
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে শাস্তি পেলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনারকে ১ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁর গাড়িতে ইন্টারলক ডিভাইস বসানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এপ্রিলে সিডনিতে ঘটে যাওয়া ওই ঘটনায় মঙ্গলবার ওয়েভারলি লোকাল কোর্টে হাজির হয়ে নিজের দোষ স্বীকার করেন ওয়ার্নার।
সামাজিক একটি অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরছিলেন ওয়ার্নার। পথে আকস্মিক শ্বাস পরীক্ষায় তাঁর রক্তে অ্যালকোহলের মাত্রা আইনগত সীমার দ্বিগুণেরও বেশি পাওয়া যায়। আদালতে জানানো হয়, ইস্টার সানডেতে রাস্তার পাশে মদ্যপান পরীক্ষা করার স্থান দেখতে পেয়ে গাড়ি থামান ওয়ার্নার। এরপর এক নারী যাত্রীর সঙ্গে আসন পরিবর্তনের চেষ্টাও করেছিলেন তিনি।
আদালতের নির্দেশ অনুযায়ী, ওয়ার্নারের গাড়িতে ইন্টারলক ডিভাইস বসাতে হবে। অ্যালকোহল শনাক্ত হলে এই ডিভাইস গাড়ির ইঞ্জিন চালু হতে দেবে না।
বিচারক ক্লেয়ার ফারনান বলেন, ‘আমি স্বীকার করছি, ওয়ার্নারের পুনরায় একই অপরাধ করার সম্ভাবনা কম। তবে দুঃখজনকভাবে, নিউ সাউথ ওয়েলসে অনেক সড়ক দুর্ঘটনার পেছনে এখনো মদ্যপ অবস্থায় গাড়ি চালানো একটি গুরুত্বপূর্ণ কারণ।’
গাড়িতে শিশু থাকায় ওয়ার্নারের অপরাধটি আরও গুরুতর হয়েছে বলেও উল্লেখ করেন বিচারক।
ওয়ার্নারের আইনজীবী অবশ্য তাঁকে দোষী সাব্যস্ত না করার আবেদন জানিয়েছিলেন। তাঁর যুক্তি ছিল, সংবাদমাধ্যমে ব্যাপক প্রচারের কারণে ওয়ার্নার ইতিমধ্যে অতিরিক্ত শাস্তির মুখে পড়েছেন এবং এতে তাঁর বাণিজ্যিক সুযোগও ক্ষতিগ্রস্ত হয়েছে।
২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়ার্নার এখন ফক্স স্পোর্টস অস্ট্রেলিয়ার ধারাভাষ্যকার। সম্প্রতি ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে ধারাভাষ্যকার হিসেবে দেখা গেছে তাঁকে। পাশাপাশি পাকিস্তান সুপার লিগের দল করাচি কিংস ও বিগ ব্যাশ লিগের সিডনি থান্ডারের অধিনায়কত্ব করছেন।
সিডনি থান্ডার নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণার অংশ। ওয়ার্নারের ঘটনা নিয়ে ক্রিকেট নিউ সাউথ ওয়েলস এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের সংগঠন নিরাপদ গাড়ি চালানোর পক্ষে শক্ত অবস্থান নেয়, যার মধ্যে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এড়িয়ে চলাও রয়েছে। নিরাপদে গাড়ি চালানোর গুরুত্ব সম্পর্কে সব খেলোয়াড়কে সচেতন করার বিষয়টিকে আমরা গুরুত্বের সঙ্গে নিয়ে থাকি।’

বাজে এক অভিজ্ঞতাই হলো বাংলাদেশ দলের। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়ের পর সফরকারীদের পুরো নজর এখন দ্বিতীয় টেস্টের দিকে। তার আগে অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতির মোকাবেলা করতে হলো নাজমুল হোসেন শান্তদের।
২২ মিনিট আগে
অস্ট্রেলিয়ার মাঠে এক টেস্ট জিতেই বাংলাদেশের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ইয়ান বিশপ-আকাশ চোপড়া, হার্শা ভোগলের মতো ক্রিকেট বিশেষজ্ঞরাও মনে করেন, ডারউইন টেস্ট জিতে ক্রিকেট বিশ্বকে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-মুমিনুল হকরা বিশেষ বার্তা দিয়েছেন। হাসান মাহমুদও যেন বিশপদের সুরে সুর মিলিয়েছেন।
১ ঘণ্টা আগে
ভারতীয় ফুটবলে বেশ কিছুদিন কাজ করেছেন, জিতেছেন শিরোপাও। এবার সেই অভিজ্ঞতা নিয়েই বাংলাদেশের ফুটবলে পা রাখছেন ফার্নান্দো সান্তিয়াগো ভারেলা। নতুন মৌসুমের জন্য আর্জেন্টিনায় জন্ম নেওয়া এই স্প্যানিশ কোচকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনার সমালোচনা করে চাকরি হারালেন সংস্থাটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কেভিন লামুর। ১৭ আগস্ট ফিফা ও লামুরের সম্পর্ক শেষ হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে