সাপ দিয়ে নতুন চুক্তির ঘোষণা দিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড

চোটের কারণে আর্জেন্টিনা দলের বাইরে রয়েছেন লাওতারো মার্তিনেস। পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে থাকা অবস্থাতেই নতুন চুক্তির ঘোষণা দিয়েছেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড। তবে চুক্তির খবর জানানোর ধরনে ছিল ভিন্নতা। একটি সাপকে প্রতীক হিসেবে ব্যবহার করে তৈরি ভিডিওতে দিয়েছেন নতুন চুক্তির ঘোষণা।
বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। চোটের কারণে সে ম্যাচ দুটির দলে মার্তিনেসকে রাখেননি লিওনেল স্কালোনি। জাতীয় দলের বাইরে থাকলেও সামাজিক মাধ্যমে নতুন চুক্তির খবর জানিয়েছেন তিনি।
চুক্তির ঘোষণা দিয়ে মার্তিনেস লিখেছেন, ‘একটি পরিচয় সময়ের সঙ্গে গড়ে ওঠে। প্রতিটি পদক্ষেপে তা আরও শক্তিশালী হয় এবং প্রতিটি খুঁটিনাটিতে তা চেনা যায়।’ এরপর তিনি যোগ করেন, ‘আগের মতোই আমার নিজস্ব সত্তা।’
প্রকাশিত ভিডিওর শুরুতে দেখা যায়, ২০২২ সালে কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ট্রফি। এরপর আসে ইন্টার মিলানের অধিনায়কের আর্মব্যান্ড এবং সিরি’আ জয়ের একটি ট্রফির দৃশ্য।
ভিডিওর পরের অংশে দেখা যায় একটি সাপ। সেটি এগিয়ে যায় একটি ডেস্কের ওপর দিয়ে। সেখানে রাখা ছিল ইন্টারের জার্সিতে মার্তিনেসের কয়েকটি ছবি, পেনসিল, সেট স্কয়ার ও একটি ডায়েরি। শেষ পর্যন্ত সাপটি রূপ নেয় একটি কলমে। সেই কলম দিয়েই নতুন চুক্তিতে স্বাক্ষর করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ভিডিওর শেষ অংশে দেখানো হয় ইন্টার মিলানের হয়ে তাঁর কয়েকটি মুহূর্ত।
গত ১৩ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের বিপক্ষে ম্যাচে বাঁ উরুর ফ্লেক্সর পেশিতে চোট পান লাওতারো। ওই ম্যাচে জোড়া গোল করলেও ৪-৩ ব্যবধানে হারে ইন্টার মিলান। পরীক্ষায় তাঁর পেশিতে টান ধরা পড়ার পর সুস্থ হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে বলে জানানো হয়।
চোটের কারণে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে মার্তিনেসের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত তাঁকে ছাড়াই দল ঘোষণা করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।









