রেস্তোরাঁর খোঁজ দেওয়ায় দুই কিশোরকে হেডফোন দিলেন ইয়ামাল

চোটের কারণে নেশনস লিগে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না লামিনে ইয়ামালের। তারকা উইঙ্গার সময়টা পার করছেন ছুটির আমেজেই। এরই মধ্যে তাঁর উদারতার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
ওই ভিডিওতে দেখা যায়, একটি নিরিবিলি রাস্তায় দুজন কিশোরকে দেখে হঠাৎ গাড়ি থামান ইয়ামাল। এরপর ওই দুই কিশোরকে কাছে ডেকে রেস্তোরাঁর খোঁজ জানতে। রেস্তোরাঁর খোঁজ জানার পর দুটি আলাদা প্যাকেটে থাকা হেডফোন ওই দুই কিশোরকে উপহার দেন ইয়ামাল।
উপহার দেওয়ার সময় ইয়ামাল বলেন, ‘তোমাদের অনেক ধন্যবাদ। তথ্য দেওয়ার বিনিময়ে তোমাদের এই হেডফোনগুলো উপহার দিলাম।’
ইয়ামালের মতো তারকা ফুটবলারের কাছ থেকে উপহার পেয়ে স্বাভাবিকভাবেই বেশ খুশি হন এই দুই কিশোর। সবশেষ বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে সেলফিবন্দি হন তারা।
এর আগে স্পেন বিশ্বকাপ জিতলে ১০০ জোড়া বিটস হেডফোন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইয়ামাল। দুই কিশোরকে হেডফোন উপহার দেওয়ার ঘটনাটি সেই প্রতিশ্রুতির কথাও নতুন করে সামনে এনেছে।
লা লিগায় নিজেদের সবশেষ ম্যাচে গত ৯ নভেম্বর আতলেতিকো মাদ্রিদের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে বার্সা। জালের দেখা না পেলেও দলের জয়ে একটি অ্যাসিস্ট করেন ইয়ামাল। সেই ম্যাচেই ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করেন আক্রমণভাগের এই ফুটবলার। এরপরও খেলেছেন পুরো ৯০ মিনিট।
ম্যাচ শেষে ইয়ামালের শারীরিক অবস্থা পরীক্ষা করেন চিকিৎসকেরা। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) জানিয়েছে, ডান হাঁটুতে চোট পেয়েছেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড। আপাতত বার্সায় থেকে চিকিৎসা ও পুনর্বাসন চালিয়ে যাবেন তিনি। তবে আগামী রোববার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে তিনি স্পেন দলে যোগ দিতে পারবেন বলে আশা করা হচ্ছে।









