দক্ষিণ আফ্রিকা সফরের আগে ব্যাটিং কোচ পেল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন দেশটির সাবেক অলরাউন্ডার ডেল বেনকেনস্টাইন। আসন্ন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তাঁকে এই দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১৬ হাজার রান করেছেন বেনকেনস্টাইন। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ২৩টি ওয়ানডে। বর্তমানে তিনি ডারহাম কাউন্টি ক্রিকেট ক্লাবের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ ছিলেন বেনকেনস্টাইন। ইংলিশ কাউন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লুচেস্টারশায়ারের মতো দলেও কোচিং করিয়েছেন তিনি। নিজ দেশ দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।









