার রুডলফ ইয়ানসেন ফন ফুরেন। এই ফুরেন নামিবিয়ার চিকিৎসক। ক্রিকেটের পাশাপাশি রাগবিতেও সমান পারদর্শী। বিশ্বকাপের ভেন্যু ঘোষণার পর এক বিবৃতিতে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘এটি আইসিসি ২০২৭ বিশ্বকাপের পথে একটি রোমাঞ্চকর মাইলফলক। আয়োজক শহরগুলোর ঘোষণা এবং টুর্নামেন্টের ব্র্যান্ড উন্মোচন এমন একটি যাত্রার সূচনা, যা বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটভক্তদের একত্রিত করবে।’

দক্ষিণ আফ্রিকায় সবশেষ ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ২০০৩ সালে। ২০০৭ সালে হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে আইসিসির সবচেয়ে মর্যাদাপূর্ণ ইভেন্ট বলতে যা বোঝায়, সেই ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় ফিরছে ২৪ বছর পর। জয় শাহ বলেন, ‘২৪ বছর পর এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের আফ্রিকায় প্রত্যাবর্তন ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। আমরা নিশ্চিত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া একসঙ্গে একটি স্মরণীয় টুর্নামেন্টের আয়োজন করবে। যেখানে এই অঞ্চলের আন্তরিক আতিথেয়তা, ক্রিকেটের প্রতি আবেগ এবং সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য বিশ্ববাসীর সামনে অনন্যভাবে তুলে ধরা হবে। আমাদের খেলাধুলার সবচেয়ে বড় বৈশ্বিক আসরগুলোর একটি হচ্ছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। এই টুর্নামেন্ট ঘিরে উত্তেজনা ও রোমাঞ্চ আরও বাড়বে।’

২০১১ ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের মতো এবারও অংশ নেবে ১৪ দল। সেই দুইবার দুই গ্রুপে সাতটি করে দল খেলেছিল। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালের পর ফাইনাল—এভাবে হয়েছিল টুর্নামেন্ট। তবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সংস্করণ অনেকটা বদলেছে। আগামী বছরের অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া আইসিসির এই ইভেন্টে হবে ৫৪ ম্যাচ।

দক্ষিণ আফ্রিকা

  • ওয়ান্ডারার্স স্টেডিয়াম (জোহানেসবার্গ)
  • সেঞ্চুরিয়ন (শোয়ানে)
  • নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড (কেপটাউন)
  • কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড (ডারবান)
  • সেন্ট জর্জেস পার্ক (পোর্ট এলিজাবেথ)
  • ম্যানগং ওভাল (ব্লুমফন্টেইন)
  • বোল্যান্ড পার্ক (পার্ল)
  • বাফেলো পার্ক (ইস্ট লন্ডন)

জিম্বাবুয়ে

  • হারারে স্পোর্টস ক্লাব (হারারে)
  • কুইন্স স্পোর্টস ক্লাব (বুলাওয়েও)
  • ফালে মোসি-ওয়া-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (ভিক্টোরিয়া ফলস)

নামিবিয়া

  • নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড (উইন্ডহোক)
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত